ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি এবি পার্টির
ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি এবি পার্টির।
ads

 নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন এবং আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সাথে জাতীয় ঐক্য নষ্টের কারণ চিহ্নিত করে সংশ্লিষ্টদের আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্দিষ্ট তারিখ সামনে রেখে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরনো অভ্যাস। দলটির রাজনৈতিক ইতিহাসে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ঘটনা রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে। প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত তৎকালীন সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, জাতীয় ঐক্যের কথা বারবার বলা হচ্ছে। কিন্তু আগে যে জাতীয় ঐক্য ছিল, তা কেন নষ্ট হলো, সেটিও খতিয়ে দেখতে হবে। ৩১ দফার সাথে বরখেলাপ, বেগম খালেদা জিয়ার দেয়া ওয়াদা রক্ষা না করা, জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ভঙ্গের পাশাপাশি গণভোটের রায়কেও উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, এবি পার্টি তাকে স্বাগত জানায়। তবে যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জাতীয় ঐক্য নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। নিজেদের আত্মসমালোচনা করতে হবে। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলা, পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেয়ার মতো ঘটনা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। অথচ পুলিশ হত্যা নিয়ে আওয়ামী লীগকে মায়াকান্না করতে দেখা যায়। 
দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন দলের শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সামিউল ইসলাম সবুজ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও রিপন মাহমুদ, সহকারী দফতর সম্পাদক মশিউর রহমান মিলু, সহসাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, নরসিংদীর সমন্বয়ক কাজল মিয়া, এবি পেশাজীবী কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ, মিরপুর মডেল থানার আহ্বায়ক মনিরুজ্জামান এবং বরিশালের নেতা জাকির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।