শত্রুকে কাছে টেনে নিজেকে রক্ষা করা যায় কি
সরদার ফরিদ আহমদ।


জামায়াত-এনসিপিকে মোকাবেলার রাজনীতি কি পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে? কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে। এ ঘটনা নিয়ে সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যে বিরোধ দেখা গেছে। একজন বলছেন, পেট্রলবোমা হামলা হয়েছে। অন্যজন বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো: রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘স্থানীয় প্রশাসনের তথ্য মতে, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।..... আশা করি, শিগগির অগ্নিসন্ত্রাসের সাথে সম্পৃক্ত আওয়ামী দুর্বৃত্তরা গ্রেফতার হবে। জুলাই গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত যে কারো ওপর হামলা, বাড়িঘর আগুনসহ আওয়ামী দুর্বৃত্তদের যেকোনো নাশকতাকে শক্তভাবে মোকাবেলা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীরা ন্যূনতম ছাড় পাবে না, ইনশাআল্লাহ। আওয়ামী অপশক্তিকে মোকাবেলা করতে সরকারের পাশাপশি গণ-অভ্যুত্থানের শক্তিগুলোকেও সজাগ থাকতে হবে।’
অন্য দিকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদন অনুযায়ী পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। পরিত্যক্ত পুরনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রশ্ন হচ্ছে, জনগণ কার বক্তব্য বিশ্বাস করবে? প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী যদি পেট্রলবোমা হামলার কথা নিশ্চিত করে থাকেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন তার বিপরীত বক্তব্য দিলেন? আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই যদি সঠিক হয়, তাহলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কিসের ভিত্তিতে আওয়ামী লীগকে দায়ী করলেন?
নুসরাত তাবাসসুমও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’
সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যে উল্লাস আমরা দেখেছি, এই ঘটনাকে কেন্দ্র করে এবং কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ, তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের দায়মুক্তি দিচ্ছেন এই সংসদে এসে’। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে কত ঘণ্টার মধ্যে দোষীদের তিনি শনাক্ত করে গ্রেফতার করবেন এবং বিচার করবেন; কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’
এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের বিষয়। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী ঘোষণা করা যায় না; কিন্তু তদন্তের আগেই একটি ঘটনাকে গুরুত্বহীন করে দেখারও সুযোগ নেই। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের সাথে যুক্ত একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠলে সরকারকে আরো সতর্ক হতে হয়। নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত জবাবদিহি নিশ্চিত করতে হয়; কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যগুলোতে একধরনের রাজনৈতিক অসংবেদনশীলতা দেখা যাচ্ছে। গত ১০ নভেম্বর জাতীয় সংসদে তিনি বলেন, দু-একটি ‘সিম্বলিক’ (বিচ্ছিন্ন) ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয়। অর্থাৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তিনি গুরুত্ব দিতে চাইছেন না। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। তার দায়িত্ব পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরা। সমস্যা থাকলে স্বীকার করা। সমাধানের উদ্যোগ নেয়া। রাজনৈতিক বক্তব্য দিয়ে বাস্তবতাকে আড়াল করা নয়। তবে কুষ্টিয়ার ঘটনাটি বিচ্ছিন্ন কি না, সেটি একমাত্র প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে বিএনপি সরকার আসলে কী করতে চায়?
