
সিলেটের কানাইঘাটের ভারত সীমান্তে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরকের চালান জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযান এসব বিস্ফোরক জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগে পালিয়ে যায় জড়িত ব্যক্তিরা।
বিজিবি জানায়, অভিযানে ৪৮টি পাওয়ারজেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাওয়ারজেল উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। ডেটোনেটর ও ফিউজ বিস্ফোরক সক্রিয় করতে ব্যবহৃত হয়। পলাতকদের শনাক্ত ও গ্রেফতারে অনুসন্ধান চলছে। এঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি সদর দফতরের নির্দেশনায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৮ কেজি পাওয়ারজেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে ১২০ জনকে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথ চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সোহেল আলম জানান, ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সৌরবিদ্যুৎচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে।
সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








