
পর্দায় তিনি বলিউডের ‘কিং খান’ হলেও নিজের বাড়ির অন্দরমহলে শেষ কথা চলে কেবল স্ত্রী গৌরী খানেরই।
দুবাইয়ের এক জমকালো অনুষ্ঠানে নিজের পারিবারিক জীবনের এমনই মজার সব অভিজ্ঞতার কথা শুনিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল তুললেন সুপারস্টার শাহরুখ খান।
দুবাইয়ের মঞ্চে শাহরুখের অকপট স্বীকারোক্তি
গত ১১ নভেম্বর দুবাইয়ে নিজের নতুন আবাসন প্রকল্প ‘শাহরুখজ বাই ডানিউব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মাতা করণ জোহর। এই বিলাসবহুল আবাসন প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ হলো গৌরী খানের নকশা করা বিশেষ পেন্টহাউজ।
অনুষ্ঠানের মঞ্চে আড্ডার ছলে করণ জোহর জানতে চান, নিজের বাড়িতে এমন কোনো কাজ আছে কি না, যা করার অনুমতি শাহরুখ পান না?
প্রশ্নের উত্তরে অভিনেতার অকপট স্বীকারোক্তি, ‘নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।’ স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।
গৌরী খানের রাজত্বে যা যা নিষিদ্ধ
কথার সূত্র ধরেই স্ত্রী গৌরী খানের শাসনের কথা তুলে ধরে শাহরুখ বলেন, ‘বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনও কথা বলা চলে না। ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়ার অনুমতি নেই। বাড়ির রং, দেয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফ্ট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা, কোনো কিছু নিয়েই মন্তব্য করা যায় না। আমাদের শুধু চুপচাপ বসে থাকতে হয়। আর বলতে হয়, ‘গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ!’
দুবাইয়ের পেন্টহাউজ ও সন্তানদের নিয়ে মজার মন্তব্য
এখানেই থামেননি বলিউড বাদশা। দুবাইয়ের নতুন প্রকল্পে গৌরীর নকশা করা পেন্টহাউজ নিয়েও রসিকতা করেন তিনি।
শাহরুখ বলেন, ‘এখানে পেন্টহাউজে এলেও আমাকে একই কথা বলতে হবে। বলতে হবে, ‘গৌরী, কী সুন্দর পেন্টহাউজ বানিয়েছ!’
বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান এবং সুহানা নিজেদের মতো আনন্দ করি। কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আমাদের আর কোনো স্বাধীনতা থাকে না।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