আওয়ামী লীগের প্রশ্নে রহস্যজনক নীরবতা
সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বিএনপির অনেক নেতাকর্মীর বক্তব্যে আওয়ামী লীগের অতীত শাসন, লুটপাট, হত্যা, গুম, খুন কিংবা আয়নাঘরের প্রসঙ্গ খুব একটা আসে না। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়েও তাদের মধ্যে দৃশ্যমান আগ্রহ কম। তাদের রাজনৈতিক বক্তব্যের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও এনসিপি।
স্থানীয় পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মীর মুখে ‘বিএনপি-আওয়ামী লীগ ভাই ভাই’ স্লোগানও শোনা যাচ্ছে। এর মধ্যে একটি বিপজ্জনক রাজনৈতিক বার্তা আছে। যে আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, বিরোধী মত দমন করেছে এবং যার শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা জীবন দিয়েছে, সেই দলের সাথে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষার সাথে সাংঘর্ষিক।
টেলিভিশন টকশোগুলোতেও একই প্রবণতা চোখে পড়ে। অনেক আলোচনায় জামায়াত ও এনসিপিকে আক্রমণ করা যেন প্রধান উদ্দেশ্য। আওয়ামী লীগের অতীত শাসন, জুলাইয়ের হত্যাকাণ্ড কিংবা ফ্যাসিবাদী শাসনের দায় নিয়ে আলোচনা অনুপস্থিত। সাবেক আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ও সুবিধাভোগী হিসেবে পরিচিত কিছু ব্যক্তির উপস্থিতিও এ প্রশ্ন আরো জোরালো করছে। প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আক্রমণ করে জুলাই-পরবর্তী সংস্কারপ্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। অথচ বর্তমান সরকারের ভুলত্রুটি নিয়ে তাদের অনেকের মুখে সমালোচনা শোনা যায় না।
গণমাধ্যমে সরকারের সরাসরি হস্তক্ষেপ নেই- এমন দাবি করা হতে পারে; কিন্তু টেলিভিশন চ্যানেলগুলোর গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ ও সম্পাদকীয় অবস্থানের প্রশ্ন উঠছে। এসব অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন। তবে গণমাধ্যমের আলোচনা যদি পরিকল্পিতভাবে নির্দিষ্ট রাজনৈতিক শক্তির বিরুদ্ধে পরিচালিত হয় এবং পতিত আওয়ামী লীগের দায় আড়াল করে, তাহলে সেটি গণতান্ত্রিক জনপরিসরের জন্য উদ্বেগজনক।
জামায়াতবিরোধিতার আড়ালে কার স্বার্থ
নির্বাচনের আগে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল। এখন সংসদে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে; কিন্তু এই বাস্তবতা মেনে নিতে একটি মহলের অনীহা। কওমি আলেমদের একটি অংশের জামায়াত-শিবিরবিরোধী তৎপরতাও নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। অতীতে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যাদের অনেকের দৃশ্যমান অবস্থান ছিল না, তাদের এখনকার সক্রিয়তার রাজনৈতিক কারণ খতিয়ে দেখা প্রয়োজন।
জামায়াতের সাথে মতাদর্শগত বিরোধ থাকতে পারে। রাজনৈতিক সমালোচনাও গণতন্ত্রের অংশ; কিন্তু সেই বিরোধ যদি আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করার হাতিয়ার হয়, তাহলে তা গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতিকর। আলেম সমাজের মধ্যেও বিভাজন ও সঙ্ঘাত তৈরি হলে লাভবান হবে কারা? নিশ্চিতভাবে এতে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তি দুর্বল হবে। সেই সুযোগ নিতে পারে পতিত আওয়ামী লীগ।
প্রতিপক্ষকে কাছে টানার পরিণতি
রাষ্ট্রবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে- রাজনৈতিক আত্মীয়করণ। ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ও অবস্থান টিকিয়ে রাখতে কখনো প্রতিপক্ষের একটি অংশকে কাছে টানে। কখনো বিরোধী শক্তির নেতাদের সুবিধা দেয়। কখনো তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করে। সাময়িকভাবে এতে ক্ষমতাসীনদের সুবিধা হতে পারে; কিন্তু দীর্ঘমেয়াদে এর পরিণতি বিপজ্জনক হয়। এতে প্রকৃত রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলার বদলে তাদের পুনর্গঠিত হওয়ার সুযোগ তৈরি হয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক স্টিভেন লেভিটস্কি এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুকান ওয়ে তাদের গবেষণায় দেখিয়েছেন, কর্তৃত্ববাদী শাসকরা প্রতিদ্বন্দ্বীদের কো-অপটেশন বা আত্মীয়করণ, ভয় দেখানো এবং দমন-পীড়নের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখতে চায়। তাদের গবেষণায় আরো বলা হয়েছে, অসম রাজনৈতিক প্রতিযোগিতা, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ এবং বিরোধী দলকে দুর্বল করে দেয়ার মাধ্যমে ক্ষমতাসীনরা নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে।
