জাতীয় নিরাপত্তা ও মানবিক মর্যাদা রক্ষায় দায়িত্বশীল তথ্যচর্চায় গুরুত্বারোপ
বিইউপিতে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলাবিষয়ক সেমিনারে অতিথিদের ক্রেস্ট দেয়া হয় : নয়া দিগন্ত।

নিজস্ব প্রতিবেদক

Advertisement

ডিজিটাল যুগে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য জাতীয় নিরাপত্তা, মানবিক মর্যাদা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের নৈতিক ও আইনগত দায়িত্ব পালনের পাশাপাশি গণমাধ্যম-সাক্ষরতা এবং দায়িত্বশীল তথ্যচর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। গত বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ : বাংলাদেশের প্রেক্ষাপটে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের অধীন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল (অব:) মো: নাঈম আশফাক চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা সিকদার ও ওয়াকিলা হুসাইন।
সেমিনারে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের কারণে জাতীয় নিরাপত্তায় সৃষ্ট ঝুঁঁকি, রাষ্ট্র ও গণমাধ্যমের নৈতিক ও আইনগত দায়িত্ব এবং তরুণ প্রজন্মের ওপর এর মনোসামাজিক প্রভাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অপতথ্য প্রতিরোধে গণমাধ্যম-সাক্ষরতা বাড়ানো, তথ্য যাচাই এবং দায়িত্বশীল তথ্য প্রচারের বিভিন্ন কৌশল তুলে ধরেন আলোচকরা। সমাপনী বক্তব্যে বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং যুগোপযোগী জ্ঞানচর্চার লক্ষ্যে বিইউপি ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী সেমিনারের আয়োজন অব্যাহত রাখবে। অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।