
রাজধানীর বিমানবন্দরের ময়মনসিংহ হাইওয়ে স্কলাস্টিকা স্কুলে সামনে পাজেরো জিপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। তারা হলেন- মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার। তারা নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো: শফিকুল ইসলাম জানান, দুপুরে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে স্কলাস্টিকা স্কুলের সামনে মোটরসাইকেল করে দুইজন যাওয়ার সময় মোটরসাইকেলের পেছন থেকে একটি পাজেরো জিপ তাদেরকে ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তাদের দুজনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, ‘আমরা স্বজনের কাছে থেকে জানতে পারি নিহত দুজনই নির্মাণশ্রমিক। দুজন মোটরসাইকেল করে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক গাজীপুরের সদরের শফিকুল ইসলামের ছেলে এবং ফরিদুল গাইবান্ধা সদর জেলার মোহাম্মদ শহিদুল ইসলাম সরদারের ছেলে। তাদের দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক পাজেরো জিপটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। ঘাতক জিপটি সিসি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








