
আলমগীর কবির
৬০ বছর পেরোনোর পর একটি দম্পতি চিন্তা করলেন কে আগে মারা যাবে। স্বামীর ভাবনা স্ত্রী তাকে ছাড়া একা থাকতে পারবে না, আবার স্ত্রী চিন্তা করেন তিনি না থাকলে স্বামীর খাবার দাবারের কষ্ট হবে। এমনই এক গল্পের সিনেমার নাম ‘পায়ার’। যেটি আলোর মুখ দেখতে অপেক্ষা করতে হয়েছে দুই বছর।
ভারতীয় ১১১ মিনিটের এই চলচ্চিত্রটির নাম ‘পায়ার’ যার অর্থ চিতা। সাংবাদিকতা ছেড়ে পরিচালক বনে যাওয়া বিনোদ কাপরির এই সিনেমাটি কেবল প্রেমের গল্পই নয়। বরং হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছবির মতো সুন্দর শত শত গ্রামের জনশূন্য হয়ে পড়ার করুণ চিত্রও ফুটিয়ে তুলেছে। কাজের খোঁজে তরুণ প্রজন্মের শহরমুখী হওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে পাহাড়ি অঞ্চলের আবহাওয়া দিন দিন কীভাবে রুক্ষ ও কঠোর হয়ে উঠছে সেই নির্মম বাস্তবতার গভীর ছাপ রয়েছে পুরো গল্পজুড়ে। সামাজিক মাধ্যমে ভারতীয়দের শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় অনেক দর্শকের চোখে জল। আবার অনেকেই লিখেছেন, সাম্প্রতিককালে আর কোনো চলচ্চিত্র তাদের মনকে এমন গভীরভাবে নাড়া দিতে পারেনি। সিনেমার দুই প্রধান চরিত্র পদ্ম সিং (যেটিতে অভিনয় করেছেন খোদ পরিচালকের কাকা পদ্ম সিং) এবং তুলসী (অভিনয়ে হীরা দেবী)। কুমাওনি ভাষায় ‘বুবু’ ও ‘আমা’, অর্থাৎ দাদা ও দাদি হিসেবেই তারা পরিচিত। উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ের একটি ছোট্ট কুটিরেই তাদের বসবাস। প্রধান চরিত্রে অভিনয় করা এই মানুষগুলো পেশাদার কেউ নন, নিতান্তই সাধারণ গ্রামবাসী। যাদের জীবনে কখনো ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাও ছিল না। অথচ তাদের এই নিখাদ অভিনয় মুগ্ধ করেছে নাসিরুদ্দিন শাহ ও অনুপম খেরের মতো বলিউডের প্রবীণ ও গুণী অভিনেতাদেরও। সেখানে বয়সের হিসাব করা হয় ইতিহাসের বড় বড় ঘটনার সাপেক্ষে। পদ্ম সিংয়ের জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর দু’বছর আগে, আর তুলসীর জন্ম হয়েছিল জাপানে পরমাণু বোমা পড়ার সেই অভিশপ্ত বছরে। তাদের গ্রামে নেই কোনো পাকা রাস্তা, নেই বিদ্যুতের আলো। সহায়-সম্বলহীন এই জীবনে বিপদ যেন নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে তুলসীকে প্রায়ই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে বয়ে নিয়ে যেতে হয়। আর এমন জরুরি মুহূর্তে পদ্ম সিং ফুঁ দেন এক প্রথাগত দীর্ঘ শিঙ্গায় সেই আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বিনিময়ে তাদের হাতে তিনি তুলে দেন একটি ছাগল। চলচ্চিত্রে যেমন আক্ষেপের সুরে এক চরিত্র বলেই ফেলে, ‘এখানে কিছুই নেই শুধু পাহাড় ছাড়া!’ এমন রূঢ় বাস্তবতার কারণে সুন্দর কিন্তু সুযোগহীন এই পাহাড়ি মাটি ছেড়ে তরুণরা পাড়ি জমায় নতুন জীবনের খোঁজে। আর যারা একবার চলে যায়, তারা খুব কমই আর ফিরে আসে।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিনোদ কাপরি বলেন, ‘এটি মূলত জীবনের সায়াহ্নে এসে পৌঁছানো এক বৃদ্ধ দম্পতির আত্মিক প্রেমের গল্প।’ ‘৬৫ বছর ধরে তারা একসাথে পথ চলছেন। গত ২৮ বছর ধরে তারা মুম্বাইয়ে কাজ করতে যাওয়া একমাত্র ছেলে হারিয়ার ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। এটি সহমর্মিতা, একাকিত্ব এবং অনন্ত প্রতীক্ষার এক অমলিন উপাখ্যান,’ যোগ করেন কাপরি।
