কর্ণফুলীতে ৮ কোটি টাকার সড়ক আড়াই বছরেও শেষ হয়নি
কর্ণফুলীর বোর্ডবাজার সড়কের বেহাল দশা : নয়া দিগন্ত।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Advertisement

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক-চরলক্ষ্যা-বোর্ডবাজার সড়ক উন্নয়নকাজ আড়াই বছরেও শেষ হয়নি। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ সড়ক নির্মাণে প্রাথমিকভাবে প্রায় আট কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কাজ। কোথাও কার্পেটিং অসম্পূর্ণ, কোথাও ঢালাই বাকি। আবার বিভিন্ন স্থানে ইটের খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। নির্মাণকাজের মান নিয়েও উঠেছে নি¤œমান ও অনিয়মের অভিযোগ।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়নকাজের উদ্যোগ নেয়া হয়। ২০২৪ সালের জুনে দরপত্র প্রক্রিয়া শেষে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তৌহিদ অ্যান্ড ব্রাদার্স। প্রাথমিক বরাদ্দ প্রায় আট কোটি টাকা হলেও পরবর্তী সময়ে ব্যয় প্রায় ৯ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন ঠিকাদার।
সরেজমিনে দেখা যায়, সড়কের বেশির ভাগ অংশে কাজ হলেও বোর্ড বাজারের উত্তর পাশে স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের সামনে থেকে চরলক্ষ্যা ভূমি অফিস হয়ে মোহাম্মদ আলীর দোকান পর্যন্ত এবং বোর্ড বাজারের দক্ষিণ পাশের কয়েকটি অংশ অসমাপ্ত রয়েছে। এসব স্থানে কার্পেটিং ও ঢালাইয়ের কাজ বাকি। কোথাও কোথাও ইটের খোয়া উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গর্তে পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
সড়কটি দিয়ে প্রতিদিন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ, কর্ণফুলী থানা, ভূমি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সড়কের অবস্থা আরো খারাপ হচ্ছে। নি¤œমানের নির্মাণকাজের অভিযোগও তদন্তের দাবি জানিয়েছেন তারা।
ঠিকাদারি প্রতিষ্ঠান তৌহিদ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমদ কবির চৌধুরী বলেন, বর্ষার কারণে সড়কের বিভিন্ন অংশ দুই থেকে তিনবার মেরামত করা হলেও বৃষ্টি ও যানবাহন চলাচলে সেগুলো আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সড়কের দুই পাশে ব্যক্তিমালিকানাধীন গাছ থাকায় কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়নি। নির্মাণকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, চলতি নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী সাঈদুল ইসলাম বলেন, বিটুমিনের দাম বেড়ে যাওয়ায় কাজ বিলম্বিত হয়েছে। আগে বিটুমিনের দাম ছিল আট হাজার টাকা, বর্তমানে তা বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেনি। তবে প্রকল্পের কাজ বন্ধ থাকার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, প্রকল্পের ব্যয়, কাজের অগ্রগতি ও নির্মাণমান তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সাথে অসমাপ্ত কাজ দ্রুত শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করতে হবে। ঠিকাদারের দেয়া সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।