৫৬ লাখ টনে বাম্পার ফলন ৬২ লাখে কেন সঙ্কট
ads

সরকার মাজহারুল মান্নান রংপুর ব্যুরো

গত ১০ বছর প্রতি মৌসুমে ৫৬ লাখ মেট্রিক টন সার দিয়েই দেশে বাম্পার ফলন হয়েছে। অথচ এবার ৬২ লাখ মেট্রিক টন সার বরাদ্দের পরও কৃষকরা সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। তাহলে বাড়তি সার গেল কোথায়, সঙ্কটই বা কেন-মাঠপর্যায়ের কর্মকর্তা ও ডিলারদের কাছে এমন প্রশ্ন তুলেছেন কৃষিসচিব সেলিম খান। একই সাথে সারের কৃত্রিম সঙ্কট তৈরির পেছনে সিন্ডিকেটের অপতৎপরতার অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনাবিষয়ক সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতা ও ডিলারদের উদ্দেশে এসব প্রশ্ন তোলেন কৃষিসচিব।
সভায় কৃষিসচিব বলেন, গত ১০ বছর যদি ৫৬ লাখ মেট্রিক টন সার দিয়ে বাংলাদেশে বাম্পার ফলন হয়ে থাকে, যা আপনারা বলে থাকেন, তাহলে এ বছর কেন ৫৮ লাখ টন সার দেয়ার পরে এবং আরো সাড়ে চার লাখ টন রিভিউ করে ৬২ লাখ মেট্রিক টন সার দেয়ার পরও আমাদের শুনতে হবে যে সার নেই বা কৃষক পর্যাপ্ত সার পাচ্ছেন না? কেন শুনতে হবে? এমন কী হলো যে বর্তমান সরকার আসার পরই গত আট মাসে এত পরিমাণ সারের চাহিদা বেড়ে গেল? আগে কি ভুট্টা চাষ হতো না? আগে কি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সার লাগত না? তিনি বলেন, আমরা দেখেছি, অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে ব্যাকফুটে ফেলার জন্য কিছু প্রোপাগান্ডা, কিছু অপপ্রচার এবং কিছু সিন্ডিকেট চেষ্টা করছে। সিন্ডিকেটকে সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। সিন্ডিকেট ভেঙে খানখান করে দেব। সারের কোনো ধরনের কারসাজি আমরা সহ্য করব না।’
ঘোষণা দিয়ে নয়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিলার পয়েন্ট খোলা রেখে কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন কৃষিসচিব। ডিলারদের উদ্দেশে তিনি বলেন, ‘কেন সার বিতরণের ব্যবস্থায় ঘোষণা দিয়ে করতে হবে যে আগামীকাল এই পয়েন্টে এত পরিমাণ সার যাবে? আমি বলে যাচ্ছি, আপনারা সার ডিলাররা একটু ভালো করে শুনে রাখেন। সারের ডিলার পয়েন্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। আমরা প্রতিদিন খোঁজখবর নেব যে কৃষক সারাদিন যখন ইচ্ছা তখন সার নিতে পারছেন কি না। এটা আপনাদের নিশ্চিত করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিলার পয়েন্ট খোলা রাখতে হবে।’
তিনি আরো বলেন, আমরা ডিলারদের কোনো বিভাজন টানতে চাই না। আমরা দেখতে চাই, কৃষকের কাছে সঠিক সময়ে সঠিক মূল্যে সার পৌঁছেছে কি না। সরকারের সার আছে, বরাদ্দ দিয়েছে, কিন্তু কৃষকের কাছে পৌঁছায়নি- সেটা হলে ফলাফল জিরো। সরকারের সব পরিশ্রম বৃথা যাবে। তাই ডিলাররা সজাগ থাকুন। ব্যত্যয় হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কৃষকের কাছে যথাসময়ে ও সঠিক মূল্যে সার পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন কৃষিসচিব। তিনি বলেন, ‘কৃষকের কাছে যথাসময়ে এবং সঠিক মূল্যে সার পৌঁছানোর ক্ষেত্রে যদি আমরা কারো গাফিলতি পাই, সে হোক আমার কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা কিংবা কোনো ডিলার- আমরা কোনোভাবেই ছাড় দেব না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
সারের চাহিদা নির্ধারণে মাঠপর্যায়ে কৃষি বিভাগের তথ্যগত ত্রুটি রয়েছে উল্লেখ করে কৃষিসচিব বলেন, কৃষকের যতটুকু সার প্রয়োজন, ততটুকুই দেয়া হবে; এর বেশি নয়। মাঠপর্যায়ে সারের চাহিদা নির্ধারণের ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, এবার সারের চাহিদা নির্ধারণের ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন পোলট্রি, ডেইরি, ফলবাগান ও চা বাগান বাদ না পড়ে। সারের সঠিক চাহিদা দিতে হবে। অনেকেই যেভাবে চাহিদা পাঠান, তা সঠিকভাবে হয় না।
জমিতে পরিমিত সার প্রয়োগে কৃষকদের উৎসাহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদও দেন কৃষিসচিব। তিনি বলেন, জমির উর্বরতা কমে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। পরিবহনের বিষয়টি দেখা হবে। পাশাপাশি অপরিমিত সার ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ সময় রংপুর বিভাগে নতুন নিয়োগ পাওয়া ৫১৩ জন সার ডিলারের সাথে ডিসেম্বরের মধ্যেই চুক্তিপত্র সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন কৃষিসচিব। এ ছাড়া ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জন্য বরাদ্দ করা সার উত্তোলনে জটিলতা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।
বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় কৃষি অধিদফতরের মহাপরিচালক, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, এসআরবি ও বিজিবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উন্মুক্ত আলোচনায় সারের সঙ্কট না থাকলেও কৃত্রিম সঙ্কট তৈরির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।