বাংলাদেশ সম্পর্কে জাপানিদের ধারণা
ড. মোহাম্মদ আবদুল মজিদ।



জাপানিদের কাছ থেকে যেকোনো বিবেচনা আদায় করার জন্য একটি স্বচ্ছ উপস্থাপনা জরুরি। আর এ জন্য দরকার বিশ্বের বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব ও এর অস্তিত্ব সম্পর্কে জানা। জাপানের অধিকাংশ লোক ভালো করে জানেই না বাংলাদেশ কোথায়। বাংলাদেশের নাম হয়তো জানে, তবে তাও হয়তো ভালো কোনো কারণে নয়, তারা বাংলাদেশকে হয়তো জানে প্রাকৃতিক দুর্যোগকবলিত, দারিদ্র্যপীড়িত, নানা সমস্যায় আকীর্ণ, অহরহ রাজনৈতিক ফাসাদ লেগে আছে এমন দেশ হিসেবে। তবে এর ভৌগোলিক অবস্থান, এর সম্ভাবনা ও সৌন্দর্য স¤পর্কে জাপানিদের জ্ঞান বড় সীমিত। সে জ্ঞান বাড়ানোর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা বাংলাদেশকে উপলব্ধি করতে হবে। আমরা বাংলাদেশের শিক্ষিত জনগণও পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের নাম জানি না- নাম শুনলেও কোথায় তাদের অবস্থান-তাও সঠিকভাবে জানি না। ইন্টারভিউ ফেস করার জন্য কিছু দেশের রাজধানী ও মুদ্রার নাম যদিও বা জানি সেসব দেশের আর্থসামাজিক-রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি স¤পর্কে আমাদের অবগতি সামান্যই, এমনকি সেসব ওয়াকিবহাল হওয়ার ক্ষেত্রে আমাদের আগ্রহও কম। 
জাপানিরা এশিয়া মহাদেশের বাসিন্দা হিসেবে নিজেদের অবস্থানকে যতটা বিবেচনা করে তার চেয়ে তারা এশীয় প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের দেশ হিসেবে নিজেদেরকে ভাবতে ভালোবাসে। আর এই এশীয় প্রশান্ত সাগরীয় অঞ্চল বলতে তাদের বিবেচনায় পুবে বড়জোর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, পশ্চিমে মার্কিন যুক্তরাষ্ট্র তথা উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণে অস্ট্রেলিয়া আর উত্তরে কোরিয়া ও রাশিয়ার সীমান্তকে বোঝায়। আধুনিক জাপানির অভিজ্ঞানে এশিয়ার সীমানা পূর্বে মিয়ানমার পর্যন্ত। ১৯৯৪ সালে আমি যখন জাপানে বাণিজ্য দূতের দায়িত্ব নিতে যাই  তখন ঢাকাস্থ জাপানি দূতাবাসের মিনিস্টার মি. কুরোদা আমাকে ব্রিফিং করার সময় যথার্থ বলেছিলেন, ‘ভেবো না বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি দেশ বলেই জাপানের কাছ থেকে এশিয়ার প্রতিবেশী দেশ হিসেবে আলাদা আত্মীয়তা আশা করা যাবে।’ আমি তাকে ব্যাপারটি একটু খোলাসা করতে বলায় তিনি যা ব্যাখ্যা করলেন তা হলো- জাপানিদের মতে, এশিয়ার বর্তমান পূর্ব প্রান্ত হলো বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত। ত্রয়োদশ শতাব্দীতে চট্টগ্রামের মাধ্যমে বাংলাদেশে আরব বণিকদের আগমন ঘটে। এতদঞ্চল থেকেই ইসলামের প্রচার শুরু হয় এবং ক্রমান্বয়ে ইসলামের প্রভাবেই, তাদের ধারণা, ভারতবর্ষ থেকে বৌদ্ধ মতাবলম্বীদের সংখ্যা হ্রাস পেতে থাকে। এর পূর্বতনকালে হিন্দুদের সাথে এবং পরবর্তীকালে মুসলমানদের প্রভাবে বৌদ্ধরা হয় ধর্মান্তরিত হয় না হয় সুমাত্রা, জাভা, মিয়ানমার, শ্যামদেশে (থাইল্যান্ড) প্রস্থান করে। সেই থেকে বাংলাদেশ ভারত বা পাকিস্তান এবং তদপরবর্তী এশিয়ার অন্যান্য দেশগুলোকে জাপানিরা মনে করে মূল এশিয়া থেকে খারিজ হয়ে যাওয়া আরব (মধ্যপ্রাচ্য) গ্রুপের দেশ। জাপানে ঠিক তেমনটি দেখলাম এখানকার সরকারি দলিল এবং অনেক পরিসংখ্যান বইয়ে এশিয়ার দেশ হিসেবে ভারতীয় উপমহাদেশের উল্লেখ বড় গৌণ। জাপানিরা বাংলাদেশকে এশিয়ায় তার শরিক মনে করে না। বাংলাদেশ এই মুহূর্তে জাপানের কাছ থেকেই বেশি বৈদেশিক সাহায্য পায়, পাকিস্তানও পায়, নেপাল-ভারত-শ্রীলঙ্কাও পায়। জাপানি বিনিয়োগ এসব দেশগুলোতে এখন যথেষ্ট যাচ্ছে, তবে তার কারণ ও প্রেক্ষাপট ভিন্ন।
