জাতিসঙ্ঘের সহায়তা কমছে, বিশ্বজুড়ে খাদ্য সঙ্কটের আশঙ্কা
ads

রয়টার্স
তহবিল সঙ্কটের কারণে আগামী বছর বিশ্বজুড়ে খাদ্য সহায়তার লক্ষ্যমাত্রা কমানোর ঘোষণা দিয়েছে জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গতকাল শুক্রবার জেনেভায় সংস্থাটি জানায়, ২০২৭ সালে ৯ কোটি ১০ লাখ মানুষকে সহায়তা দিতে তারা এক হাজার ২০০ কোটি (১২ বিলিয়ন) ডলারের তহবিল আবেদন জানিয়েছে। চলতি ২০২৬ সালে সংস্থাটির লক্ষ্যমাত্রা ছিল ১১ কোটি মানুষ। ইউক্রেন যুদ্ধের পর সৃষ্ট পরিস্থিতির মতো আরেকটি ভয়াবহ বৈশ্বিক খাদ্য সঙ্কটের সতর্কবার্তার মধ্যেই এই কাটছাঁটের সিদ্ধান্ত নেয়া হলো।
বর্তমানে বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র ক্ষুধা ও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা ডব্লিউএফপির নতুন লক্ষ্যমাত্রার প্রায় তিন গুণ। ইরান সঙ্ঘাতের জেরে খাদ্য ও জাহাজ পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং শক্তিশালী জলবায়ু প্রভাব ‘এল নিনোর’ কারণে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ায় যুদ্ধবিধ্বস্ত সুদানের মতো দেশগুলোতে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে।
গত মাস থেকে যুক্তরাষ্ট্রের লুক লিন্ডবার্গের নেতৃত্বে পরিচালিত ডব্লিউএফপির পরিচালক লরা টার্নার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তহবিলের ঘাটতি আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।’ তিনি জানান, ২০২৬ সালের জন্য চাওয়া এক হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) ডলারের তহবিলের মাত্র অর্ধেক পাওয়া গেছে।