আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া মহাসড়ক উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ শুরু
চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক স্ট্যান্ডার্ড টু-লেনে উন্নীতকরণ হচ্ছে : নয়া দিগন্ত।
  • কর্ণফুলী টানেল হয়ে কক্সবাজার যেতে সময় কমবে ৪৫ মিনিট
  • কাজ শুরুর প্রত্যাশা ডিসেম্বরে

চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ২৮ কিলোমিটার কমাতে আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ৫৮ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক উন্নয়নে ব্যয় হবে এক হাজার ১৮৩ কোটি ৬৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রামের সাথে কক্সবাজারের যোগাযোগে প্রায় ৪৫ মিনিট সময় সাশ্রয় হবে।
বহুল প্রত্যাশিত এই প্রকল্পের আওতায় আনোয়ারার কালাবিবির দীঘি থেকে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়কটি উন্নীত ও প্রশস্ত করা হবে। প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হওয়ায় এর বাস্তবায়ন কার্যক্রম আরো এক ধাপ এগিয়েছে।
চলতি বছরের ৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৮৩ কোটি ৬৭ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ১ জুলাই থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত।
প্রকল্পে চট্টগ্রাম অংশে রয়েছে ৩৬ কিলোমিটার সড়ক, যা চারটি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। অন্য দিকে কক্সবাজার অংশে ২২ দশমিক ২০ কিলোমিটার সড়ক রয়েছে দু’টি প্যাকেজে। এর মধ্যে কক্সবাজার অংশে একটি এবং চট্টগ্রাম অংশে একটি প্যাকেজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে দরপত্র মূল্যায়নের কাজ চলছে বলে জানা গেছে।
প্রকল্পের গুরুত্ব ও নির্বাচনের যৌক্তিকতা সম্পর্কে সড়ক বিভাগ জানায়, প্রস্তাবিত সড়কটি আনোয়ারার কালাবিবির দীঘি থেকে শুরু হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত বিস্তৃত। ৫৮ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এবং বর্তমানে ৫ দশমিক ৫০ মিটার প্রস্থের সড়কটি যথাযথ মানে উন্নয়ন ও প্রশস্ত করে ১০ দশমিক ৩০ মিটারে উন্নীত করা হবে।
এই সংযোগ সড়কটি কর্ণফুলী টানেল-আনোয়ারা-বাঁশখালী হয়ে সরাসরি কক্সবাজারের চকরিয়া-বদরখালী আঞ্চলিক মহাসড়ক (আর-১৭২) দিয়ে জাতীয় মহাসড়ক এন-১-এর সাথে যুক্ত হবে।
সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। এ সড়ক দিয়ে বাঁশখালী ইকোপার্ক, বাঁশখালী সমুদ্রসৈকত, বাঁশখালী বৈলগাঁও চা-বাগান, নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি, কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বাঁশখালীর গন্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল, কেইপিজেড, চকরিয়া, পেকুয়া ও কক্সবাজারসহ বিভিন্ন শিল্পকারখানায় যাতায়াত করা হয়।
এ কারণে সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে বিবেচিত। তবে যানবাহনের তুলনায় সড়কটি অপ্রশস্ত হওয়ায় প্রায়ই যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনাও ঘটে।
সড়ক বিভাগ জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় নিরাপদ ও উন্নত সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এতে দুর্ঘটনাও কমবে। পাশাপাশি ৫৮ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটি কর্ণফুলী টানেল হয়ে সরাসরি চকরিয়া-বদরখালী আঞ্চলিক মহাসড়ক (আর-১৭২) দিয়ে জাতীয় মহাসড়ক এন-১-এর সাথে যুক্ত হওয়ায় প্রকল্প এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্প বাস্তবায়িত হলে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরগামী যানবাহনের যাতায়াতেও দূরত্ব ও সময় কমবে। বর্তমানে ঢাকা থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরগামী যানবাহন ও পণ্য পরিবহনে কর্ণফুলী টানেল থেকে আনোয়ারা-শিকলবাহা ওয়াই জংশন-পটিয়া বাইপাস-গাছবাড়িয়া (চন্দনাইশ)-চকরিয়া-বদরখালী-মাতারবাড়ী রুটে ১৩১ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হয়।
প্রকল্পটি বাস্তবায়িত হলে যানবাহনগুলো কর্ণফুলী টানেল থেকে কালাবিবির দিঘী-বাঁশখালী-টইটং-পেকুয়া-চকরিয়া (ঈদমনি)-বদরখালী-মাতারবাড়ী রুটে ৯১ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব কমবে এবং প্রায় এক ঘণ্টা কর্মঘণ্টা সাশ্রয় হবে।
অন্য দিকে কক্সবাজারগামী যানবাহন ও পণ্যবাহী গাড়ি কর্ণফুলী টানেল হয়ে কালাবিবির দীঘি-বাঁশখালী-টইটং-পেকুয়া-একতাবাজার অথবা ঈদমনি-চকরিয়া-কক্সবাজার রুটে চলাচল করলে প্রায় ২৮ কিলোমিটার দূরত্ব কমবে। এতে প্রায় ৪৫ মিনিট সময় সাশ্রয় হবে।
প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে ৩০ দশমিক ৮৬ হেক্টর ভূমি অধিগ্রহণ, সড়ক বাঁধ প্রশস্তকরণে ১৪ লাখ ১০ হাজার ৭৮৩ দশমিক ৮২৭ ঘনমিটার মাটির কাজ, ৫ দশমিক ৫০ মিটার থেকে ১০ দশমিক ৩০ মিটারে পেভমেন্ট প্রশস্তকরণ ৪৪ দশমিক ৩৮৯ কিলোমিটার এবং বিদ্যমান ৫ দশমিক ৫০ মিটার পেভমেন্ট মজবুতকরণ ৪৪ দশমিক ৩৮৯ কিলোমিটার।
এ ছাড়া ১০ দশমিক ৩০ মিটার প্রস্থে ডিবিএস বেস ও ওয়্যারিং কোর্স সারফেসিং ৪৮ দশমিক ০৪৮ কিলোমিটার, ১০ দশমিক ৩০ মিটার প্রস্থে রিজিড (আরসিসি) পেভমেন্ট নির্মাণ ১০ দশমিক ১৫২ কিলোমিটার এবং ৩ দশমিক ৭০ মিটার প্রস্থে ৩০টি বাস-বে নির্মাণ করা হবে। বাস-বে নির্মাণের কাজের দৈর্ঘ্য ৪ দশমিক ৫০ কিলোমিটার।
প্রকল্পে আরো রয়েছে ৭৮টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, যার দৈর্ঘ্য ৫০৩ মিটার; ১৩টি আরসিসি বক্স কালভার্ট প্রশস্তকরণ, যার দৈর্ঘ্য ৪৮ দশমিক ৮০ মিটার; ৯ হাজার ৯৯০ মিটার আরসিসি ইউ-ড্রেন নির্মাণ; ১৫ হাজার মিটার সসার ড্রেন নির্মাণ ও জিও-টেক্সটাইলসহ সিসি ব্লক স্থাপন; ১২ হাজার বর্গমিটার আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ এবং দুই হাজার মিটার এমএস পাইপ প্যালাসাইডিংয়ের কাজ।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দরপত্র পুনর্মূল্যায়নের কাজ শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের মূল কাজ শুরু হবে বলে তারা প্রত্যাশা করছেন।

Advertisement