
বাংলা সাহিত্য ও সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব সওগাত সম্পাদক মরহুম নাসিরউদ্দীনের ১৩৮তম জন্মবার্ষিকী আজ। ১৮৮৮ সালের ২০ নভেম্বর এ কীর্তিমান লেখক ও সাংবাদিক চাঁদপুর জেলার পাইকাদী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৯৪ সালের ২১ মে ১০৫ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন।
অবিভক্ত বাংলায় ব্রিটিশ শাসন ও পিছিয়ে পড়া সমাজের নানা বাধাকে উপো করে দীর্ঘ কর্মজীবনে তিনি তার সম্পাদিত দু’টি পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় স্মরণীয় অবদান রাখেন। কর্মজীবনে প্রথমে তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন; কিন্তু এ পেশায় মন টেকেনি। চাকরি ছেড়ে কলকাতায় গিয়ে ১৯১৮ সালের ২ ডিসেম্বর তার সম্পাদনায় সাহিত্য পত্রিকা ‘সওগাত’ প্রকাশ করেন।
আর্থিক সঙ্কটের কারণে ১৯২২ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায় এবং পুনরায় ১৯২৬ সালে প্রকাশ শুরু হয়ে একাধারে ১৯৪৭ সাল পর্যন্ত কলকাতা থেকে সওগাত প্রকাশ অব্যাহত থাকে। ১৯৩৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘সওগাত কালার প্রেস।’ দেশভাগের পর তিনি কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। ১৯৫৪ সাল থেকে ঢাকায় পুনরায় সওগাত প্রকাশ শুরু হয়, যা স্বাধীন বাংলাদেশেও প্রকাশনা অব্যাহত ছিল। সাহিত্য আন্দোলনের জন্য মোহাম্মদ নাসিরউদ্দীন ১৯২৬ সালে প্রতিষ্ঠা করেন ‘সওগাত সাহিত্য মজলিশ’। ১৯৪৬ সালে প্রকাশ করেন ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকা।
ব্রিটিশ শাসনবিরোধী অনেক লেখাই সওগাতে প্রকাশ পায়। ফলে সর্বমহলে পত্রিকাটি সমাদৃত হয়। ১৯৭৬ সালে তিনি সাহিত্যিক ও সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠা করেন ‘নাসিরউদ্দীন স্বর্ণপদক’।
মরহুম নাসিরউদ্দীন বাংলা একাডেমির ফেলো, জাতীয় জাদুঘরের বোর্ডের সদস্য, নজরুল একাডেমির চেয়ারম্যান ছিলেন। সাহিত্য সাংবাদিকতায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৭৭) ও স্বাধীনতা পদক (১৯৮৪) লাভ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








