
নয়া দিগন্ত ডেস্ক
ইতালির আল্পস পর্বতমালার ডলোমাইটস অঞ্চলের দুর্গম এক গুহায় বরফযুগের বিলুপ্ত গুহাভালুকের শত শত হাড় ও কঙ্কালের সন্ধান পেয়েছেন এক পর্বতারোহী। প্রায় ২৪ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া বিশাল আকৃতির এসব ভালুকের জীবাশ্ম বিজ্ঞানীদের সামনে খুলে দিতে পারে বরফযুগের প্রাণী ও পরিবেশ সম্পর্কে নতুন অনেক তথ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক বিশেষ প্রতিবেদনে গুহাটির ভেতরের ছবি ও অনুসন্ধানের বিস্তারিত প্রকাশ করেছে।
পর্বতারোহী ও পর্বতগাইড কার্ট ওয়াল্ডে ইতালির উত্তরাঞ্চলের ডলোমাইটস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ৮৫০ মিটার উচ্চতায় একটি অজানা গুহার সন্ধান করছিলেন। দুর্গম ও প্রায় খাড়া পাহাড়ি ঢাল বেয়ে নিচে নামার সময় প্রথমে একটি পাথুরে খাঁজকে গুহার প্রবেশপথ মনে করেছিলেন তিনি। কিন্তু কাছে গিয়ে বুঝতে পারেন, সেটি গুহা নয়। তখন কিছুটা হতাশ হয়ে দড়ি ধরে আরো নিচে নামতে থাকেন তিনি। একপর্যায়ে দড়ির শেষ প্রান্তে পৌঁছে যান। তবে গুহার কাছাকাছি পৌঁছেছেন বলে তার ধারণা ছিল। সেদিন সকালে শারীরিকভাবে খুব একটা ভালো অনুভব না করলেও প্রায় ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক নিয়ে অভিযানে বের হয়েছিলেন তিনি। শেষ কয়েক মিটার দড়ি ছাড়াই অতিক্রম করে অবশেষে গুহার প্রবেশমুখে পৌঁছান।
গুহার ভেতরে প্রবেশ করে মাথায় থাকা টর্চের আলো ফেলতেই অবিশ্বাস্য দৃশ্য চোখে পড়ে তার। গুহার গভীরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বরফযুগের অসংখ্য কঙ্কাল, হাড় ও মাথার খুলি। ধারণা করা হচ্ছে, এসব অবশেষ বিলুপ্ত প্রজাতির গুহাভালুক ‘উরসাস লাডিনিকাসের’। প্রায় ২৪ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রজাতি। নতুন আবিষ্কৃত গুহাটি ইতালির উত্তরাঞ্চলের ফানেস-সেনেস-ব্রেইস প্রাকৃতিক উদ্যানের বিখ্যাত কন্তুরিনেস গুহার বিপরীত পাহাড়ে অবস্থিত। এতদিন এই এলাকাতেই উরসাস লাডিনিকাস প্রজাতির অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া গিয়েছিল। ১৯৮৭ সালে কন্তুরিনেস গুহা আবিষ্কারের পর বরফযুগের গুহাভালুক সম্পর্কে বিজ্ঞানীদের ধারণায় বড় পরিবর্তন আসে। প্রায় চার দশক পর কাছাকাছি আরেকটি গুহার সন্ধান পাওয়ায় এ প্রাণী সম্পর্কে গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








