এমপি নুসরাতের বাড়ি
এমপি নুসরাতের বাড়িতে বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদল, নিরপেক্ষ তদন্তের দাবি । নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

Advertisement

ঘটনার দুই দিন পর শুক্রবার (১৩ নভেম্বর) দিনভর বাড়িটি ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা দেখা গেছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ ৩৩ থেকে ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিরোধী দলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখে এবং পরিবারের বসবাসের নানা আলামত পর্যবেক্ষণ করে। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি এবং কুষ্টিয়ার পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতারাও বাড়িটি পরিদর্শন করেন বলে জানা গেছে।

দিন শেষে বিরোধী দলীয় সংসদ সদস্যরা অভিযোগ করেন, মানুষের বসবাসের আলামত থাকা সত্ত্বেও ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। 

অন্যদিকে পুলিশ বলছে, বিশেষজ্ঞের মতামত ও ফরেনসিক প্রতিবেদন ছাড়া আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পরিদর্শন

শুক্রবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ ও আলামত খতিয়ে দেখেন। 

জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া হচ্ছে। বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাইয়ের পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়া হবে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা অনুযায়ী কাজ করছে কমিটি।

বৈদ্যুতিক দুর্ঘটনা নাকি নাশকতা : বিদ্যুৎ বিভাগ ও পুলিশের বক্তব্য

আগুন লাগার কারণ নিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিষয়টিও সামনে এসেছে। পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পরীক্ষা-নিরীক্ষা করেন। তাদের অফিস থেকে সরবরাহ করা বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি। মিটারের প্লাস্টিক কভার খুলে গেলেও ভেতরের সার্কিট অক্ষত ছিল। সার্ভিস কেবল পরীক্ষা করে গ্রাউন্ডে বিদ্যুৎ পড়ার বিষয়টি দেখা গেছে। তবে সার্ভিস কেবল অক্ষত ছিল। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ফিউজ কাটা অবস্থায় পাওয়া যায়। বাড়ির মেইন সুইচের ফিউজও পরীক্ষা করে ছবি ও তথ্য সংরক্ষণ করা হয়েছে। 

তার ভাষ্য, এসব বিষয় পর্যালোচনা করে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ড ঘটেছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিশেষজ্ঞ মতামত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা জরুরি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিশেষজ্ঞের মতামত ছাড়া কোনো বিষয় নিশ্চিতভাবে বলতে চাই না। আগুন লাগার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বিশেষজ্ঞের মতামত ও ফরেনসিক প্রতিবেদন ছাড়া আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়। প্রাথমিকভাবে দুটি সম্ভাবনা রয়েছে। বাড়ির ভেতর থেকে আগুনের সূত্রপাত হতে পারে, আবার বাইরে থেকেও কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। কোনটি প্রকৃত ঘটনা, তা বিশেষজ্ঞের মতামত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এমপি নুসরাত ও বিরোধী দলীয় নেতাদের প্রতিক্রিয়া

বিরোধী দলীয় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমার কাছে মনে হয়েছে, এই ঘটনার সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা, উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানোর মতো কর্মকাণ্ড দেখা যাচ্ছে। আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ। থানায় মামলা করতে যাওয়ার সময়ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সেখানে উপস্থিত থাকতে দেখেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনো দৃশ্যমান ফলাফল আমরা দেখতে পাইনি।

তিনি আরো বলেন, কোনো ঘটনা বা নাশকতার ক্ষেত্রে প্রথমেই দেখা উচিত, কীভাবে ঘটনাটি ঘটেছে, কারা জড়িত এবং ঘটনাস্থলের পরিস্থিতি কী ছিল। সেখানে মানুষের বসবাস ছিল কি না, বাড়িটি পরিত্যক্ত ছিল কি না, মানুষ, গরু কিংবা ছাগল ছিল কি না, এসব বিষয়ও তদন্ত করা প্রয়োজন। তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে দায়ী করা কিংবা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। ঘটনাটিকে হালকাভাবে নেয়া বা অন্যভাবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা, তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দেশবাসীর সামনে প্রকৃত তথ্য তুলে ধরবেন।

এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা: মাহমুদা মিতু বলেন, ‘আমরা বিরোধী দল থেকে একটি সংসদীয় প্রতিনিধিদল হিসেবে এখানে এসেছি। ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রকৃত অবস্থা দেখাই আমাদের উদ্দেশ্য। যে বাড়িতে পরিবারের সদস্যরা ঘুমাতেন, যেখানে মানুষের বসবাসের চিহ্ন, খাওয়াদাওয়ার সামগ্রী ও শিশুদের পড়াশোনার বই রয়েছে, সেসব আলামত আমরা নিজের চোখে দেখেছি।’

অথচ বলা হচ্ছে, বাড়িটি পরিত্যক্ত ছিল এবং সেখানে দুটি ছাগল থাকত। মানুষের বসবাসের আলামত থাকার পরও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করেছেন। ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছেন। তদন্তের আগেই ঘটনাটিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা কেন?

তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার করে বক্তব্য দিচ্ছেন বলে আমরা দেখেছি। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলছেন। এতে মূল ঘটনাকে আড়াল করার চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্ন রয়েছে। ঘটনাটিকে লঘু করে দেখানোর এই প্রক্রিয়া অত্যন্ত উদ্বেগজনক। নারী ও শিশু থেকে শুরু করে সাধারণ মানুষও এ ধরনের ঘটনায় আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আওয়ামী লীগের কোনো অংশ এ ঘটনায় জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা বের করে আনতে হবে। দায়িত্বশীল ব্যক্তিদের কাজ প্রকৃত ঘটনা আড়াল করা নয়, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা।

কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, ‘কীভাবে একটি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, সেটিই এখন দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে দেশবাসীর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হলে নিরপেক্ষ তদন্তের পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। তদন্তকারী দলের ওপর একধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা চাই, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করবেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

তিনি আরো বলেন, বাড়িতে মানুষের বসবাসের চিহ্ন, প্রয়োজনীয় আসবাবপত্র, রান্নাবান্নার ব্যবস্থা ও শিশুদের ব্যবহার্য সামগ্রী রয়েছে। যেখানে দুটি ছাগল মারা গেছে, সেখানে মানুষের বসবাসের ব্যবস্থাও ছিল। তাহলে একজন দায়িত্বশীল ব্যক্তি কীভাবে এটিকে পরিত্যক্ত বাড়ি হিসেবে উপস্থাপন করেন? একজন সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? শুধু আশ্বাস দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘সরকার সবকিছু দেখেও না দেখার ভান করছে কি না, সেই প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের কোনো মহল বা পক্ষ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে মানুষের বসবাসের চিহ্ন ও বিভিন্ন আলামত দেখেছি। স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। 

এলাকাবাসী জানিয়েছেন, বিদ্যুতের লাইন থেকে এ ধরনের কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটেনি। কোনো ঘটনা ঘটলেই সেটিকে অন্য কোনো কারণ দেখিয়ে চালিয়ে দেয়ার চেষ্টা করা উচিত নয়। প্রকৃত ঘটনা কী, কীভাবে ঘটেছে এবং কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তে বের করতে হবে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের নাগরিকদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা তাদের সংশ্লিষ্ট কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে হবে। অপরাধী যে পক্ষেরই হোক, প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রেক্ষাপট ও মামলা দায়ের

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

তার অভিযোগ, দুর্বৃত্তরা পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে কয়েকটি ছাগল ও মুরগি মারা যায় এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় বাড়ির কেয়ারটেকার শাহ আলমের স্ত্রী আদরী খাতুন ও তার সন্তানসহ পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর থেকেই বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিজিবি সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

ঘটনার পর বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। 

সব মিলিয়ে আসামির সংখ্যা ৩৩ থেকে ৩৮ জন। পুলিশ সূত্রে জানা গেছে, নাম উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে দৌলতপুর উপজেলা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন। তবে এসব অভিযোগ তদন্তসাপেক্ষ।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে অগ্নিসংযোগের অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য ও তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন সবার নজর তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। 

প্রকৃতপক্ষে কীভাবে আগুনের সূত্রপাত, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ এবং কারা এর সাথে জড়িত—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।