বর্তমান সরকার দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী
বিরামপুরে শিক্ষাবৃত্তির অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. জাহিদ হোসেন : নয়া দিগন্ত।

হিলি প্রতিনিধি

Advertisement

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার দেশের মানুষের সেবা করার যে দায়িত্ব নিয়েছে, তারেক রহমানের নেতৃত্বে সে ধারাবাহিকতায় সরকার এবং আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল বিতরণ ও দুই হাজর ৫০০ কৃষকের মাঝে সার বিতরণকালে তিনি এ কথা বলেন। ডা: এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘এরই ধারাবাহিকতায়, আজ আমরা তাদের পাশে দাঁড়িয়েছি- যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কষ্ট পাচ্ছে (বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ), তাদের সেলাই মেশিন বা অন্য কাজের উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যেসব শিশু অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।’ 
মন্ত্রী আরো বলেন, ‘তাদের আবাসন সমস্যার সমাধানে ঘরবাড়ি তৈরি করে দেয়ার ব্যবস্থাও করা হচ্ছে। আপনাদের চাহিদা অনেক থাকলেও আমাদের এবং সরকারের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সে কারণে আপনাদের সমস্ত চাহিদা একসাথে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তবে খেয়াল করে দেখবেন, আমরা প্রতি মাসেই কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।’