ইউক্রেনের ন্যাটোসদৃশ নিরাপত্তা নিয়ে রাশিয়া স্বাচ্ছন্দ্য : কুশনার
ইউক্রেনের ন্যাটোসদৃশ নিরাপত্তা নিয়ে রাশিয়া স্বাচ্ছন্দ্য : কুশনার।
ads

আলজাজিরা
যুদ্ধোত্তর ইউক্রেনের জন্য ন্যাটোর (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা) আদলে নিরাপত্তা নিশ্চয়তার নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এবং এ ধারণায় রাশিয়া ‘স্বচ্ছন্দ’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনার। তবে মস্কোর বক্তব্য ও সামরিক বিশ্লেষকদের মূল্যায়নে এই দাবি নিয়ে বড় ধরনের সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের এক বৈঠকে কুশনার এ কথা বলেন। এর কয়েক ঘণ্টা আগেই চীনের শেনজেনে ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে পুতিন রাশিয়ায় ইউক্রেনের হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেন।
বার্লিন বৈঠকে প্রায় ৪০টি দেশের জোটের সামনে কুশনার ও আরেক মার্কিন দূত স্টিভ উইটকফ জানান, যুদ্ধ শেষ করতে ইউরোপকে পাশে রেখেই চুক্তি করতে চায় ওয়াশিংটন এবং শেনঝেনে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। কুশনার বলেন, ইউক্রেনের যেকোনো নিরাপত্তা নিশ্চয়তা ন্যাটোর ৫ নম্বর ধারা বা আর্টিকেল ফাইভের (এক সদস্য আক্রান্ত হলে সব সদস্য আক্রান্ত বলে গণ্য হওয়া) ভিত্তিতে হলে তাতে রাশিয়াকে স্বচ্ছন্দ অবস্থানে নেয়া গেছে বলে তিনি মনে করেন। এ বিষয়ে ট্রাম্পের অবস্থান ‘খোলামেলা’ হলেও এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে ও বৃহত্তর নিরাপত্তা প্যাকেজের অংশ হতে হবে বলে জানান কুশনার। আবুধাবিতে সাম্প্রতিক শান্তি আলোচনায় বড় অগ্রগতি না হওয়ার পর ট্রাম্প বার্লিন বৈঠকেও ফোন করেন।
ন্যাটোর ১৯৪৯ সালে গঠিত আর্টিকেল ফাইভ অনুযায়ী, কোনো সদস্য সশস্ত্র হামলার শিকার হলে অন্য সদস্যরা প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকে। তবে এটি স্বয়ংক্রিয় নয়; নর্থ আটলান্টিক কাউন্সিলের বৈঠক ও সর্বসম্মত রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন হয় এবং সামরিক পদক্ষেপ বাধ্যতামূলক নয়। ইতিহাসে কেবল ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এটি একবার সক্রিয় হয়েছিল।
এ দিকে বার্লিন বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি নতুন করে বিবেচনার কথা বললে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, কিয়েভের কোনো ধরনের ‘আধা সদস্যপদ’ মস্কো মেনে নেবে না।