
- যন্ত্রাংশ ও জ্বালানি সঙ্কটে ধুঁকছে গাজা সিভিল ডিফেন্স
- বৃষ্টিতে ভবন ধসের শঙ্কা, উদ্ধার তৎপরতায় হিমশিম
গাজা সিভিল ডিফেন্সের ৮৫ ভাগের বেশি যানবাহন অচল হয়ে পড়ায় উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। গাজা শহরের সিভিল ডিফেন্সের পরিচালক রায়েদ আল-দাহশান জানান, বর্তমানে পুরো অঞ্চলে মাত্র প্রায় ১৫ শতাংশ যানবাহন সচল রয়েছে।
গত ৩ নভেম্বর আল-কাত্তান সেন্টারের কাছে ইসরায়েলি হামলার পর সিভিল ডিফেন্সের মাঠ কর্মকর্তা আবদুল্লাহ আল-মাজদালাউয়ি ও তার দলকে দমকলের গাড়ি ছাড়াই সরঞ্জাম কাঁধে নিয়ে হেঁটে ঘটনাস্থলে ছুটতে হয়, কারণ গাড়িটি অচল ছিল। প্রায় ১০ মিনিটে তারা পৌঁছে আহতদের উদ্ধার ও একজনের লাশ সরান। গত মাসে দক্ষিণ গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলার সময়ও উদ্ধারযান বিকল হওয়ায় পৌঁছাতে দেরি হয় এবং হতাহতের ঘটনা ঘটে। ২০২৪ সালে এক অভিযানে তারা গাধার গাড়িতে করে যাতায়াত করতে বাধ্য হয়েছিলেন।
গাজা গভর্নরেটের একমাত্র বিশেষায়িত উদ্ধারযান, ২০ বছরের পুরনো টয়োটা হিল্যাক্স পিকআপ ট্রাকটি কয়েক সপ্তাহ ধরে অচল হয়ে পড়ে আছে। পাওয়ার স্টিয়ারিং পাম্প, টায়ার, টার্বো ব্যবস্থা ও বাতির ত্রুটি থাকলেও যন্ত্রাংশের সঙ্কট ও চড়া দামের কারণে তা সারানো যাচ্ছে না। মাজদালাউয়ি জানান, আগে টায়ার মেরামতে ময়দার তাল পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এখন বড় দমকলের গাড়ি দিয়ে কাজ চালাতে হচ্ছে, যা তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে ভরা সরু রাস্তায় চালানো কঠিন।
রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আবদ আল-ফাত্তাহ আল-নিমরা বলেন, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে যন্ত্রাংশ ও ইঞ্জিন তেলের প্রবেশে বাধা থাকায় মেরামত কঠিন হয়ে পড়েছে। বিকল্প বা অস্থায়ী জোড়াতালি দিয়ে গাড়ি চালানো হলেও তা মূল যন্ত্রাংশের মতো নির্ভরযোগ্য নয়। অনেক গাড়ি ১৯৯৪ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের সময় থেকে ব্যবহৃত হচ্ছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে ১৫ থেকে ২০ বছরেই সামনের সারির দমকলের গাড়ি বদলানো উচিত।
জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর (ওসিএইচএ) গত ১ মে এক প্রতিবেদনে সতর্ক করেছিল যে ইঞ্জিন তেল, যন্ত্রাংশ ও ধ্বংসস্তূপ সরানোর যন্ত্রপাতির ঘাটতিতে যানবাহন, জেনারেটর ও মানবিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ দিকে শীত শুরু হওয়ায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার আশঙ্কা বাড়ছে। নভেম্বরের শুরুতে প্রবল বৃষ্টিতে ভবন ধস ও বাস্তুচ্যুতদের শিবিরে জলাবদ্ধতা দেখা দিলেও সীমিত সামর্থ্যরে কারণে সিভিল ডিফেন্স অল্প কিছু জরুরি কলের সাড়া দিতে পেরেছে; বাকিদের ফোনে পরামর্শ দেয়া হয়েছে।
দাহশান জানান, যুদ্ধে সিভিল ডিফেন্সের ১৪০ জনের বেশি কর্মী নিহত হয়েছেন এবং পাঁচ গভর্নরেটে এক হাজারের কম কর্মী সীমিত সুবিধা ও অনিয়মিত বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন। জেনেভা কনভেনশনের প্রথম অতিরিক্ত প্রটোকলের ৬২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বেসামরিক সিভিল ডিফেন্স সংস্থা ও কর্মীদের সুরক্ষা পাওয়ার কথা। দ্রুত সহায়তা না মিললে জরুরি সাড়া দেয়ার সক্ষমতাই হারিয়ে ফেলার শঙ্কা প্রকাশ করে দাহশান বলেন, বিশ্ব যুদ্ধ থামাতে না পারলেও অন্তত আহতদের বাঁচাতে উদ্ধারকাজে সহায়তা করুক। মাজদালাউয়ির ভাষায়, তাদের চাহিদা সামান্যই- সচল গাড়ি, যন্ত্রাংশ, টায়ার, ইঞ্জিন তেল ও জ্বালানি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









