
সাইফুল আলম হিরন সোনাগাজী (ফেনী)
নদীর মোহনা, বিস্তীর্ণ নীল জলরাশি, সবুজ চর, পাখির বিচরণ আর সারি সারি গাছপালাÑ প্রকৃতির এমন অপার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতো জায়গা ফেনীর মুহুরী সেচ প্রকল্প। শহরের কোলাহল থেকে দূরে নির্মল পরিবেশে সময় কাটাতে প্রতিদিন এখানে ছুটে আসেন ভ্রমণপিপাসু মানুষ। অথচ সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পিত উদ্যোগ, পর্যাপ্ত অবকাঠামো ও পর্যটকসেবার অভাবে স্থানটি এখনো পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারেনি।
ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমান্তবর্তী ফেনী ও মুহুরী নদীর মোহনায় গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ এই সেচ প্রকল্প। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্মিত স্থাপনাটি এখন প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও পরিচিতি পাচ্ছে।
১৯৭৭-৭৮ অর্থবছরে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। প্রাথমিক কাজ শেষ হয় প্রায় তিন বছরে। পরে ১৯৮৫-৮৬ সালে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ হয়। ৪০ দরজাবিশিষ্ট সারিবদ্ধ রেগুলেটর, বিস্তীর্ণ জলরাশি, নদীর মোহনা ও সবুজ চর এর অন্যতম আকর্ষণ।
ফেনী থেকে লালপোল হয়ে সোনাগাজী বাজারের পূর্ব দিকে মুহুরী প্রজেক্ট সড়ক দিয়ে প্রায় আট কিলোমিটার এগোলেই পৌঁছানো যায় প্রকল্প এলাকায়। বাঁধের উত্তর পাশে নীল জলরাশি, দক্ষিণে বিস্তীর্ণ চর, পাইনগাছের সারি, ঝাউবন, কাশফুলের মাঠ ও উপকূলীয় বন বিভাগের সৃজিত কৃত্রিম সুন্দরবন পর্যটকদের বাড়তি আকর্ষণ জোগায়।
প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এখানে ঘুরতে আসেন। কেউ নৌকায় নদী ও জলরাশির সৌন্দর্য উপভোগ করেন, কেউ বাঁধের ওপর দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য দেখেন। বিকেলের আলো-ছায়ায় মোহনা ও চরাঞ্চলের সৌন্দর্য যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। তবে পর্যটকদের জন্য নিরাপদ নৌভ্রমণ, পর্যাপ্ত বসার জায়গা, বিশ্রামাগার, পরিচ্ছন্ন পরিবেশ, খাবারের ব্যবস্থা ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে।
স্থানীয়দের মতে, পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে তোলা গেলে মুহুরী প্রকল্প ঘিরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ক্ষুদ্র ব্যবসা, স্থানীয় পরিবহন ও পর্যটনসংশ্লিষ্ট সেবার প্রসার ঘটবে, যা এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসেন বলেন, মুহুরী সেচ প্রকল্প এলাকায় ভ্রমণপিপাসুদের আনাগোনা বাড়ছে। প্রয়োজনীয় সংস্কার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।
প্রকৃতির সৌন্দর্য ও আকর্ষণের অভাব নেই মুহুরী প্রকল্পে। এখন প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকবান্ধব অবকাঠামো গড়ে তোলা। কৃষির পাশাপাশি পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে মুহুরী সেচ প্রকল্প ফেনীর অন্যতম আকর্ষণীয় ভ্রমণকেন্দ্র হয়ে উঠতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








