সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ৩ মাস ধরে এক্স-রে মেশিন বিকল

 

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে একমাত্র এক্স-রে মেশিনটি প্রায় তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে সৈয়দপুরসহ আশপাশের ছয় উপজেলার প্রায় ১০ লাখ মানুষ সরকারি হাসপাতালে এক্স-রে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ছাড়াও দিনাজপুরের পার্বতীপুর, চিরিরবন্দর ও খানসামা, রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ এবং নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন। কিন্তু গুরুত্বপূর্ণ এক্স-রে মেশিনটি নষ্ট থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার রোগীরা।
গত সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, এক্স-রে করানোর জন্য অনেক রোগীকে বাইরে যেতে হচ্ছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা আউয়াল জানান, বাথরুমে পড়ে পায়ে আঘাত পাওয়ার পর চিকিৎসক হাড় ভেঙেছে কি না নিশ্চিত হতে এক্স-রে করতে বলেছেন। কিন্তু হাসপাতালের মেশিন নষ্ট থাকায় বাইরে যেতে হচ্ছে।
সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার মরিয়ম নেসা বলেন, হাত ভেঙে যাওয়ায় চিকিৎসক তাকে এক্স-রে করতে দিয়েছেন। ১৫ দিন ধরে হাসপাতালে আসছেন, কিন্তু মেশিন নষ্ট থাকায় পরীক্ষা করাতে পারছেন না।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. আসিফ ফেরদৌস বলেন, ভোল্টেজ স্টেবিলাইজার না থাকায় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা এবং মেশিনের টিউবে সমস্যার কারণে পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।