সাদুল্লাপুর থানা, গাইবান্ধা
সাদুল্লাপুর থানা, গাইবান্ধা। নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮) নামে দুই চাচাতো ভাই নিহত হয়েছে।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ছাদেকুল মন্ডলের ছেলে। সে স্থানীয় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর আব্দুল্লাহ মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সাথে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আব্দুল্লাহ মিয়া ও ডক্টরস ক্লিনিকে সামিউল ইসলাম মারা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।