
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর, কর্মীদের মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শিগগিরই গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মহাখালীতে দূরবীন বাংলা রেস্তোরাঁ পরিদর্শনকালে তিনি এ দাবি জানান।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি রেস্তোরাঁয় শৃঙ্খলা বজায় রাখতে টোকেন ও সিরিয়াল পদ্ধতি অনুসরণ করা স্বাভাবিক বিষয়। কিন্তু সেই নিয়ম অমান্য করে কয়েকজন ব্যক্তি রেস্তোরাঁর ব্যবস্থাপক, সুপারভাইজার ও কর্মীদের মারধর করেছেন। একইসাথে সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্তোরাঁয় অবস্থানরত সাধারণ গ্রাহকরাও নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন।
তিনি বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক নাগরিক জীবনযাপনের ওপর আঘাত। মানুষ নিজের অর্থ ব্যয় করে কোনো রেস্তোরাঁয় গিয়ে নিরাপদে খাবার গ্রহণ করতে পারবে না, এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শিগগিরই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের আহ্বান জানান। পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়ায় অপরাধীদের বিচারের মুখোমুখি করা, ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সেলিম উদ্দিন আরো বলেন, রাজধানীর নাগরিকদের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও দায়িত্বশীল ব্যক্তিদের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।
পরিশেষে তিনি দূরবীন বাংলা রেস্তোরাঁর মালিক, কর্তৃপক্ষ ও কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








