ভ্যান্স!
ইরান যুদ্ধের কারণে নির্বাচন করবেন না ভ্যান্স!। সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না, তা গুরুত্বের সাথে বিবেচনা করছেন। 

Advertisement

শুক্রবার ভ্যান্সের প্রায় এক ডজন মিত্র ও উপদেষ্টার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

রিপাবলিকান প্রাইমারি ভোটারদের প্রাথমিক জরিপে ভ্যান্স এগিয়ে থাকলেও, এখন তার মিত্ররাই স্বীকার করছেন যে দলীয় মনোনয়ন পাওয়ার পথটি তার জন্য আর নিশ্চিত নয়।

সামাজিক রক্ষণশীল সংগঠন 'আমেরিকান প্রিন্সিপলস প্রজেক্ট'-এর প্রেসিডেন্ট টেরি শিলিং ভ্যান্সকে সমর্থন করেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ালে তিনি অবাক হবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় এখন সবার জন্য মাঠ উন্মুক্ত হয়ে গেছে এবং কোনো সুনির্দিষ্ট উত্তরসূরি নেই।’

ভ্যান্স এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সময়সীমাও ঠিক করেননি; তবে তার কিছু মিত্র এখনো মনে করেন যে তার নির্বাচনে লড়ার সম্ভাবনাই বেশি। অবশ্য তার ঘনিষ্ঠজনেরা সিএনএন-কে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট বর্তমানে নিজের উচ্চাকাঙ্ক্ষা, বিভক্ত হয়ে পড়া 'মাগা' সমর্থকগোষ্ঠী এবং চলতি গ্রীষ্মে চার সন্তানে পরিণত হওয়া তার তরুণ পরিবারের মধ্যে এক ধরনের টানাপোড়েনে ভুগছেন। এছাড়া দলের এই বিপর্যয় কাটিয়ে উঠতে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি কি না, তা নিয়েও তিনি সন্দিহান।

ভ্যান্সের ঘনিষ্ঠ এক ব্যক্তি সিএনএন-কে বলেন, ‘বর্তমান পরিস্থিতি যদি সফলতা অসম্ভব করে তোলে, তবে ভবিষ্যতে ফিরে আসার মতো যথেষ্ট বয়স তার রয়েছে। হয়তো এখনই তার সময় নয়।’

ভ্যান্সের ২০২৮ সালের হিসাব-নিকাশে ইরান যুদ্ধের ছায়া

মিত্ররা ইরানের সাথে যুদ্ধকে ভ্যান্সের প্রার্থিতার পথে সম্ভবত সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন। তার সামনে মূল প্রশ্ন হলো—এই যুদ্ধ চলমান থাকা অবস্থায় কোনো রিপাবলিকান প্রার্থীর পক্ষে জয়লাভ করা সম্ভব কি না।

এক মিত্র বলেন, ‘তারা যদি ইরানের যুদ্ধ শেষ না করে, তবে ২০২৮ সালে কোনো রিপাবলিকানেরই কোনো সুযোগ থাকবে না।’

গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা ওহাইওতে ভ্যান্সের সাবেক আসনসহ রিপাবলিকানদের দখলে থাকা সাতটি সিনেট আসন ছিনিয়ে নিয়েছে। জরিপে দেখা গেছে, ২০২৪ সালে যারা ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন—যেমন পুরুষ, তরুণ, ল্যাটিনো এবং কলেজ ডিগ্রিহীন শ্বেতাঙ্গ ভোটার—তাদের প্রায় সব গোষ্ঠীই এ বছর মুখ ফিরিয়ে নিয়েছেন।

ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের পোস্টের ব্যক্তিগতভাবে সমালোচনা করেছেন ট্রাম্প

ভোটের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ ৬১৭ শব্দের এক পোস্টে ভ্যান্স রিপাবলিকানদের পরাজয়ের জন্য যুদ্ধকে দায়ী করে লেখেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো এই যুদ্ধ।’ তিনি ইসরাইলের সাথে আমেরিকার সম্পর্ক পুনর্বিবেচনারও আহ্বান জানান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পোস্টটি সম্পর্কে আগেই জানানো হয়েছিল এবং প্রকাশ্যে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি সিএনএন-কে জানিয়েছেন, যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন বা এর পক্ষে সাফাই গাইতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প ব্যক্তিগতভাবে ভ্যান্সের দোষ ধরেছেন।

গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘একটি বিষয় ছাড়া সে ঠিকই বলেছে।’ ট্রাম্পের মতে, ভ্যান্সের এ কথাটিও যোগ করা উচিত ছিল যে সুযোগ পেলে তিনি আবারো একই সিদ্ধান্ত নিতেন।

বৃহস্পতিবার ট্রাম্প ইরান-সংক্রান্ত যে আলোচনার নেতৃত্ব ভ্যান্স দিচ্ছিলেন, তা থেকে তাকে সরিয়ে দেন এবং এর পরিবর্তে দুর্নীতির বিষয়ে মনোযোগ দিতে বলেন।

২০২৮ সালের মনোনয়নের দৌড়ে ভ্যান্সকে কারা চ্যালেঞ্জ জানাতে পারেন?

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প ইতোমধ্যেই ২০২৮ সালের নির্বাচনের জন্য নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করেছেন। যদিও ভ্যান্সের মিত্ররা বলছেন, ২০১৬ এবং ২০২৪ উভয় নির্বাচনেই প্রার্থীদের ভিড় ট্রাম্পের পক্ষেই কাজ করেছিল।

ট্রাম্প এখনো ভ্যান্সকে সমর্থন দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি এবং সহযোগীদের জানিয়েছেন যে তিনি কিছুদিন প্রাইমারি নির্বাচন থেকে দূরে থাকার পরিকল্পনা করছেন। 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে শেষ পর্যন্ত কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন : ‘সম্ভবত। তবে তা জরুরি নয়।’

সূত্র : জেরুসালেম পোস্ট