২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেহেরপুর
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেহেরপুর। সংগৃহীত

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আছিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল শনিবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত আছিয়াকে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আছিয়া খাতুন মেহেরপুর শহরের ক্যাসবপাড়া এলাকার রিপনের স্ত্রী।

এদিকে রোগীর মৃত্যুর পর হাসপাতালে কর্মরত নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। তাদের অভিযোগ, রোগীকে প্রয়োজনীয় সেবা না দেয়ায় রোগী মারা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে উল্লেখযোগ্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

তবে নার্সদের দাবি, রোগীর স্বজনদের ডাকে একাধিকবার সাড়া দিয়েছেন তারা। রোগীকে সেবাও দেয়া হয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা ছিল না বলেও দাবি করেন তারা।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: অলোক কুমার দাস বলেন, হাসপাতালে চিকিৎসক সঙ্কট থাকায় চাইলেও সব রোগীর কাছে সময়মতো পৌঁছানো সম্ভব হয় না। তবে আছিয়ার শারীরিক সমস্যার কথা শোনার সাথে সাথে তিনি রোগীর কাছে গিয়ে চিকিৎসা দিয়েছেন।