
হাওরের পানি নামার সাথে সাথে মাঠজুড়ে নতুন ঘাস গজাতে শুরু করেছে। সেই সাথে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে গবাদিপশু পালন ও কেনাবেচার কর্মতৎপরতায়। হাওরাঞ্চলের অন্যতম বৃহৎ নিকলীর গরুর হাটসহ আশপাশের বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। হাজার হাজার গবাদিপশুর সমাগমে জমজমাট হয়ে উঠছে হাটগুলো। বিশেষ করে হাওরের বাথানে গরু লালন-পালনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন বাথান মালিক, খামারি ও গৃহস্থরা।
পাইকার ও খুচরা ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, হাওরের পানি নেমে যাওয়ার পর নতুন ঘাস জন্মানোর সময়টিই বাথানে গবাদিপশু পালনের উপযুক্ত মৌসুম। গত বছর অকাল বন্যায় হাওরের জমির ঘাস ও খড় নষ্ট হয়ে যাওয়ায় পশুখাদ্যের তীব্র সঙ্কট দেখা দেয়। পাশাপাশি লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাবেও ক্ষতিগ্রস্ত হন অনেক খামারি ও গৃহস্থ। পরিস্থিতি সামাল দিতে অনেকে গবাদিপশু বিক্রি করে দিতে বাধ্য হন। তবে এবার মাঠে নতুন ঘাস গজানোয় পশুপালনে ফের আগ্রহী হয়ে উঠছেন তারা। ফলে হাটগুলোতে বেড়েছে গরু কেনার ধুম।
সরেজমিন নিকলীর সাজনপুর-আঠারবাড়িয়া হাটে দেখা যায়, হাটের বিভিন্ন স্থানে ক্রেতারা পশু যাচাই-বাছাই করছেন, চলছে দরদাম। হাওরের দ্বীপখ্যাত ছাতিরচরের জঙ্গু, শহীদ ও কামালসহ অনেকে বাথানে পালনের জন্য গরু কিনতে এসেছেন। তারা তুলনামূলক কম গোশতের ও শুকনো গড়নের গরু কিনতেই বেশি আগ্রহ দেখাচ্ছেন। তাদের মতে, শুকনো গড়নের গরু কম দামে কিনতে পাওয়া যায়। এসব গরু হাওরের নতুন ঘাস খাইয়ে লালন-পালন করলে দ্রুতই মোটাতাজা হয়ে ওঠে। তখন অধিক দামে বিক্রি করা যায়।
দূর-দূরান্ত থেকে গরু নিয়ে আসা পাইকাররাও বলছেন, বর্তমানে মাঝারি বয়সী ও শুকনো গড়নের গরুর চাহিদা বেশি। সুনামগঞ্জের জসীম ও হালুয়াঘাটের ফারুক ট্রাকভর্তি গরু নিয়ে হাটে এসেছেন। তাদের ভাষ্য, বাথানে লালন-পালনের উপযোগী গরু বিক্রি করে ক্রেতা-বিক্রেতা উভয়েই লাভবান হচ্ছেন। হাটের হাসিল আদায়কারী বাদল জানান, অন্যান্য সপ্তাহের তুলনায় বর্তমানে পশু বিক্রির পরিমাণ অনেক বেড়েছে। গরু ও মহিষ বিক্রিতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ৩০০ টাকা করে হাসিল আদায় করা হচ্ছে। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে এ হার ১৫০ টাকা।
হাটের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জসীম উদ্দিন, আবদুস ছোবান ও রফিক জানান, ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা থাকায় হাটে কেনাবেচা বাড়ছে। বিশেষ করে গত ১৮ নভেম্বর বুধবার হাটের দিন ব্যাপক সমাগম হয়। তাদের দেয়া তথ্যমতে, গত সপ্তাহে হাটের হাসিল আদায় হয় প্রায় ১২ লাখ টাকা। চলতি সপ্তাহে তা আরো বাড়তে পারে। তাদের মতে, বাথানের জন্য গরু কেনার উপযুক্ত সময় হওয়ায় হাটে বেচাকেনা বাড়ছে।
নিকলী ছাড়াও আশপাশের বিভিন্ন হাট থেকে বাথানমালিক ও হাওরাঞ্চলের বাসিন্দারা দুধ উৎপাদন এবং গোশতের চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন জাতের গবাদিপশু কিনছেন। কৃষির পাশাপাশি পশুপালন এ অঞ্চলের মানুষের অন্যতম আয়ের উৎস। জীবিকা নির্বাহ ও বাড়তি আয়ের আশায় অনেকেই এ পেশায় যুক্ত হচ্ছেন।
তবে এ খাত সম্প্রসারণে বড় বাধা পুঁজির সঙ্কট। সংশ্লিষ্টদের মতে, সহজ শর্তে সরকারি ঋণ ও আর্থিক সহায়তা পাওয়া গেলে পশুপালনের পরিধি আরো বাড়ানো সম্ভব। কেউ সরকারি ঋণের চেষ্টা করছেন, আবার কেউ গ্রামপর্যায়ে ধারদেনা করে পশু কিনছেন। কোথাও কোথাও অন্যের অর্থায়নে গবাদিপশু লালন-পালন করছেন।
পশুখাদ্যের চাহিদা মেটাতে অনেক বাথান মালিক অনাবাদি জমিতে ঘাসের আবাদ করছেন। প্রাকৃতিকভাবে ঘাস উৎপাদন ও পরিচর্যার মাধ্যমে খাদ্যের জোগান নিশ্চিত করার এ উদ্যোগও বাড়ছে। এতে পশুপালনের পাশাপাশি ঘাস চাষেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আবদুল মান্নান বলেন, প্রতি বছর হাওরের পানি শুকিয়ে যাওয়ার পর লাভের আশায় পশুপালনকারীরা নতুন করে গবাদিপশু কেনেন। গত বছর অকাল বন্যায় ঘাস ও খড় নষ্ট হওয়ায় অনেক খামারি ও পশুপালক পশু বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। এবার গবাদিপশু কেনাবেচা ও পালনে আগ্রহ বাড়ার বিষয়টি ইতিবাচক।
হাওরের বিস্তীর্ণ মাঠে নতুন ঘাসের সবুজ সমারোহ আর পশুর হাটে ক্রেতাদের ভিড়Ñ সব মিলিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এ অঞ্চলের পশুপালকরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্যাপ্ত পশুখাদ্য, সহজ শর্তে ঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে হাওরাঞ্চলের গবাদিপশু পালন পারিবারিক আয়ের গণ্ডি ছাড়িয়ে বৃহৎ অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








