
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনায় স্বর্ণ চোরাচালান ও মাদক কারবারকে কেন্দ্র করে বিরোধের জেরে ওমর ফারুক (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনসংলগ্ন গ্যাংকোয়ার্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ওমর ফারুক দক্ষিণ চাঁদপুর গ্যাংকোয়ার্টার পাড়া এলাকার মৃত হোসেন বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির পাশে ছিলেন ওমর ফারুক। এ সময় সীমান্তকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান ও মাদক কারবার নিয়ে বিরোধের জেরে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।
আহতের পরিবারের অভিযোগ, দক্ষিণ চাঁদপুর এলাকার আক্তার হোসেনের ছেলে রানা হোসেন (৩০), আবদুর রাজ্জাকের ছেলে মিনারুল হোসেন (৩২), শুকর আলীর ছেলে সম্রাট হোসেন (২৮) ও ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৯) এ হামলায় জড়িত। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র হাঁসুয়া ও চাপাতি দিয়ে ওমর ফারুকের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক কারবারের বিরোধকে কেন্দ্র করে এমন সহিংসতার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








