জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে আগুন
জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে আগুন। সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা কারাবন্দী মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশাল নগরীর পৈতৃক বাসভবনে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বৈদ্যপাড়া আলহাজ নাসির উদ্দিন সড়কে তহুরা মঞ্জিলে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো: রবিউল আল আমিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেল ৫টা ৫৮ মিনিটে আগুনের খবর দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সেখানে গিয়ে তিনতলা বাসার নিচে একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেছেন তারা। তখন কোনো আগুন পাননি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।