আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর


শাহ মুহাম্মদ মোশাহিদ
বাংলা চলচ্চিত্রে প্রায়ই একটা চরিত্র দেখা যায়-  গ্রামের চাচাতো ভাই, শহরে এসেছে। রক্ত ও বংশের সূত্রে সম্পর্কের স্বীকৃতি আছে তার; কিন্তু শহরে তাকে আলাদা চোখে দেখা হয়। সেই চোখে আছে কিছুটা তাচ্ছিল্য। অন্য দিকে শহুরে চাচাতো ভাই যখন গ্রামে যায়, তার জন্য রাজকীয় অভ্যর্থনা থাকে। পাতে তুলে দেয়া হয় সেরা খাবার। তাকে ঘিরে চলে আত্মীয়দের মুগ্ধতা।
সিনেমার এমন দৃশ্য আর চরিত্রগুলো কি এখন আগের মতো আছে? নেই, পাল্টে গেছে। এখন গ্রাম ও শহরের খুব বেশি তফাত নেই। আধুনিক সময়ে সারা বিশ্ব একটি গ্রাম। এক স্মার্টফোনের ভেতর চলে এসেছে সব সভ্যতা। এখন শহর থেকে গ্রামে গেলে আগের মতো আতিথেয়তা পাওয়া যায় না। শহুরে বড়াইকেও তেমন পাত্তা দিতে চান না গ্রামের লোকরা। অনেকটা কমে এসেছে শহর আর গ্রামের অর্থনীতির দূরত্ব। কমে এসেছে ঠিক; কিন্তু কতটা কমেছে? এখন গ্রামের লোকদের কাছে শহর ‘আজব’ কিছু না, এটা সত্যি; কিন্তু তারা কি গ্রামের অর্থনীতিকে শহরের অর্থনীতির মতো শক্ত করে গড়ে তুলতে পেরেছে? না, তা পারেনি। বরং গ্রামের লোকদের শহরে চলে আসার প্রবণতা আছে। গ্রামের বাড়ি থেকে তারা আলো-বাতাস খাচ্ছে; কিন্তু এরপরও তারা শহরে বাড়ি করতে মরিয়া। 
এ পরিস্থিতির পেছনের কারণ কী? একটা বড় কারণ হলো- অর্থনীতির যত শক্তি সব ঘুরছে শহর ঘিরে। মুখে মুখে গ্রামীণ অর্থনীতির কথা বলা হলেও সেখানকার অগ্রগতি ততটা নেই। গ্রামে গিয়ে উৎপাদনশীল কাজ করতে উৎসাহ দেয়া হয় সরকারের পক্ষ থেকে; কিন্তু উৎপাদন করতে যে পরিবেশ দরকার, সেটি গড়ে দেয়ার বাস্তবসম্মত পদক্ষেপ দেখা যায় না।
গ্রামে ‘ভিলেজ পলিটিক্স’ ছিল। এখনো আছে, কিছু ক্ষেত্রে আরো প্রকট হয়েছে। আছে জমি নিয়ে বিরোধ, পরশ্রীকাতরতা। আর অতিরিক্ত অর্থনৈতিক প্রত্যাশা। এখন শহর থেকে কেউ গ্রামে গেলে তার জন্য ততটা আন্তরিক অভ্যর্থনা থাকে না। সবার আগে তার পকেটের অবস্থা মাপার চেষ্টা হয়। দেখা যায় পারিবারিক কোন্দল। যৌথ পরিবার ভেঙে একক হয়ে যাচ্ছে। ভাইয়ের উন্নতিতে হিংসা করছে ভাই। দেখা যাচ্ছে সিদ্ধান্তের বেলায় একচ্ছত্র কর্তৃত্ব। ঘরের ভেতরের কূটচাল হয়ে উঠছে ভয়ঙ্কর। এসব কারণে যৌথ পরিবারের ঐতিহ্যগত উষ্ণতা অনেকটা তিক্ততায় পরিণত হচ্ছে। মানুষ হয়ে উঠছে আত্মকেন্দ্রিক। যৌথ পরিবার ভেঙে যাওয়ায় পারিবারিক উৎপাদনশীলতা কমে যায়। 
দেখা যায় দশজনের পরিবারে প্রতিদিনের বাজার ও ইউটিলিটিসহ যা খরচ হয়, তিনজনের একক পরিবারেও খরচ কাছাকাছি। যৌথ পরিবারে ঘরের আসবাব, উপকরণ এবং ইউটিলিটির খরচ ভাগাভাগি হওয়ায় পরিবারটির মোট মাথাপিছু ব্যয় কমে যায়। এতে পরিবারে উদ্বৃত্ত অর্থ সঞ্চয় হয়। এই সঞ্চয় ব্যাংকে ডিপোজিট হলে, সেটি জাতীয় সঞ্চয়ের হার বাড়ায়। যৌথ পরিবারে ছোটো ছোটো সঞ্চয় এক হয়ে বড় অঙ্কের মূলধন হয়ে যায়। এসব মূলধন ব্যবসাবাণিজ্য অথবা কৃষিতে বিনিয়োগ করার সুযোগ তৈরি করে। পরিবার ভেঙে একক হয়ে গেলে সামগ্রিক সঞ্চয় হার কমে যায়।