জাপানের নিকট অতীতের ইতিহাস খুব একটি সুখকর নয়। চীন, কোরিয়া, ফিলিপাইন ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি অঞ্চলে আধিপত্য বিস্তার করে জাপান প্রথম বিশ্বযুদ্ধ পূর্ব ও উত্তরকালে বিগত ও বর্তমান শতাব্দীতে এশীয় পরাশক্তি হিসেবে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে তার আর্থিক শক্তি তেমন না থাকলেও আধিপত্যবাদী চেতনায় এটি ছিল জার্মানির সাথে সমগোত্রীয় এবং এর খেসারত তাকে দিতে হয় দু-দুটো বড় বিশ্বযুদ্ধে। দুই বিশ্বযুদ্ধেই বড় মার খায় জাপান। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন মার খায় সে যে বিদেশীরা এখন জাপানিদের দোমো দোমো বলে বিনয়ে মাথা নোয়ানোকে মাত্র দু’টি আণবিক বোমার শিক্ষা বলে ব্যঙ্গ করে। ১৯৪৫ এর ১৫ আগস্ট টোকিওতে যুক্তরাষ্ট্রের জেনারেল ডি ম্যাকার্থার (১৮৮০-১৯৬৪) এর কাছে জাপানের আত্মসমর্পণ বিংশ শতাব্দীতে জাপানের জন্য শিল্প এবং আর্থসামাজিক পটপরিবর্তনের এক বড় মাইলফলক। ম্যাকার্থার ১৯৪৫-৫১ সালে তার প্রশাসনিক সময়ে জাপানিদের যুদ্ধাভিমুখী আধিপত্যবাদী মনোভঙ্গিকে সুকৌশলে সম্পূর্ণ পাল্টিয়ে,  ‘যুদ্ধনাস্তি’ বা সামরিকী জজবা থেকে তাওবাহ পড়িয়ে অর্থনৈতিক উন্নয়নের দিকে ঘাড় ফিরিয়ে দিয়ে যান। তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী গড়া হবে না এবং প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই যাবতীয় কিছু দেখাশুনা করবে এই শর্তে ঘটে তার সার্বিক স্বায়ত্তশাসন ও স্বাধিকার প্রাপ্তি। জাপানকে তাই আমেরিকার এক সুবিনীত সুসজ্জিত সুরক্ষিতা পুতুল ভাবা হয়।
ম্যাকার্থার সাহেব জাপানিদেরকে একটি সংস্কারকৃত শাসনতন্ত্র দিয়ে তাদের যুদ্ধংদেহী মনোভাবকে শিল্প-ব্যবসা-বিনিয়োগ-বাণিজ্যাভিমুখীকরণে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। শাসনতন্ত্রে যুদ্ধনাস্তি (রিনানসিয়েশন অব ওয়ার) ধারা বলবৎ করে পুরো জাপানি জাতিকে যেন তাওবাহ পড়ানো হলো এই বলে যে, আমরা জীবনে আর যুদ্ধের নাম করব না, যুদ্ধে যাবো না, সামরিক বাহিনী পুষব না, প্রতিরক্ষা সামগ্রীর আমদানি রফতানিতে থাকব না, মোদ্দাকথা আমাদের অভিধানে স্বতন্ত্র সামরিক বাহিনী জাতীয় শব্দ  থাকবে না।  দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ও তদপূর্ববর্তী সময়ে সামরিক প্রযতেœ পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় অশেষ যন্ত্রণা ভোগ ও তদীয় উগ্র মনোভাবের বিকৃত বহিঃপ্রকাশে আধিপত্যবাদী আগ্রাসী আচরণের প্রতিউত্তরে বিদেশী আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে ধনসম্পদ ধূলিসাৎ হওয়াসহ মান সম্মান সব খোয়ানোর দারুণ মর্মযাতনার প্রেক্ষাপটে জাপানিরা স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থমাথায় সংবিধান সংশোধনের এ প্রস্তাব  মেনে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় আট দশককাল পার করেও এবং অর্থনৈতিক ক্ষেত্রে পরাশক্তি পর্যায়ে উন্নীত হয়েও, এমনকি শিল্প-বাণিজ্য-বিনিয়োগ ক্ষেত্রে আমেরিকাকে অতিক্রম করে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার হিম্মত অর্জন করেও জাপানিরা শাসনতন্ত্রে ওই অসম্মানজনক অধ্যায়ের অবসান কামনা করে না।
