
একুশ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে হামজা চৌধুরীর দল। তবে বাংলাদেশের কোচ টমাস ডুলির কাছে এটি শুধুই সেমিফাইনাল নয়; বরং ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ এক লড়াই।
পাকিস্তানকে হারাতে পারলেই মিলবে শিরোপার লড়াইয়ে নামার সুযোগ। তাই প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না ডুলি। শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষা।’
পাকিস্তানের শক্তিমত্তা তুলে ধরে ডুলি বলেন, ‘পাকিস্তান এবারের প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল। এশিয়ান কাপের বাছাইপর্বে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দলটি দারুণ পারফরম্যান্স করেছে।’
পাকিস্তান দলে যোগ হওয়া পাঁচ প্রবাসী ফুটবলারের ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন কোচ। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও ভয় পাচ্ছে না বাংলাদেশ। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেই মাঠে নামতে চান তিনি।
ডুলির ভাষায়, ‘প্রতিটি দলই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সম্ভবত সবচেয়ে কঠিন হবে। ওদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। সমর্থকদের দেখাতে হবে আমরা ভালো ফুটবল খেলতে পারি, লড়াকু ফুটবল খেলতে পারি। পাকিস্তানকেও দেখাতে হবে, আমাদের হারানো সহজ নয়।’
এই লড়াইয়ে বাংলাদেশের জন্য বড় ধাক্কা সাদ উদ্দিনের অনুপস্থিতি। চোটের কারণে সেমিফাইনালে খেলতে পারবেন না এই ডিফেন্ডার। ডান প্রান্তে তার অভাব অনুভব করবেন বলে স্বীকার করেছেন ডুলি। সাদের বিকল্প নিয়েও ভাবছেন তারা।
তবে সাদের জায়গায় যিনিই খেলুন, দলের সাফল্যে অবদান রাখবেন বলে আশাবাদী কোচ। সাদের প্রশংসা করে তিনি বলেন, ‘সাদ এমন একজন ফুটবলার, যে অনুশীলন থেকে শুরু করে ম্যাচ পর্যন্ত সব সময় শতভাগ দেয়। রক্ষণে যেমন দক্ষ, আক্রমণাত্মক মানসিকতাও রয়েছে। তার জায়গায় কাকে খেলানো হবে, তা নিয়ে ভাবছেন সবাই।’
পাকিস্তানের এক স্ট্রাইকারের তিন গোলও খুব বেশি ভাবাচ্ছে না বাংলাদেশের কোচকে। কারণ, এবারের প্রতিযোগিতায় এখনো প্রতিপক্ষের কাছে গোল হজম করেনি বাংলাদেশ। ম্যাচের সাথে সাথে রক্ষণভাগের সমন্বয় ও দৃঢ়তা বাড়ছে বলে বিশ্বাস ডুলির।
আক্রমণভাগ নিয়েও সন্তুষ্ট কোচ। আগের ম্যাচে চার গোল পাওয়ার পর বিশ্বনাথ, ইব্রাহিম ও ফারহানদের প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে বক্সের মধ্যে ফারহানের ড্রিবলিং ও গতি প্রতিপক্ষের রক্ষণে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করেন ডুলি।
তার মতে, বাংলাদেশের আক্রমণে এখন একাধিক খেলোয়াড় বিপজ্জনক হয়ে উঠেছেন। ফলে একজনকে আটকে রেখে বাংলাদেশকে থামানো কঠিন।
পাকিস্তান পাঁচ দিন বিশ্রাম পেলেও সেটিকে বড় করে দেখতে চান না ডুলি। তার কাছে বিশ্রামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলের মানসিক প্রস্তুতি ও জয়ের ক্ষুধা। কোচ বলেন, ‘বিশ্রামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানসিক প্রস্তুতি ও জয়ের ক্ষুধা। দলের মধ্যে কোনো ব্যক্তিগত অহংকার নেই, সবাই এক লক্ষ্যে কাজ করছে— সাফ চ্যাম্পিয়ন হওয়া।’
এদিকে তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন কোচ। তপু অনুশীলনে ফিরেছেন, পায়েও ব্যথা নেই। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ম্যাচ খেলার মতো প্রস্তুতি আছে কি-না, তা বিবেচনা করেই তাকে খেলানোর সিদ্ধান্ত নেয়া হবে। তরুণ জিদানের পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করেছেন ডুলি।
গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ কোচ। আগের ম্যাচগুলোতে আট-নয় হাজার আসন ফাঁকা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘স্টেডিয়াম সমর্থকে পূর্ণ থাকলে খেলোয়াড়রা বাড়তি শক্তি পাবেন।’
২০০৫ সালে পাকিস্তানকে হারিয়েই সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২১ বছর পর আবারো সেই পাকিস্তানই ফাইনালে ওঠার পথে বাধা। ঢাকার মাঠে এবারো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান হামজারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








