বেতাগীর ইটভাটায় দেদার পুড়ছে কাঠ, হুমকিতে জনস্বাস্থ্য
বেতাগীর একটি ইটভাটায় গাছ পোড়ানোর দৃশ্য : নয়া দিগন্ত।

কামাল হোসেন খান বেতাগী (বরগুনা)

Advertisement

আইন লঙ্ঘন করে বরগুনার বেতাগী উপজেলার ইটভাটাগুলোয় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। এসব কাঠ সামাজিক বনায়ন থেকে সংগ্রহ করায় হুমকির মুখে পরিবেশ। কাঠ চেরাইয়ের জন্য ইটভাটার মধ্যে স্থাপন করা হয়েছে করাতকল। জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো ইটভাটাগুলো বেশির ভাগ জনবসতিপূর্ণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে থাকায় কালো ধোঁয়া ও দূষণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
বরগুনা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলায় ছয়টি ইটভাটা সচল রয়েছে। এসব ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছে। ভাটাগুলো হচ্ছে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, মেসার্স হাওলাদার ব্রিকস, মেসার্স আরএমবি ব্রিকস, মেসার্স কেজেডএফ ব্রিকস, মেসার্স এমএইচকে ব্রিকস।
বেতাগী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়্যিদ আমারুল বলেন, ইটভাটার কালো ধোঁয়ার দূষণে শিশুদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এতে এক দিকে যেমন শ্বাসকষ্ট হয়, অন্য দিকে ফুসফুসে সমস্যা দেখা দেয়। এ ছাড়া হাঁপানি, চোখ দিয়ে পানি পড়া এমনকি ক্যান্সার রোগ হওয়ার আশঙ্কা থাকে।
ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত আইন, ২০১৩-এর ধারা ৬-এ অনুযায়ী ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ বিধি লঙ্ঘনে অনধিক তিন বছরের কারাদণ্ড বা অনধিক ৩ (তিন) লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সরেজমিনে দেখা গেছে, বেতাগী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম কবিরের আরএমবি নামের ইটভাটায় কাঠ দিয়ে দেদার ইট পোড়ানো হচ্ছে। এই ভাটার অভ্যন্তরে কয়েক হাজার মণ কাঠ স্তূপ করে রাখা হয়েছে। এ ছাড়া কাঠ চেরাইয়ে জন্য ভাটার ভেতরে করাতকল বসিয়ে সেখানে শ্রমিকরা কাঠ চেরাইয়ের কাজ করছেন।
বেতাগী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম কবিরের আরএমবি নামের ইটভাটায় স্তূপ করে রাখা কয়েক হাজার মণ কাঠ। আরএমবি ভাটার পরিচালক  জলিল মিয়া বলেন, কয়লার সঙ্কট থাকায় আমরা এ বছর কাঠ দিয়ে ইট পুড়াচ্ছি। উপজেলার বদনীখালী এলাকায় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ইটভাটার ওপরে কাঠ স্তূপ করে রাখা। সেই কাঠ এক শ্রমিক ভাটার চুল্লিতে দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও এই ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। প্রতিদিন ভাটায় ৩০০ থেকে ৪০০ মণ কাঠ পোড়ানো হয়।
উপজেলার বুড়ামজুমদার গ্রামের হাওলাদার ইটভাটা শ্রমিকরা জানিয়েছেন, এই ভাটায় প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ কাঠ পোড়ানো হয়। হাওলাদার ইটভাটার ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, কয়লার অনেক দাম থাকায় ইট পোড়ানোর জন্য আমরা কাঠ ব্যবহার করছি। কারণ কয়লার দাম বেশি এবং ইটের দাম কম।
বেতাগীর ঝোপখালী এলাকায় মেসার্স এমএইচকে ইটভাটায় গিয়ে দেখা গেছে, দু’জন শ্রমিক চুল্লি জ্বালানোর জন্য ভাটার ওপরে কাঠ তুলছেন। কাঠ দিয়ে ইট পোড়ানোর কারণ জানতে চাইলে ভাটার ম্যানেজার ক্ষিপ্ত হয়ে ওঠেন।
বরগুনা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, কোনো ইটভাটায় যদি ইট পোড়ানোর জন্য কাঠের ব্যবহার হয়, তাহলে ভাটামালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেতাগী ইউএনও সাদ্দাম হোসেন বলেন, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে যেসব ভাটায় কাঠ পুড়ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।