জেনারেল ডগলাস ম্যাকার্থার শুধু শাসনতন্ত্র সংস্কারের দ্বারা জাপানি জীবন সাধনায় পরিবর্তন প্রয়াসী হননি, তিনি জাপানিদেরকে কোরিয়া যুদ্ধের (১৯৫০-৫৩) বদৌলতে আমেরিকার ব্যবসা ধরতে ও পুঁজি বিনিয়োগের অবারিত সুযোগও দিয়ে যান। যার দরুন পঞ্চাশের দশকে জাপানে রাতারাতি গড়ে ওঠে শিল্প। অতি বিশ্বস্ত বিনয়ী জাপানিরা কঠোর পরিশ্রম ও ব্যবসায়ী কৌশল অবলম্বন করে হঠাৎ করে আর্থ-বাণিজ্য ও বিনিয়োগে হয়ে ওঠে অতিশয় করিৎকর্মা। ষাটের দশকেই এতদঞ্চলে এবং আশির দশক থেকে সে নিজেই আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে আর্থ-বাণিজ্য ক্ষেত্রে। আশি নব্বইয়ের দশক থেকে আমেরিকার সাথে ট্রেড তার অনুকূলে। আমেরিকার সাথে তার বাণিজ্যযুদ্ধ ঠাণ্ডাযুদ্ধের মতো; কিন্তু সে তো আসলে আমেরিকার বাগদত্তা। যেন কাবিননামার শর্ত তাকে মানতে হয়। দেশের ভেতরে আমেরিকার সাথে তার অবস্থান নিয়ে নিত্য সমালোচনা হচ্ছে, সাহিত্যে নোবেল বিজয়ী কেনজাবুরো ওই (১৯৩৫-) বলছেন, ‘জাপান বরাবরই ভুল করছে- জাপান হিরোশিমায় বোমায় ধ্বংস হয়ে যাওয়া মানবতার সাথে বেঈমানি করছে।’ বিশ্লেষকরা বলছেন জাপানকে তার এশীয় শরিক দেশগুলোর সাথে আরো সখ্য গড়ে তুলতে হবে। অর্থাৎ তাকে আমেরিকার বলয় থেকে বেরিয়ে আসার সাহস অর্জন করতে হবে। জাপান যত চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যায় আমেরিকা তত জাপানে আসে। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই প্রেক্ষাপটে সেবার (১৯৯৫ সালে) জাপানে যখন উদযাপিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মানবিক বোমায় ধ্বংসযজ্ঞের ৫০তম বার্ষিকী তখন জাপানে বসেই আমেরিকা উদযাপন করল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের বিজয়ের অর্ধশতবার্ষিকী। এ নিয়ে জাপানিদের আত্মগ্লানিতে ভুগতে ও ভাবতে দেখলাম, তবে ততটা সরবে নয়। আর জাতিসঙ্ঘ, যার ভূমিকা ইদানীং সব চেয়ে প্রশ্নের সম্মুখীন, সে উদযাপন করল তার সুবর্ণ জন্মজয়ন্তী। এমন সময় আমি তখন জাপানে। দেখার, শোনার ও শেখার মতো অনেকগুলো বিষয় বটে। 
এই জানাজানির বিষয়টি আরো তাৎপর্যবহ হয়ে ওঠে জাপানে প্রবাসী বাংলাদেশীদের সার্বিক দেখভালে দূতাবাসের ভূমিকা পালনের সময়।  আমাদের প্রবাসীরা বিদেশে নিজের শ্রম ও মেধা দিয়ে যে অর্থ উপার্জন করেন তা তাদের মুখ্যত নিজের জন্য। স্বাভাবিক। জাপানে সে সময়ে (গত শতকের আশি ও নব্বই দশকে) ১৫/১৬ শত প্রবাসীদের উপার্জন ছিল কিছুটা অসম্মানের বিনিময়ে। তাদের হয়ে দেশেরও উদ্যোগ থাকা চাই সে উপার্জন এর উপায় আরো প্রসারণে আর অর্জিত অর্থ আরো যথাযথভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য। এখানে উপলব্ধি ও উদ্যোগের মধ্যে দূরত্ব রয়ে গিয়েছে আর সীমাবদ্ধতার একটি দেয়াল রচিত হয়েই আছে প্রবাসীদের ভূমিকার প্রশ্নে। বৈদেশিক মুদ্রা উপার্জনকারী প্রবাসীদের প্রযতœ দানের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা আছে। অবশ্যই প্রয়োজন আছে দূতাবাসের ভূমিকা বিশ্লেষণের ও কার্যকর পন্থা-পদ্ধতি প্রয়োগ এবং প্রযতœ প্রদানে নিবেদিত নিষ্ঠার।