যৌথ পরিবার স্বয়ংক্রিয় ‘সামাজিক বীমা’ হিসেবে কাজ করে। পরিবারের কোনো সদস্য চাকরি হারালে, অসুস্থ হলে অথবা বৃদ্ধ হয়ে গেলে তাদের জন্য বাইরে থেকে সহায়তার দরকার হয় না। ওই সময়টায় পরিবারের অন্য উপার্জনক্ষম ব্যক্তি তার দায়িত্ব নিতে পারেন। একটা সময় তিনি যখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবেন, তখন অন্যদের জন্য তা সহায়ক হতে পারে; কিন্তু আমাদের মানসিকতার সঙ্কটে এ সম্ভাবনাগুলো কাজে লাগানো যাচ্ছে না। যারা কাজে লাগাতে চান, তাদের পেছন থেকে টেনে ধরেন অন্যরা। কেন তারা টেনে ধরেন? এর পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। আছে হীনম্মন্যতা। কেবল মানসিকতার সঙ্কট থেকে তারা এ ধরনের আচরণ করেন। এ সঙ্কটের পেছনে আছে আরো এক বড় সঙ্কট- পরচর্চা। গঠনমূলক কাজে থাকলে পরচর্চার সময় থাকে না; কিন্তু হাতে কাজ না থাকলে, অফুরন্ত অবসর থাকলে মস্তিষ্ক ঝুঁকে যায় নেতিবাচক চিন্তায়। নেতিবাচক চিন্তা থেকে তৈরি হয় ‘ভিলেজ পলিটিক্স’ আর ‘ফ্যামিলি পলিটিক্স’। পরচর্চায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে পরিবার।
প্রবাসে যারা আছেন, তারা গ্রামে টাকা পাঠান। এর বড় একটা অংশ যায় যৌথ পরিবারের নিরাপত্তায়। আত্মীয়তার টানে বিনিয়োগ হয়; কিন্তু অনেক ক্ষেত্রে তাদের বিশ্বাসে কুড়াল পড়ে। এতে গ্রামে স্থায়ী সম্পদ গড়ে তুলতে অনীহা দেখা যায় সচ্ছল স্বজনদের। এ কারণে গ্রামীণ অর্থনীতিতে যে মূলধন বা ক্যাপিটাল ফ্লো থাকার কথা ছিল, সেটি কমছে।
আগে কেবল শহুরেদের ‘আত্মকেন্দ্রিক’ হিসেবে ট্যাগ দেয়া হতো। কারণ তাদের জীবন ব্যস্ততায় কাটে। ফলে তারা অনেকটা যান্ত্রিক হয়ে পড়ে। এসব কারণে একটা সময় বলা হতো- শহরে গিয়ে মানুষ গ্রাম ও স্বজন ভুলে যায়। এখন চিত্র পাল্টে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, গ্রামে গিয়ে কারো কারো বাঁকা কথা শুনতে হয়। এতে মানসিক অস্বস্তি বাড়ে। এসব অস্বস্তি থেকে শেকড় ছুটে যাচ্ছে অনেকের। ছুটির দিনে গ্রামে যেতে চাইছেন না তারা। এতে গ্রামীণ পর্যটনে ধস নামছে। অথচ শহর ও গ্রামের সম্পর্কটা ভালো থাকলে, গ্রামীণ অর্থনীতিতে বিকল্প আয়ের বিচিত্র পথ তৈরি হতো।
এখন যারা গ্রামে আছেন, তারা পৈতৃক ভিটায় থেকে বুক ভরে নির্মল বাতাস নিচ্ছেন; কিন্তু অক্সিজেন পেয়েও শ্বাস বন্ধ হয়ে আসছে তাদের। তারা ‘প্রাণ খুলে নিঃশ্বাস’ নিতে চান শহরে গিয়ে। অথবা ভাবেন, গ্রামকে শহরে পরিণত করলে বুঝি সচ্ছলতার নিঃশ^াস নেয়া যাবে!
