২০ লাখ শিক্ষার্থীর ৪০ লাখ বছর সময় অপচয় হচ্ছে : শিক্ষামন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক
এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমের দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় নষ্ট হচ্ছে। বছরে ২০ লাখ শিক্ষার্থী হিসাবে এ অপচয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ৪০ লাখ বছরের সমপরিমাণ সময়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, ১৬ বছরে একজন শিক্ষার্থীর এসএসসি পাস করা উচিত। কিন্তু এখন দেখা যায়, ১৭ বছর লেগে যায়। কারণ পরীক্ষা নেয়া, ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া শেষ করতে শিক্ষা বোর্ডেরই এক বছর লেগে যায়। ফলে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট হয়।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে আরো এক বছরের ব্যবধান তৈরি হচ্ছে। ২০ লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে দুই বছরের এই অপচয় মানে আমরা বছরে ৪০ লাখ বছরের সময় হারাচ্ছি। কার জন্য? আমাদের নিজেদের জন্য। এ দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের সময় এগিয়ে আনতে হবে। আমি সবসময় শিক্ষা কার্যক্রম ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে নিয়ে আসতে চেয়েছি। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রোজার কারণে সেটি সম্ভব হয়নি। তাই পরীক্ষা ১৫ মার্চে পিছিয়ে নিয়েছি।
তিনি জানান, আগামী বছরের এসএসসি পরীক্ষা এক মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এর মাধ্যমে পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের মধ্যবর্তী সময় কমিয়ে সেশনজট দূর করতে চাই। 
এদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বলেন, সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল খুব একটা ভালো নয়, মোটেও ভালো না। মাত্র ৫২ শতাংশ পাস করেছে। বিশ্ববিদ্যালয়গুলো যত দ্রুত সম্ভব ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে ভিসিদের সাথে বৈঠক হয়েছে। এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। পুনর্নিরীক্ষণের কার্যক্রম শেষ করে দ্রুত ফল প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জটিলতা কমানোর চেষ্টা করা হচ্ছে।

Advertisement