ওয়াইসি
আমরা এখানে ৪০০ বছর ধরে নামাজ পড়েছি : অখিলেশকে ওয়াইসি। সংগৃহীত

অযোধ্যার রাম মন্দির পরিদর্শনের পরিকল্পনার জেরে শনিবার সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদবকে লক্ষ্যবস্তু করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। 

Advertisement

তিনি বলেছেন, ১৯৯২ সালে ভেঙে ফেলার আগ পর্যন্ত ওই স্থানে দাঁড়িয়ে থাকা বাবরি মসজিদে মুসলমানরা শত শত বছর ধরে নামাজ আদায় করেছেন।

মিরাটে এক জনসভায় ওয়াইসি বলেন, 'অখিলেশ এমন এক জায়গায় যাচ্ছেন, যেখানে আমরা ৪০০ বছর ধরে নামাজ পড়েছি।' এ সময় তিনি নাগিনায় নামাজ আদায় করতে চাওয়া মানুষদের প্রতি আজাদ সমাজ পার্টির (এএসপি) নেতা চন্দ্রশেখর আজাদের সমর্থনের কথাও উল্লেখ করেন। এটি ছিল এআইএমআইএম এবং এএসপি-র নতুন জোট ‘সামাজিক পরিবর্তন মোর্চা’র প্রথম জনসভা। 

ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং প্রধান বিরোধী দল এসপি ও কংগ্রেসের বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরছে এই জোট। ছয় মাসেরও কম সময়ের মধ্যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে; এমতাবস্থায় এসপি ও কংগ্রেস যখন মুসলিম-দলিত ভোট একত্রিত করার চেষ্টা করছে, ঠিক তখনই এই মুসলিম-দলিত জোট রাজ্যে নিজেদের জন্য নতুন রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে।

আগামী ১২ ডিসেম্বর অখিলেশ যাদবের রাম মন্দির পরিদর্শনের কথা রয়েছে। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট ওই জমি হিন্দু পক্ষকে দেওয়ার রায় দেওয়ার পর মন্দিরটি নির্মিত হয়। ২০২৪ সালের জানুয়ারিতে মন্দিরের 'প্রাণপ্রতিষ্ঠার' পর এটিই হবে অখিলেশের প্রথম সফর। 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, অখিলেশ যাদবকে স্বাগতম, তবে তার আগে ভগবান রামের ভক্তদের কাছে ক্ষমা চাওয়া উচিত। ১৯৯০ সালে অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন ওই স্থানে পৌঁছানোর চেষ্টাকারী একদল হিন্দু করসেবকের ওপর গুলি চালানোর ঘটনার প্রতি ইঙ্গিত করেই আদিত্যনাথ এ কথা বলেন।

ওয়াইসি প্রশ্ন তোলেন, যেসব জায়গায় মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে, অখিলেশ যাদব সেখানে কখনো গিয়েছেন কি না। তিনি সমাজবাদী পার্টির ‘পিডিএ’ (পিছড়ে বা অনগ্রসর শ্রেণি, দলিত ও অল্পসংখ্যক বা সংখ্যালঘু) স্লোগান নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, 'অখিলেশ যাদব পিডিএ-র কথা বলেন... পিডিএ-র আসল অর্থ হলো— ‘পলট দিয়া অখিলেশ’ (অখিলেশকে উল্টে দেওয়া হবে)।'

সমাজবাদী পার্টিকে আক্রমণ করতে গিয়ে তিনি ২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গার প্রসঙ্গ তোলেন। পশ্চিম উত্তরপ্রদেশের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে বক্তব্য রাখার বিষয়টি মাথায় রেখে ওয়াইসি বলেন, 'তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ২০১৩ সালে মুজাফফরনগর গণহত্যা ঘটেছিল। ৫০ হাজার মানুষকে তাঁদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল।' 

তিনি বলেন, ৪৭ জন মুসলিম বিধায়ক থাকা সত্ত্বেও এসপি কিছুই করেনি, উল্টো অখিলেশ যাদব 'সাইফাইয়ে নাচ-গান দেখছিলেন।' তিনি আরো অভিযোগ করেন যে, পরে এসপি সরকার ত্রাণশিবিরগুলোও ভেঙে দিয়েছিল।