এখানে তাদের গবেষণার একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রাসঙ্গিক। তারা দেখিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করা কিংবা আত্মীয়করণ করার প্রক্রিয়ায় বিরোধী রাজনৈতিক পরিসর কার্যত সঙ্কুচিত হয়ে যায়; কিন্তু এটি গণতন্ত্রকে শক্তিশালী করে না; বরং রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র অসম করে তোলে।
বিএনপি সরকারের বর্তমান রাজনৈতিক আচরণেও এমন একটি প্রবণতার আশঙ্কা দেখা যাচ্ছে। জামায়াত ও এনসিপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং সাবেক সহযোগীদের জন্য জায়গা তৈরি করা হলে সেটি হবে বড় রাজনৈতিক ভুল। যারা একসময় ফ্যাসিস্ট শাসনের সহযোগী ছিল, তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ফিরিয়ে দেয়ার চেষ্টা শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের অর্জনকেই দুর্বল করবে।
প্রশাসনে কারা জায়গা পাচ্ছে
প্রশাসন ও পুলিশেও নিয়োগ, পদায়ন এবং বদলি নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ আছে, জামায়াত-শিবিরের সাথে সংশ্লিষ্টতার সন্দেহে অনেক কর্মকর্তা ও আমলাকে ওএসডি করা হয়েছে। অন্য দিকে ছাত্রলীগের সাথে অতীত সংশ্লিষ্টতা আছে- এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। কারণ প্রশাসনে দলীয় পরিচয় বিবেচনা করে কাউকে শাস্তি দেয়া কিংবা কাউকে পুরস্কৃত করা- দু’টিই অন্যায়। কিন্তু আরো বড় কথা হলো, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা যেন নতুন করে দলীয়করণের শিকার না হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা নিয়েও উদ্বেগ আছে। বিভিন্ন এলাকায় নতুন কমিটি গঠন এবং ছাত্রদলের কিছু কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে সরকার ও গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা থাকা প্রয়োজন। শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। রাষ্ট্রের নিরাপত্তা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে তার জবাব দিতে হবে।
শেষ পর্যন্ত লাভবান হবে কারা
একটি বিষয় বিএনপি নেতৃত্বকে বুঝতে হবে। জামায়াত বা এনসিপিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা তাদের গণতান্ত্রিক অধিকার; কিন্তু সেই প্রতিপক্ষকে মোকাবেলা করতে গিয়ে আওয়ামী লীগের পুনরুত্থানের পথ তৈরি করা বুদ্ধিমানের কাজ নয়; বরং এতে বিএনপির নিজের রাজনৈতিক ভিত্তি দুর্বল হতে পারে।
বিএনপি যদি মনে করে, আওয়ামী লীগের সুবিধাভোগী ও সাবেক সহযোগীদের কাছে টেনে নিলে জামায়াত-এনসিপিকে দুর্বল করা যাবে, তাহলে তারা ভুল হিসাব করছে। ফ্যাসিবাদী রাজনীতি কোনো একটি দলের সমস্যা নয়। এটি রাষ্ট্রের জন্য বিপদ। আওয়ামী লীগের অতীত শাসনের দায় শুধু একটি রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেয়ার বিষয় নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, রাজনৈতিক নিপীড়ন, গুম, খুন এবং ভোটাধিকার হরণের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে অবস্থান নেয়া ছিল জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাক্সক্ষা।
আজ যারা সেই আকাক্সক্ষাকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ প্রশ্নে নীরব থাকছেন, তাদের মনে রাখা দরকার, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ক্ষমতার স্বার্থে পুরনো শক্তিকে জায়গা করে দিলে একসময় সেই শক্তি নতুন করে বিপদের কারণ হয়ে উঠতে পারে।
জুলাই বিপ্লব কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ছিল না। এটি ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের আকাক্সক্ষা। সেই আকাক্সক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করলে বিএনপিকেও একদিন জনগণের প্রশ্নের মুখোমুখি হতে হবে।
সবচেয়ে বড় কথা, জামায়াত-এনসিপি ঠেকাতে গিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে তোলার কোনো চেষ্টা যদি সত্যি চলতে থাকে, তাহলে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে। যে শক্তির বিরুদ্ধে লড়াই করে মানুষ জীবন দিয়েছে, সেই শক্তির জন্য নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করার অধিকার কি কারো আছে? নিশ্চয় নয়। শত্রুকে কাছে টেনে নিয়ে সাময়িক স্বস্তি পাওয়া যায়; কিন্তু সেই শত্রু আবার শক্তিশালী হয়ে উঠলে তার মূল্য দিতে হয় পুরো রাষ্ট্রকে। বিএনপি কি সেই বিপদের দিকে এগোচ্ছে? 
লেখক : সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন

Advertisement