সাংবাদিকদের সাথে কথা বলছেন রেল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম
সাংবাদিকদের সাথে কথা বলছেন রেল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। নয়া দিগন্ত

ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। এ দিন সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি পাবনা স্টেশন থেকে ছেড়ে যায়।

উদ্বোধনকালে রেলপথমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, ‘দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশের রেলের মান, সার্ভিস ও যাত্রা আগামীতে আরো নিরাপদ হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মুহূর্ত। অল্প সময়ে একটা নিরাপদ যাত্রা হবে। এটা সরকারের অঙ্গীকার ছিল। এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি জনগণ যে আস্থা রেখেছিল, তা আজ পূর্ণ হলো।’

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা, রেলসচিব ফাহিমুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ৮০ বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত পাবনাবাসীর প্রাণের দাবি পূরণ হলো। পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হলো।

আজকে উদ্বোধন উপলক্ষে পাবনা থেকে ট্রেনটি বিকেলে ৫টায় ছেড়ে গেলেও আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে ও ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।