
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চার সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মেজর রয়েছেন। এসব অভিযানে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ১৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকিসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কোয়েটা-তাফতান মহাসড়কেও (এন-৪০) টহল ও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।
আইএসপিআর জানায়, ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুর এলাকায় অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ ভারত-সমর্থিত ফিতনা আল-হিন্দুস্তানের আট সদস্যকে হত্যা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিবৃতিতে বলা হয়, ১৪ নভেম্বর ফিতনা আল-হিন্দুস্তানের সদস্যরা সশস্ত্র কোয়াডকপ্টার বা ড্রোন ব্যবহার করে টহলরত সামরিক যানবাহনে হামলা চালায়। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাস নাসির পাকিস্তানের চাকওয়াল জেলার বাসিন্দা ছিলেন। অন্যদিকে হাবিলদার মুহাম্মদ আদনান খানের বাড়ি কোটলি সাত্তিয়ানে।
আইএসপিআর আরো জানায়, নিরাপত্তা বাহিনীর মনোবল ও সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার সংকল্পে এ হামলার কোনো প্রভাব পড়বে না। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান একই গতিতে চলবে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ভারত ও অন্যান্য বৈরী গোয়েন্দা সংস্থার সহায়তায় ফিতনা আল-হিন্দুস্তান ড্রোন, বিস্ফোরকসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরীহ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। পাকিস্তানে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার সরকারি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করাই তাদের উদ্দেশ্য।
আইএসপিআরের দাবি, ভারত এসব সন্ত্রাসী গোষ্ঠীকে আর্থিক সহায়তার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করছে। তবে নিরাপত্তা বাহিনী নতুন ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং সন্ত্রাসীদের কোনোভাবেই সুযোগ দেয়া হবে না।
বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনার আওতায় কেন্দ্রীয় সর্বোচ্চ কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অধীনে সন্ত্রাসবাদবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।
এর আগে, পৃথক এক বিবৃতিতে আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে ধারাবাহিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এসব অভিযানে ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মির আলী, দত্তা খেল ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের একাধিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, তীব্র গোলাগুলির পর গত ১২ ঘণ্টায় আলী খেল এলাকায় ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ১২ সদস্য নিহত হন। তাদের মধ্যে দু’জন আফগান নাগরিক। এছাড়া মির আলী ও দত্তা খেল এলাকায় আরো দু’জন করে মোট চারজন নিহত হন। এতে ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী।
অভিযানে ৪৩ বছর বয়সী হাবিলদার আস্মত আলী ও ৩২ বছর বয়সী নায়েক আফতাব আলী নিহত হন।
আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরীহ বেসামরিক নাগরিক হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকাগুলোতে অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে পাকিস্তান সরকার ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।
সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে অগ্রগতির দাবি
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেছেন। একইসাথে নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের আত্মত্যাগ পুরো জাতির জন্য গর্বের বিষয়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর পেশাদারত্ব, সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপির বরাতে তার দফতর জানায়, উত্তর ওয়াজিরিস্তানে ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফিতনা আল-খাওয়ারিজের ১৬ সদস্যকে হত্যার ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, সাহসী সেনাসদস্যদের সর্বোচ্চ আত্মত্যাগ সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূলের জাতীয় সংকল্পকে আরো দৃঢ় করেছে। দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি, দৃঢ়তা ও অবিচল সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যাবে পাকিস্তান।
উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মাস্তংয়ের কারদাগাপ এলাকায় সামরিক বহরে ড্রোন হামলায় সেনাসদস্যদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধ রয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি আট সন্ত্রাসী নিহত হওয়ার ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি এবং উন্নয়নের পথে বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে।
নিহত মেজর ও হাবিলদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বেলুচিস্তানে শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে কোনো আপস করা হবে না।
পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি
এদিকে, এসব অভিযান এমন এক সময়ে পরিচালিত হলো, যার আগের দিনই আইএসপিআর খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বিভিন্ন অভিযানে ৭৪ জন সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছিল।
শুক্রবার সামরিক বাহিনী জানায়, খাইবার পাখতুনখোয়ায় ৪৮ ঘণ্টার অভিযানে ৪৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে উত্তর ওয়াজিরিস্তানের মির আলীতে ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আটজন রয়েছেন। এছাড়া ৩ নভেম্বর শুরু হওয়া বেলুচিস্তানের একটি অভিযানে আরো ৩১ জন সন্ত্রাসী নিহত হন।
২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত টিটিপি পাকিস্তান সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাহার করে হামলা বাড়ানোর ঘোষণা দেয়ার পর থেকে দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা গেছে। এ সময়ে খাইবার পাখতুনখোয়া ও সাবেক উপজাতীয় এলাকাগুলোতে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ধরনেও পরিবর্তন এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সাবেক উপজাতীয় এলাকাগুলোতে হামলার সংখ্যা আগের সপ্তাহের আটটি থেকে বেড়ে ২০টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে বেলুচিস্তানে হামলার সংখ্যা ১৫টি থেকে কমে ১১টিতে নেমেছে। তবে সেখানে হামলায় নিহতের সংখ্যা পাঁচ থেকে বেড়ে সাত হয়েছে।
অক্টোবর মাসে মাসভিত্তিক হিসাবে সন্ত্রাসী সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে আসার পরও সাপ্তাহিক হিসাবে এই বৃদ্ধি দেখা গেছে।
এর আগে, চলতি মাসের ১ নভেম্বর বেলুচিস্তানের কাচ্চি ও খারান জেলায় দু’টি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে এক সেনাসদস্য নিহত এবং ১৭ জন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছিল আইএসপিআর।
সূত্র : ডন
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








