বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ
ads

কুষ্টিয়া প্রতিনিধি
বিজিবির কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও চৌকস টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ওই চার অজ্ঞাত পরিচয় পুরুষকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতের এ সীমান্ত রক্ষীবাহিনী। 
বৃহস্পতিবার রাত ২টার দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন গাংনীর রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা শনাক্ত হওয়ার পরপরই সতর্ক অবস্থান নেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত তৎপরতা এবং টহল দলের পেশাদারিত্বপূর্ণ ভূমিকার কারণে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়। পরে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনা ও কার্যকর উদ্যোগে বিএসএফের সাথে যোগাযোগ এবং সীমান্তে দৃঢ় অবস্থান বজায় রাখা হয়।