গ্রামের মানুষ জমি বিক্রি করে সেই টাকা নিয়ে যাচ্ছেন শহরে। গ্রামের মূলধন ও মেধাবীরা ছুটছেন শহরে। এতে টিকছে না গ্রামের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার মতো উদ্যোগ। বড় কোনো উৎপাদনশীল খামার গড়ে তুলতে ভয় থাকছে। কারণ সেখানে নিরাপত্তা নেই। এতে গ্রামের পুঁজি শহরমুখী হচ্ছে। আর শহরের পুঁজি তো গ্রামে যায় না বললেই চলে। এতে সঙ্কট তৈরি হচ্ছে অর্থনীতির, সেই সাথে সামাজিক ন্যায়বিচারের।
এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলে সবার আগে দরকার মানসিকতার পরিবর্তন। এ পরিবর্তন হতে হবে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতি পর্যন্ত। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে সামাজিক দায়বদ্ধতার বোধ জাগিয়ে তোলা জরুরি। প্রান্তিক মানুষের জীবনযাত্রা এবং মানসিকতার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে এ শ্রেণীকে। শহরের বিত্তবানরা যদি তাদের উপার্জনের একটি অংশ গ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও কুটির শিল্পে বিনিয়োগ করেন, তাহলে ব্যবধান কিছুটা হলেও কমতে পারে। তখন ভালো কিছু করতে হলে শহরে যেতে হবে, এই মানসিকতায় পরিবর্তন আসতে পারে।
গ্রাম ও শহরের মানসিকতার দেয়াল ভেঙে দিলে একপক্ষ অন্যপক্ষকে অংশীদার হিসেবে বিবেচনা করবে। বেকারত্ব কমবে। গ্রামের মানুষও কাজ নিয়ে ব্যস্ত থাকতে অভ্যস্ত হয়ে উঠবে। কাজ বলতে যে কেবল ব্যবসা আর শিল্পপ্রতিষ্ঠানের কাজ, তা নয়। গ্রামের অর্থনীতি এখনো দাঁড়িয়ে আছে কৃষির ওপর। বাস্তব কথা হলো- কৃষি ছাড়া আমাদের সামনে বিকল্পও নেই। কৃষিতে সমৃদ্ধি ছিল, এখন কমে আসছে। সমৃদ্ধি আবার টেনে তুলতে হবে। জমি চাষ করতে এখন গরু আর লাঙল-জোয়ালের দরকার হয় না। চাষবাসের প্রক্রিয়ায় বদল এসেছে। কৃষিতে প্রযুক্তি এসেছে। নতুন নতুন উদ্ভাবন হচ্ছে। আগের চেয়ে বেশি ফসল ফলছে। 
এখানে একটি সমস্যা আছে- কৃষক হিসেবে নিজেদের পরিচয় দিতে এখনো অনেকের অনীহা আছে। যদিও আগের অবস্থাটা আর নেই। গণমাধ্যমে কৃষকের সফলতার গল্প আসছে। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়ার পর অনেকে গ্রামে গিয়ে কৃষিকাজ করছেন। এসব উদাহরণ আমাদের জন্য আশা তৈরি করে। কৃষি থেকে গড়ে তোলা সম্ভব কৃষি-পর্যটন। পরিবেশবান্ধব রিসোর্ট, অর্গানিক ফার্মিং এবং হোমস্টে গড়ে তুলে স্থায়ী কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব। এসব খাতে শহুরে বিনিয়োগ গেলে ভালো রিটার্ন পাওয়ার কথা। গ্রামের ঐতিহ্যবাহী হস্তশিল্প, জামদানি, নকশিকাঁথা, তাঁত বা অর্গানিক ডেইরি ফার্মগুলোতে যৌথ অথবা সমাজভিত্তিক বিনিয়োগ হতে পারে।
অবশ্য এসব বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধা আছে। অনেক ক্ষেত্রে জমিজমা নিয়ে ঝামেলা থাকে। থাকে মামলা-মোকদ্দমা। এ কারণে বড় কোনো উদ্যোগে চাইলেও জমির ব্যবস্থা করা যায় না। এখানে দরকার শহুরে উদ্যোক্তাদের সুরক্ষা। এ ক্ষেত্রে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে হবে। মালিকানায় যেসব ঝামেলা দেখা যায়, সেগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা যায়, সেই ব্যবস্থাটুকু সরকারকে করে দিতে হবে। 
ডিজিটাল উদ্যোগ আরো নেয়া যেতে পারে- ক্রাউড ফান্ডিংয়ে প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম যেন সহজ হয়, সে ব্যবস্থা করে দিতে হবে। অ্যাপগুলোর মাধ্যমে গ্রামে কোনো কৃষকের উদ্যোগ দেখতে পারবে শহরের লোকরা। তারা চাইলে অল্প অল্প করে সেই উদ্যোগের সহযোগী হতে পারবে। ছোটো ছোটো বিনিয়োগে ধীরে ধীরে বড় হয়ে উঠতে পারে সেই উদ্যোগ। তবে উদ্যোগটা যেন ঠিকঠাক এগিয়ে যায়, সে দিকে নজর রাখার কোনো একটা উপায় বের করতে হবে। সেই সাথে নিশ্চিত করতে হবে, অ্যাপের মাধ্যমে অটোমেটিক প্রফিট শেয়ারিং। এসবের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনে বিনিয়োগ সহায়তা ডেস্ক চালু করা যেতে পারে। এতে তরুণ উদ্যোক্তারা ভরসা পাবেন। স্থানীয় প্রশাসনের তদারকি থাকলে আস্থা পাবেন গ্রামের লোকরাও।
আস্থার সঙ্কট দূর করতে হবে আমাদের। এতে অর্থনীতিতে শক্তি আসবে, সেই সাথে আসবে মানসিক মুক্তি। ফিরে আসবে বন্দে আলী মিয়ার ‘আমাদের গ্রাম’- আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর। থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
লেখক : সহকারী সম্পাদক, নয়া দিগন্ত

Advertisement