কংগ্রেসকেও ১৯৮৭ সালের মিরাট হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেন ওয়াইসি। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, '১৯৮৭ সালের ২২ মে, এই মিরাটেরই হাশিমপুরায় ৪২ জন মুসলমানকে হত্যা করা হয়েছিল। তখন ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার। আপনাদের দাদাদের জিজ্ঞাসা করুন।'

অখিলেশ যাদব বলেছিলেন, যে দল বিজেপিকে হারাতে পারবে, দলিত ও মুসলমানদের সেই দলকেই ভোট দেওয়া উচিত। ওয়াইসি এই বক্তব্য প্রত্যাখ্যান করে প্রশ্ন তোলেন— ২০১৪, ২০১৭, ২০১৯ কিংবা ২০২২ সালের নির্বাচনে এসপি কি বিজেপিকে হারাতে পেরেছিল?

আদিত্যনাথ বা অখিলেশ যাদবের নাম উল্লেখ না করে তিনি বলেন, 'গোঁফওয়ালা আর দাড়িওয়ালাদের' এই জোট 'ন্যাড়া মাথা আর ক্লিন-শেভডদের' (অর্থাৎ যোগী ও অখিলেশকে ইঙ্গিত করে) ক্ষতি করবে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিগত বিধানসভা নির্বাচনগুলোতে ওয়াইসি এবং আজাদের দল কোনো আসনেই জয়লাভ করতে পারেনি।

নাগিনার পার্লামেন্ট সদস্য চন্দ্রশেখর আজাদকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে ওয়াইসি আরো বলেন, 'আমরা আর কোনো রাজনৈতিক দলের সামনে মাথা নত করব না, কারো কাছে ভিক্ষা চাইব না, এবং কারো জন্য আর গালিচা বিছিয়ে দেব না।'

তিনি বলেন, “মানুষ আমাকে জিজ্ঞাসা করে, ‘আসাদউদ্দিন ওয়াইসি, আপনি কেন চন্দ্রশেখর আজাদের সাথে হাত মেলালেন?’ তাদের উত্তরে আমি বলি : ‘আমি কেবল হাত মেলাইনি; আমাদের হৃদয় এক হয়ে গেছে।’”

একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ওয়াইসি দাবি করেন, সারাদেশে নথিভুক্ত প্রায় ৬৭০টি ঘৃণাভাষণের মধ্যে প্রায় ৭৫ শতাংশই ঘটেছে উত্তরপ্রদেশে। 

তিনি অভিযোগ করেন, পুলিশি এনকাউন্টারে মুসলমানদের আনুপাতিক হারের চেয়ে অনেক বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তার দল যে সব ধরনের এনকাউন্টারেরই বিরোধী, তা বোঝাতে তিনি হিন্দু গ্যাংস্টার বিকাশ দুবে, সুমিত গুর্জর এবং পুষ্পেন্দ্র যাদবের নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, 'বন্দুকের শাসন চলবে না, আইনের শাসন চলবে... খাকি উর্দিকে জবাবদিহি করতে হবে।'

জোট জয়ী হলে কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন ওয়াইসি এবং আখের ন্যায্যমূল্য বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি তিনি পশ্চিম উত্তরপ্রদেশে হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনেরও দাবি তোলেন।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ মিরাট থেকেই শুরু হয়েছিল উল্লেখ করে ওয়াইসি বলেন, সেই যুদ্ধ রমজান মাসে হয়েছিল। তিনি ইঙ্গিত দেন যে, আগামী বছরের নির্বাচনও পবিত্র রমজান মাসে পড়তে পারে।

লখনউতে এই মোর্চার ঘোষণা দিয়ে ওয়াইসি ও আজাদ জানিয়েছেন, তাদের জোট রাজ্যের সবকটি অর্থাৎ ৪০৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০২২ সালের নির্বাচনে এআইএমআইএম ৯৫টি আসনে লড়ে একটিতেও জিততে পারেনি, আর এএসপি প্রায় ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শূন্য হাতে ফিরেছিল।

সূত্র : এনডিটিভি