সব নারীর ক্যান্সার নির্ণয়ের সুযোগ নিশ্চিত করতে হবে : ডা. জুবাইদা রহমান
বাংলাদেশ আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে ডা. জুবাইদা রহমানসহ অতিথিদের সাথে অংশগ্রহণকারীরা : নয়া দিগন্ত।

 

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সব নারীর ক্যান্সার নির্ণয়ের সুযোগ নিশ্চিত করতে হবে, কাউকে বাদ দেয়া যাবে না। গতকাল  রাজধানীর রেডিসন ওয়াটার ব্লু হোটেলে ১১তম বাংলাদেশ আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, সবার স্বাস্থ্যই অগ্রাধিকার। শুরুতে শনাক্ত হলে ক্যান্সার থেকেও সেরে ওঠা যায়। সে কারণে দ্রুত রোগ শনাক্তকরণ, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং এড়ানো সম্ভব এমন দুর্ভোগ কমিয়ে আনতে হবে। কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন। সময়মতো চিকিৎসা রোগের পরিণতি বদলে দিতে পারে। তাই শহর ও গ্রামের সব নারীর জন্য ক্যান্সার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে পড়ুয়া ও বিদ্যালয়ের বাইরে থাকা সব মেয়েকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে।
ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সাফল্য পরিমাপের বিষয়ে তিনি বলেন, কতজন মেয়েকে টিকা দেয়া হলো, কতজন নারী স্ক্রিনিংয়ের আওতায় এলেন, কতজনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলো, কতজন সময়মতো চিকিৎসা পেলেন এবং কতটি পরিবার অসহনীয় চিকিৎসা ব্যয়ের চাপ থেকে সুরা পেলÑ এসব বিষয়কে সাফল্যের মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি আরো বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিটি মেয়ে ও নারীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার মাধ্যমে বাংলাদেশে ক্যান্সার মোকাবেলায় আরো অগ্রগতি সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, ক্যানসার চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি রেডিওথেরাপি চিকিৎসার সমতা বাড়াতে শিগগিরই আরো আটটি যন্ত্র কেনা হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে রোগীদের বাড়ির কাছাকাছি উন্নত চিকিৎসা পৌঁছে দিতে চায় সরকার। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অনকোলজি কাব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. এ এম এম শরিফুল আলম বলেন, বৈজ্ঞানিক কমিটির সদস্য সচিব ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ৪০ জন বিদেশী বিশেষজ্ঞসহ এক হাজার চিকিৎসক অংশ নিয়েছেন।