দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর। ভিডিও থেকে নেয়া

রাজধানীর মহাখালীতে খাবার পরিবেশনে দেরি হওয়ায় ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছেন একদল যুবক। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ও পুলিশের ভাষ্য, হামলাকারীরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে রেস্তোরাঁটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে উন্মত্তের মতো রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাদের থামানোর চেষ্টা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বনানী থানার টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলেও হামলাকারীদের থামাতে পারেনি। পুলিশের সামনেই রেস্তোরাঁর বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে দূরবীন বাংলার কর্ণধার সাফিন বেগ বলেন, প্রথমে এক যুবক রেস্তোরাঁয় আসেন। একটি চেয়ার খালি হলে তিনি সেখানে বসে পড়েন। অথচ ওই জায়গায় বসার জন্য আগে থেকেই একটি পরিবার অপেক্ষা করছিল। এ নিয়ে ওই পরিবারের সাথে যুবকের বাগ্বিতণ্ডা হয়।

সাফিন বেগ বলেন, ‘এ সময় আমাদের একজন কর্মী বিষয়টি মিটমাট করতে যান। যুবকটি সম্ভবত শিক্ষার্থী এটা বুঝতে পেরে তাকে অন্য একটি জায়গায় বসার ব্যবস্থা করে দেয়ার কথা বলেন কর্মী। কিন্তু এতেই তিনি ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।’

সাফিন বেগ আরো বলেন, ‘কিছুক্ষণ পর ওই যুবক কয়েকজনকে সাথে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের কর্মী খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে।’

ঘটনাস্থলে থাকা স্থানীয় এক বাসিন্দা জানান, প্রথমে কয়েকজন যুবক রেস্তোরাঁর কর্মীকে মারধর শুরু করেন। এ সময় ধস্তাধস্তিতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় বলে তার ধারণা। এরপর তারা এক থেকে দেড় শ’ তরুণকে ডেকে এনে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।

ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। রুহুল কবীর খান বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। সিসিটিভি ফুটেজ আছে। আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে খুঁজে বের করার কাজ করছি।’ তিনি রেস্তোরাঁর মালিক সাফিন বেগকে যত শিগগিরই সম্ভব রেস্তোরাঁটি খুলে দেয়ার পরামর্শ দেন। পাশাপাশি সেখানে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন।

ভিডিও লিঙ্ক : দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

উল্লেখ্য, দূরবীন বাংলার সকালের নাশতাসহ বিভিন্ন খাবার নিয়ে কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে ছুটির দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অনেকেই সেখানে নাশতা করতে যান। ভিড় এত বেশি থাকে যে, রেস্তোরাঁর বাইরে পর্যন্ত অপেক্ষমাণ মানুষের লাইন পড়ে। সিরিয়াল ধরে বসার জন্য অপেক্ষা করেন গ্রাহকেরা। এ কারণে অপেক্ষমাণ গ্রাহকদের জন্য আলাদা জায়গারও ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।