
ভারতের ঘরোয়া রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় শনিবার দলকে নেতৃত্ব দিতে নেমে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন কিশোর ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী।
১৫ বছর ২৩২ দিন বয়সে অধিনায়কত্ব করে ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের রেকর্ড ভেঙেছেন তিনি। এর আগে ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ভুকুসিচ। টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোরে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে সুরাষ্ট্রের কাছে হেরে যায় সূর্যবংশীর দল বিহার। ম্যাচটিতে ১২ বলে ১৮ রান করেন তিনি।
সূর্যবংশীর বাবা সঞ্জীব বলেন, আমরা আশাবাদী ছিলাম যে সে এই কৃতিত্ব অর্জন করবে। আমরা আরো আশা করি, একদিন সে জাতীয় ক্রিকেট দলকেও নেতৃত্ব দেবে।
গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মধ্য দিয়ে ভারতের ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন সূর্যবংশী। ভেঙে দেন শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।
১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল ভারতের ব্যাটিং কিংবদন্তি টেন্ডুলকারের।
চলতি বছরের আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি।
আইপিএলের ওই মৌসুমে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জেতেন অরেঞ্জ ক্যাপ।
এ পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৯৫ রান করেছেন সূর্যবংশী। এর মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








