
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব:) মো: ওয়াহিদ-উজ-জামান গত ১৫ নভেম্বর সরকার তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে। ওই নিয়োগ আদেশের প্রেক্ষিতে ১৮ নভেম্বর তিনি বিটিআরসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামরিক বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনা সদর দফতরের আইটি পরিদফতরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিটিআরসিতেও তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসঙ্ঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার দেশে-বিদেশে তিনটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এর মধ্যে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি বিষয়ে স্বর্ণপদকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স, ওয়ার কোর্স এবং আর্মি স্টাফ কোর্সও সম্পন্ন করেছেন।
তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে তার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নিরাপদ যোগাযোগব্যবস্থা ও সফটওয়্যার উন্নয়ন, গওঝঞ-এ ‘সাইবার জিম’ প্রতিষ্ঠা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সাইবার নিরাপত্তাবিষয়ক নীতিমালা প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাবাহিনী পদক’ এবং দুইবার ‘বিশিষ্ট সেবা পদক’ অর্জন করেন।
তার নেতৃত্বে বিটিআরসির কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে এবং দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা জোরদার, টেলিযোগাযোগ সেবার মানোন্নয়ন ও গ্রাহকস্বার্থ সংরক্ষণে কমিশনের উদ্যোগ আরো বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









