চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্পটে জামায়াতের বিক্ষোভ মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল : নয়া দিগন্ত।
ads

চট্টগ্রাম ব্যুরো

দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাওপোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। গতকাল শুক্রবার সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
বহদ্দারহাট : বাদ জুমা বহদ্দারহাট থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার বলেন, যারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছেন, তাদের বাড়িঘর আমাদের চেনা আছে। বেশি বাড়াবাড়ি করবেন না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, জুলাইযোদ্ধারা এখনো ঘরে ফিরে যায়নি। তরুণরা রাজপথেই আছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে তারাই যথেষ্ট। জনগণের প্রাণের দাবি মেনে নিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। অন্যথায় আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদবিরোধীদের গণপ্রতিরোধের মুখে আপনাদেরও দেশ ছাড়তে হতে পারে।
পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলটি পরিচালনা করেন বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল। আরো বক্তব্য রাখেন- চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জসিম উদ্দীন, জুলাই বিপ্লবের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক মোহাম্মদ আলী ও নগর জুলাই সংগঠক রিয়াদ হাসানসহ নেতৃবৃন্দ।
ডবলমুরিং থানা : বেলা ১১টায় হালিশহরের ওয়াপদা মোড়ের প্রিন্স অব চিটাগাংয়ের সামনে থেকে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। থানা জামায়াতের আমির ফারুকে আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
এতে আরো বক্তব্য রাখেন- থানা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইমরানুল হক, ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুর রহিম মোল্লা, ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহিম, আব্দুল কাদের, জামায়াত নেতা হাফেজ আবু তাহের প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেও তারা ক্ষান্ত হয়নি। নতুন করে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। সাধারণ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষের জানমাল ও নিরাপত্তা বিপন্ন করা হচ্ছে। এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। 
ইপিজেড ও বন্দর থানা : গতকাল বাদ জুমা বন্দরটিলা আলী শাহ মসজিদ মোড় থেকে ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফ্রি-পোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস ও জ্বালাওপোড়াওয়ের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা হয়তো মনে করছে, এভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে। আমরা চাই, সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের ঘোষিত রায় দ্রুত কার্যকর করা হোক এবং দেশকে কলঙ্কমুক্ত করা হোক।
ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররমের সভাপতিত্বে এবং থানা বিএম সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমির ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর থানা আমির মাহমুদুল আলম, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, পতেঙ্গা থানা সেক্রেটারি মো: বেলাল ও ৪০ নম্বর ওয়ার্ড আমির মো: ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
একই কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালি এলাকায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমির হোসাইন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। কর্মসূচি সঞ্চালনা করেন মোস্তাক আহমদ।
এতে বক্তব্য রাখেন- কোতোয়ালি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আ ন ম জোবায়ের, সদরঘাট থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলে এলাহি শাহীন, কোতোয়ালি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুল ইসলাম এবং কোতোয়ালি দক্ষিণ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বখতিয়ার ফাহিম। বিক্ষোভ মিছিল ও সমাবেশগুলোতে বক্তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ ছাড়া জুমার নামাজের পর নগরীর সাগরিকা মোড় থেকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।