
আলজাজিরা
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে গেছেন। গতকাল শুক্রবার পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক নয়াদিল্লিতে পৌঁছান। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তিন দিনব্যাপী প্রথম ‘সভ্যতাগত সংলাপ ফোরামে’ যোগ দিতে তার এই সফর। শুক্রবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোরামটি উদ্বোধন করবেন এবং শনিবার মুসাদিক মালিকের বক্তব্য দেয়ার কথা রয়েছে।
উভয় দেশই এই সফরকে কেবল বহুপক্ষীয় ফোরামের নিয়মিত অংশগ্রহণ হিসেবে উল্লেখ করেছে এবং কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেয়া হয়নি। এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি গোয়ায় এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যমের দাবি, নয়াদিল্লি পাকিস্তানের ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানালেও ইসলামাবাদ জলবায়ু পরিবর্তনমন্ত্রীকে পাঠিয়েছে। এ বিষয়ে ইসলামাবাদভিত্তিক ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের (আইআরএস) সভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব জওহর সেলিম বলেন, আমন্ত্রিত রাষ্ট্র কাকে প্রতিনিধি হিসেবে পাঠাবে তা তাদের নিজস্ব এখতিয়ার। সাবেক পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খানের মতে, নিজস্ব পছন্দের মন্ত্রী পাঠিয়ে পাকিস্তান দেখিয়েছে যে তারা ভারতের সাজানো ছকে পা না দিয়েই এসসিওর সক্রিয় সদস্য হিসেবে অংশ নিচ্ছে। পাশাপাশি আগামী বছর আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠেয় এসসিও শীর্ষ সম্মেলনে মোদির অংশগ্রহণের পথও কিছুটা উন্মুক্ত রাখার বার্তা এটি। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর পাকিস্তান এসসিওর ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব নিয়েছে এবং ২০২৭ সালের আগস্টে দেশ দুটির স্বাধীনতার ৮০ বছর পূর্তির মাসে ইসলামাবাদে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অন্য দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রচলিত রীতি অনুযায়ী এসসিওর সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ২৬ বেসামরিক নাগরিক নিহতের ঘটনার পর ভারতের নেওয়া পাকিস্তান নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে আসছে। ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার সালমান বশির মনে করেন, এসসিও কেবল সৌজন্য বজায় রাখার একটি সুযোগ, একে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ ভাবা ঠিক হবে না।
পেহেলগাম হামলার পর থেকে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রেখেছে। গত ৩১ আগস্ট হেগের সালিশি আদালত একতরফাভাবে চুক্তি স্থগিত না করার রায় দিলেও ভারত ওই আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করে। এ ছাড়া সেপ্টেম্বরে আরব সাগরে দুই দেশের নৌবাহিনীর জাহাজের সংঘর্ষের পর নয়াদিল্লি পাকিস্তানি কূটনীতিককে তলব করেছিল। ২০১৯ সাল থেকেই দেশ দু’টির রাজধানীতে একে অপরের কোনো হাইকমিশনার নেই। তবে হিন্দুস্তান টাইমসের পররাষ্ট্রবিষয়ক সম্পাদক রেজাউল হাসান লস্কর জানান, সরকারি পর্যায়ে সম্পর্ক স্থবির থাকলেও গত বছরের সঙ্ঘাতের পর থেকে আধা-সরকারি ও বেসরকারি পর্যায়ে (ট্র্যাক ১.৫ ও ট্র্যাক ২) যোগাযোগ অব্যাহত রয়েছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান নুরুদ্দিনের মতে, আগামী আগস্টে মোদির ইসলামাবাদ যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়া না গেলেও তা নিয়ে এখনই বাজি ধরা কঠিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









