নারী নির্যাতনের শিকারদের প্রথম প্রয়োজন নিরাপদ আশ্রয় ও সহানুভূতি
জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী-প্রয়াস আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন ডা. দিলারা চৌধুরী : নয়া দিগন্ত।
ads

 নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতনের শিকার অনেকেই শুরুতে আইনি পদক্ষেপ নিতে চান না। তারা চান, কেউ তাদের কথা শুনুক, বুঝুক, বিশ্বাস করুক এবং পাশে দাঁড়াক। তাই অনেক ক্ষেত্রে তাদের প্রথম প্রয়োজন বিচারিক প্রক্রিয়া নয়, বরং নিরাপদ আশ্রয় ও সহানুভূতিশীল মানুষ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, নারী নির্যাতনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, অধিকাংশ ক্ষেত্রেই নির্যাতনকারীরা নারীর পরিচিত ও আপনজন। নিরাপদ সমাজ শুধু আইন দিয়ে গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দায়িত্বশীল মানুষ, সহানুভূতিশীল পরিবার এবং সচেতন কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা।
সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী প্রফেসর ড. শামীমা তাসনীমের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী।
এতে আরো বক্তব্য দেন সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নাজমুন নাহার নীলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের লেকচারার সানেমুন ফাতেমা ক্যামেলিয়া, শিক্ষক জান্নাতুল কারীম সুইটি ও সুমাইয়া রাবেয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও স্মৃতিস্মারক উপহার দেয়া হয়।