প্রথমত প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা যথা পদ্ধতিতে দেশে নিয়ে যাওয়ার ব্যাপারে। ব্যাংকিং চ্যানেলে কিংবা ডাক ব্যবস্থার মাধ্যমে পাঠানো টাকা দেশের বৈদেশিক মুদ্রার হিসাব খাতে সংযুক্ত হয়। এর দ্বারা আমদানি বাণিজ্যের দায় মেটানো সহজতর হয়- এ ব্যবস্থার দ্বারা কমিশন লাভের মাধ্যমে ব্যাংক ও ডাক বিভাগ উপকৃত হয়, রেমিট্যান্স প্রেরণকারী করদায় মুক্ত থাকেন, তদুপরি এটি সঞ্চয় প্রবণতাকে উৎসাহিত করে। পক্ষান্তরে অবৈধ উপায়ে অর্থাৎ হুন্ডির মাধ্যমে পাঠানো এ টাকা উপরোক্ত কোনো উপকার তো করেই না; বরং কালোবাজারি বৃদ্ধি ও মুদ্রামান হ্রাসে প্রকারান্তরে সহায়তা করে থাকে। এর দ্বারা ব্যবসা ব্যক্তিবিশেষের কুক্ষিগত হয় অবৈধ লেনদেন দ্বারা প্রতারণা, রাজস্বফাঁকি এবং এমনকি এর দ্বারা নাশকতামূলক কাজে ইন্ধন জোগানোর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। জাপানে যেহেতু বৈধভাবে অবস্থানের সুযোগ তখন পর্যন্ত ছিল না নেই সেহেতু ডাকযোগে কিংবা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ সীমিত। ব্যাংক কিংবা ডাক বিভাগের সুযোগ গ্রহণকারীর নাম, পরিচয়, ঠিকানা ইত্যাদি সরবরাহের যে আবশ্যকতা রয়েছে তা আমাদের প্রবাসীদের তরফে সরবরাহে সমস্যা রয়েছে। 
বিষয়টি নিয়ে জাপান সরকারের সংশ্লিষ্ট দফতর ও কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে অ্যাডহক প্রকৃতির পন্থা বা পদ্ধতি অনুসন্ধান করা হয়েছিল। কূটনৈতিক কর্মতৎপরতার তালিকায় বিষয়টি অন্তর্ভুক্তির অবকাশ এখনো রয়েছে। জাপানে বাংলাদেশ দূতাবাসে বৈদেশিক কর্মসংস্থান কিংবা শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি নেই; কিন্তু ওয়েলফেয়ার ফান্ড দেখভালের দায়িত্ব যে উইংয়ের, এ দায়িত্ব তাদের ওপর বর্তায় বলে প্রবাসীদের অভিমত। 
আমরা বাণিজ্যিক উইং থেকে আমাদের দোভাষী কাম ব্যবসাবাণিজ্যবিষয়ক উপদেশক শিরাই সানের সহায়তায় কয়েকটি এজেন্সির সাথে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা চালিয়েছিলাম।
জাপান সরকারের সাথে, জাপানি ব্যবসাবাণিজ্য সমিতিগুলোর সাথে (যেহেতু প্রবাসীরা ছোটখাটো কোম্পানি বা ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত থাকেন), মানবসম্পদ সৃষ্টিসংক্রান্ত সংস্থা সংগঠনগুলোর সাথে যোগাযোগ, মতবিনিময়, ট্রেনিং স্কিমের আওতায় জনশক্তি আমদানির সুযোগ সন্ধান ইত্যাদি উদ্যোগ বাংলাদেশ সরকারের তরফে দূতাবাস গ্রহণ করছে।  সে সময় জাপান বাংলাদেশ জয়েন্ট কমিটি অন ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কো-অপারেশনের সভায় এ ব্যাপারে দু’দেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টির প্রস্তাব উত্থাপিত হয়েছিল। বাংলাদেশে যেসব জাপানি কোম্পানি বিনিয়োগরত আছে তারাও তাদের মাধ্যমে বৈধভাবে জাপানে আমাদের কর্মীদের আসা-যাওয়ার ব্যবস্থা করতে পারে। পরে অনেক ক্ষেত্রে এ সুযোগ ব্যবহার এবং এর মধ্যে দুষ্টচক্রের অভিসন্ধির অনুপ্রবেশের খবরাখবরে নিরুৎসাহিত বোধ করেছি। তবে হাল ছাড়া হয়নি। সম্প্রতি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট এ মানবশক্তি আদান-প্রদানের বিষয়টি খোলাসা করা হয়েছে।
লেখক : সাবেক সচিব, এনবিআরের 
সাবেক চেয়ারম্যান

Advertisement