হঠাৎ করেই একদিন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ছেলের কাছ থেকে এল এক চিঠি। নির্ধারিত তারিখেই বাড়ি ফিরছে হারিয়া। তাদের এই দীর্ঘ অপেক্ষার প্রহরগুলো তখন নতুন এক আবেগ ও তীব্র আকুলতায় প্রাণ ফিরে পেল। কিন্তু পদ্ম সিং ও তুলসী যখন দিন গোনার পালা শেষ করে আনছিলেন ঠিক তখনই আশপাশে হাতে গোনা যে কটি পরিবার বাকি ছিল, তারাও একে একে গ্রাম ছেড়ে পাড়ি জমাচ্ছে। ধীরে ধীরে বিশাল ওই পর্বতমালায় তারা দু’জনে একেবারে একা হয়ে পড়লেন। ‘তোমার আর তুলসীরও উচিত যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া। তা না হলে, তোমরা দু’জন মারা গেলে পাহাড় থেকে চিতায় নামিয়ে নেয়ার মতো চারটা মানুষও আর এখানে খুঁজে পাওয়া যাবে না,’ গ্রাম ছাড়ার সময় এক প্রতিবেশী পদ্ম সিংকে এভাবেই সতর্ক করলেন। এরপর কিছুটা ঠাট্টা মিশিয়ে যোগ করলেন, ‘তার চেয়ে বরং আমরা যাওয়ার আগেই মরে যাও!’ সাহায্য চাওয়ার জন্য চারিপাশে যখন আর একটি প্রাণও অবশিষ্ট নেই, তখন পদ্ম সিং নিজ হাতে কুটিরের দরজার ঠিক বাইরে পাশাপাশি দু’টি চিতা সাজিয়ে তুললেন। একটি তার স্ত্রীর জন্য, অন্যটি নিজের। স্বামীকে দু’টি চিতা প্রস্তুত করতে দেখে তুলসী যখন অবাক হয়ে প্রশ্ন করলেন, পদ্ম সিং তখন শান্ত ও অবিচল কণ্ঠে জবাব দিলেন, ‘তুমি মারা গেলে একা হাতে এই পাহাড় থেকে তোমার লাশ আমি কীভাবে নিচে নামাব?’
গল্পের প্রেক্ষাপট কিছুটা বিষাদময় এবং সংবেদনশীল কিছু বিষয়ের ছোঁয়া থাকলেও, ‘পায়ার’ সিনেমাটি আদ্যোপান্ত রসবোধে ভরপুর। এর কেন্দ্রীয় জুটিটি দারুণ উপভোগ্য। দীর্ঘদিনের বিবাহিত বহু দম্পতির মতোই তারা একে অন্যের সাথে খুনসুটি করাটাকেই যেন ভালোবাসার ভাষা বানিয়ে নিয়েছে। ২০১৮ সালে উত্তরাখণ্ডেরই সন্তান বিনোদ কাপরি এই সিনেমার আইডিয়া পান রাজ্যের এক মনোরম পাহাড়ি শহর মুন্সিয়ারিতে ৮৪ বছর বয়সী এক বৃদ্ধের সাথে দেখা করার পর।
‘ফেসবুকে এক বৃদ্ধের ছবি দেখে আমি তার সাথে দেখা করতে যাই। তার মুখের বলিরেখাগুলো আমাকে দারুণভাবে আকর্ষণ করেছিল। তার মুখাবয়বটা সত্যিই ব্যতিক্রম ছিল’ জানান কাপরি।
কাপরি বলেন, তিনি সেই বৃদ্ধ ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা কী। বৃদ্ধটি বললেন, ‘আমার সবচেয়ে বড় চিন্তা হলো আমি যদি আগে মারা যাই, তবে ওর দেখাশোনা কে করবে?’ আর তার স্ত্রী বললেন, ‘ও তো রান্না করতেই জানে না। তাই আমি আগে মারা গেলে ও কিভাবে নিজের খাবার জোগাড় করবে, সেটাই আমি জানি না। কথাটা আমার মনে বেশ গভীর দাগ কেটেছিল।’
কাপরি জানান, প্রথমে তিনি ওই ‘আসল দম্পতিকে’ নিয়েই সিনেমাটি বানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সপ্তাহখানেক শুটিংয়ের পর যখন বুঝতে পারলেন যে বিষয়টি ঠিকমতো এগোচ্ছে না, তখন তিনি সেই ভাবনা বাদ দেন। এরপর তিনি প্রধান চরিত্রে অভিনয়ের জন্য দম্পতি হিসেবে পরিচিত বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও রতœা পাঠকের শরণাপন্ন হন। কাপরির ভাষ্যমতে, চিত্রনাট্যটি নাসিরুদ্দিন শাহের দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু তার মনে হয়েছিল, যেহেতু তারা ওই অঞ্চলের মানুষ নন, তাই চরিত্রগুলোর সাথে পুরোপুরি ন্যায়বিচার করতে তারা হিমশিম খেতে পারেন। অবশেষে কাপরি তার পদ্ম সিংকে খুঁজে পান নিজের পরিবারেই। তার কাকা, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, যিনি অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন আর তার তুলসীকে খুঁজে পান অন্য এক গ্রামে। হীরা দেবী নামের এক বয়োবৃদ্ধ বিধবা নারী, যিনি পাহাড়ের জমিতে চাষাবাদ করে, ঘাস কেটে আর মহিষের যতœ নিয়েই সন্তানদের বড় করে তুলেছেন।
পদ্ম সিং ও হীরা দেবী বিবিসিকে জানান, বছরের পর বছর ধরে তারা চোখের সামনে দেখেছেন কিভাবে গ্রামগুলো একে একে জনশূন্য হয়ে পড়েছে। আর কাজের খোঁজে তরুণরা বৃদ্ধ বাবা-মাকে ফেলে শহরমুখী হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








