দেড় হাজার কোটি টাকার সেতু নির্মাণে কাজ করছেন ৫ শ্রমিক
পায়রা নদীর তীরে ফেলে রাখা সেতুর নির্মাণের জন্য যন্ত্রপাতি : নয়া দিগন্ত।

 মাহমুদ হাসান পটুয়াখালী

Advertisement

পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজে নিয়োজিত রয়েছেন মাত্র পাঁচজন শ্রমিক। এক হাজার ৪২ কোটি ২৮ লাখ টাকা প্রাথমিক ব্যয়ের এ প্রকল্পে কার্যাদেশ দেয়ার ৫৪ মাস পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র ২৬ শতাংশ। এর মধ্যে চার মাস বন্ধ ছিল নির্মাণকাজ। ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই দফা নোটিশ দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১৪ অক্টোবর কাজ শুরু হলেও অগ্রগতিতে দৃশ্যমান পরিবর্তন আসেনি। গত শনিবার সরেজমিনে প্রকল্প এলাকায় মাত্র পাঁচজন শ্রমিককে কাজ করতে দেখা গেছে।
কচুয়া-বেতাগী সড়কে পায়রা নদীর ওপর নির্মাণাধীন এ সেতুর দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, নির্মাণসামগ্রীর সঙ্কট ও শ্রমিকদের মজুরি নিয়মিত পরিশোধ না করায় কাজের গতি কমেছে। অন্য দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নকশা পরিবর্তন ও অনুমোদনসংক্রান্ত জটিলতায় বিলম্ব হয়েছে।
প্রকল্পের অগ্রগতি মাত্র ২৬ শতাংশ
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০১২ সালে পায়রা নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়। ২০২০ সালের ১০ মার্চ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ২০২২ সালের ৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার সামহোয়ান ও ঢাকার মীর আখতার যৌথভাবে নির্মাণকাজের কার্যাদেশ পায়। পরে ২০২৩ সালে বর্ধিত ব্যয়ের ভিত্তিতে নতুন চুক্তি করা হয়। প্রকল্পের নথি অনুযায়ী, এক হাজার ৬৮৭ দশমিক ৭০ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ৩০ মিটার প্রশস্ত সেতুটিতে ২৪টি পিয়ার ও ২৩টি স্প্যান থাকবে। নৌযান চলাচল স্বাভাবিক রাখতে নদীর মধ্যে পিয়ারগুলোর দূরত্ব ১০০ মিটার এবং সেতুর নিচে ১৮ মিটার ফাঁকা জায়গা রাখা হয়েছে।
প্রকল্পের প্রাথমিক ব্যয় এক হাজার ৪২ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সেতু নির্মাণে ৬৩৫ কোটি ৮৭ লাখ, নদীশাসনে ৭৬ কোটি তিন লাখ, জমি অধিগ্রহণে ৫৭ কোটি পাঁচ লাখ এবং অ্যাপ্রোচ সড়ক নির্মাণে ২৯ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
পাঁচ শ্রমিক দিয়ে চলছে নির্মাণকাজ
গত শনিবার সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব প্রান্তে পটুয়াখালীর অংশে তিনটি পিয়ার নির্মাণ করা হয়েছে। পশ্চিম প্রান্তে মির্জাগঞ্জের অংশে পাইল স্থাপনের কাজ চলছিল। সেখানে মাত্র পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। তাদের ভাষ্য, নিয়মিত মজুরি না পাওয়ায় অনেক শ্রমিক কাজে আসছেন না। শ্রমিক সরবরাহকারী সাব-ঠিকাদার আশিকুর রহমান বলেন, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী ও শ্রমিকদের মজুরির টাকা নিয়মিত দিতে পারছে না। মীর আখতারের কাছে তার প্রায় ৪০ লাখ টাকা পাওনা রয়েছে। এ কারণে পর্যাপ্ত শ্রমিক সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে নির্মাণকাজের ধীরগতির অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মানিক কুমার বিশ্বাস। তিনি বলেন, সেতুর মূল কাজ নদীর ভেতরে। এসব কাজ শেষ করে নির্ধারিত সময়ে সেতু হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
নকশা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রাথমিক নকশায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ ও সংযোগ সড়কে অসঙ্গতি ছিল। পরে বুয়েটের প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করে নতুন নকশা তৈরি করে। এতে সেতুর পূর্ব প্রান্তের অবস্থান ১০০ মিটার উত্তরে সরিয়ে নিতে হয়। নতুন নকশা ও মাটির পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন কারণে নির্মাণ ব্যয় বেড়েছে। আগের চুক্তিমূল্য ৭৩৯ কোটি টাকার সাথে আরো ৩৫০ কোটি টাকা যুক্ত করে সংশোধিত ব্যয়ের প্রস্তাব দেয়া হয়েছে। তবে এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছে। তার দাবি, ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।
কাজ না বাড়লে চুক্তি বাতিলের হুঁশিয়ারি
পাঁচজন শ্রমিক দিয়ে কাজ চলার বিষয়টি স্বীকার করেছেন প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি বলেন, প্রকল্পের ২৬ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৩৬ কোটি ৯২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। তিনি আরো বলেন, গত ৪ অক্টোবর দ্বিতীয় দফায় নোটিশ দিয়ে দ্রুত কাজ শুরু ও নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দেয়া হয়। ১৪ অক্টোবর কাজ শুরু হলেও অগ্রগতি আশানুরূপ নয়। আবারো নোটিশ দিয়ে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেয়া হবে। এতে ব্যর্থ হলে চুক্তি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সেতু চালু হলে কমবে দূরত্ব ও ভোগান্তি
সেতুটি চালু হলে পটুয়াখালীর গলাচিপা, দশমিনা, বাউফল, দুমকী, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার সাথে পিরোজপুর, বাগেরহাট, মোংলা ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। কুয়াকাটায় যাতায়াতও সহজ হবে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে পটুয়াখালী থেকে বরিশাল ও ঝালকাঠি হয়ে খুলনায় যেতে প্রায় ১৫৫ থেকে ১৬০ কি.মি. পথ পাড়ি দিতে হয়। সেতুটি চালু হলে চরখালী ফেরিঘাট হয়ে দূরত্ব কমে প্রায় ১২২ কিলোমিটার হবে। এতে ৪০ থেকে ৪৫ কি.মি. পথ সাশ্রয় হবে। পাশাপাশি ফেরিঘাটে অপেক্ষার সময় কমায় যাতায়াতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় বাঁচতে পারে। পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির বলেন, পায়রা নদী পারাপারে বাস ও পণ্যবাহী ট্রাককে ফেরিঘাটে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়। সেতুটি চালু হলে যাতায়াত ও পণ্য পরিবহনে সময় সাশ্রয়ের পাশাপাশি মানুষের দুর্ভোগ কমবে।
শিক্ষার্থীর চিঠিতে আলোচনায় আসে সেতুর দাবি
পায়রা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে ২০১৬ সালে। ওই বছরের ১৫ আগস্ট পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস তৎকালীন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সেতু নির্মাণের অনুরোধ জানায়। ৮ সেপ্টেম্বর চিঠির জবাবে প্রধানমন্ত্রী তাকে সেতু নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেন।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছয়আনি গ্রামে যাতায়াতের সময় পায়রা নদী পারাপারে পরিবারের দুর্ভোগের অভিজ্ঞতা থেকেই শীর্ষেন্দু ওই চিঠি লিখেছিল। দীর্ঘদিনের প্রত্যাশিত সেতুটির নির্মাণকাজের ধীরগতি এখন নতুন করে উদ্বেগ তৈরি করেছে।