
সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুসারে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে।’ শুধু এতটুকু নয়; বরং অনুচ্ছেদ ৯৪ থেকে ১১৬ পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, বিচারক নিয়োগ, বিচারকের পদের মেয়াদ, অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের আসন, হাইকোর্ট বিভাগের এখতিয়ার, আপিল বিভাগের এখতিয়ার, সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার, সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা, কোর্ট অব রেকর্ডরূপে সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত থেকে হাইকোর্টে মামলা স্থানান্তর, অধস্তন আদালত প্রতিষ্ঠা ও তাতে নিয়োগ, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে বিধান উল্লেখ করা হয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধানের ২২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন।’ ১১৬ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে যে, ‘এই সংবিধানের বিধানাবলি সাপেক্ষে বিচার কর্ম-বিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন।’
মওদুদ আহমদের মতে, ১৯৭২ সালের সংবিধানে উল্লিখিত ‘নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের ধারণাটি একটি তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত হয়ে আসছে। আইনের শাসন প্রবর্তনের লক্ষ্যে ব্রিটিশ শাসনের উৎসসঞ্জাত এই বিচার বিভাগের পৃথকীকরণের দাবিটি দীর্ঘদিন ধরে উপমহাদেশের ইতিহাসে এক ব্যাপক রাজনৈতিক আন্দোলনের সৃষ্টি করে আসছিল। গণতন্ত্রপ্রেমিক প্রতিটি রাজনৈতিক দল এবং দেশে আইনের শাসন প্রবর্তনের লক্ষ্যে এই দাবি উত্থাপন করে আসছিলেন। ...এমনকি আইয়ুব খানের মতো কঠিন কেন্দ্রভিত্তিক সরকারও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।’
‘বিচার বিভাগ সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো, রাজনৈতিক দলগুলোর মতামত এবং গণভোটে প্রদত্ত রায়ের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য আছে। এখন যেহেতু সংবিধান সংশোধন বা সংস্কারের বিষয়টি একটি বড় ধরনের রাজনৈতিক বিতর্কে ঘুরপাক খাচ্ছে, সুতরাং চূড়ান্ত ফল দেখতে সবাইকে অপেক্ষা করতে হবে’
স্বাধীন বাংলাদেশের সব রাজনৈতিক দল সবসময় বিচার বিভাগের স্বাধীনতার কথা বেশ জোর দিয়ে বলে থাকে। তবে কোনো সরকার এই ব্যাপারে আন্তরিকতা দেখাতে পারেনি। ড. আকবর আলী খান বলেছেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন্ন রাখার জন্য সংবিধানে বিচার বিভাগকে অনেক মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু নির্বাহী বিভাগ এ ধরনের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করে।’ ২০১৬ সালের ২২ জানয়ারি বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দাবি করেন, নির্বাহী বিভাগ বিচার বিভাগের কাছ থেকে সব ক্ষমতা কেড়ে নিতে চাইছে। প্রধান বিচারপতির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ এ প্রসঙ্গে নিজাম আহমদের বক্তব্যটি বেশ প্রণিধানযোগ্য :
১৯৯১ সাল থেকে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করে আসা প্রধান দুটি রাজনৈতিক দল ক্ষমতায় আরোহণ এবং তা টিকিয়ে রাখার প্রতিযোগিতায় সমাজের প্রতিটি ক্ষেত্রে রাজনীতিকীকরণ করেছে। এমন কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর, যেখানে দলীয়করণের প্রভাব পরিলক্ষিত হয় না। বিচার বিভাগ, যা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত ছিল, ১৯৯১ সালে নতুন গণতান্ত্রিক যুগের সূচনার পর থেকে ক্রমশ তীব্র দলীয় সঙ্ঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বাংলাদেশের বিচারব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষতার সাথে বিচারকার্য সম্পন্ন করার ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের দৃষ্টিতে যে সব সীমাবদ্ধতা লক্ষ করা হয়েছে তা নিম্নরূপ :
ক. বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়ার প্রয়োজন হয় না। এ ব্যতিক্রমে নজিরের বাস্তবে কোনো তাৎপর্য নেই। কেননা, সাধারণত প্রধানমন্ত্রীর পছন্দসই ও বিশ্বস্ত দলীয় প্রার্থী রাষ্ট্রপতি পদে আসীন হন। কার্যত সংসদীয় সরকারব্যবস্থায় প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করেননি। বিগত কয়েক দশক ধরে প্রধান বিচারপতি নিয়োগে বিচার বিভাগে বিশেষত আপিল বিভাগের বিচারকদের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতা লক্ষ করা গেছে। সংবিধানে প্রধান বিচারপতি নির্বাচনের কোনো নির্দেশনা নেই। যদিও প্রথাগতভাবে আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারককে এই পদে নিয়োগ দেয়া হয়ে থাকে। তবে অতীতে বিশেষ করে সম্প্রতি এই প্রথা একাধিকবার লঙ্ঘন করা হয়েছে। জ্যেষ্ঠতা বা মেধার ভিত্তিতে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং আনুগত্যের বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। জ্যেষ্ঠতা লঙ্ঘনে একাধিক বিচারক বেঞ্চে বসতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
খ. হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারকরা নিয়োগ পান সংবিধানের অনুচ্ছেদ ৯৫ অধীনে বা অনুচ্ছেদ ৯৮ রাষ্ট্রপতিকে দুই বছর মেয়াদে অতিরিক্ত বিচারক নিয়োগের এখতিয়ার প্রদান করে। যদিও এ প্রক্রিয়াতে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করা জরুরি, তবে অনুচ্ছেদ ৪৮-এ উল্লিখিত প্রধানমন্ত্রীর মতামতের প্রাধান্য বিচার বিভাগের ভূমিকাকে ক্ষুণ্ন করে।
গ. সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি সাধারণত হাইকোর্টের বিচারকদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে করা হয়। তবে প্রধান বিচারপতি নিয়োগের মত বিচারকদের পদোন্নতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেয়ার প্রবণতা বেড়েছে। এর ফলে আনুগত্য নিশ্চিত করা হয় বা বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা হয়।
ঘ. অধস্তন শব্দটি বিচারব্যবস্থার ঔপনিবেশিক উত্তরাধিকার বহন করে চলেছে যা তীব্রভাবে অপছন্দনীয়। সহকারী বিচারক থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত সব বিচারক তাদের বিচারকার্যক্রমে স্বাধীন এবং কেউ কারো অধস্তন নয়। এ শব্দের একটি উপযুক্ত বিকল্প খুঁজে বের করা প্রয়োজন।
ঙ. অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ প্রধানত রাষ্ট্রপতির অধীনে আছে। কিন্তু রাষ্ট্রপতির কর্তৃত্বের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান বিচারকদের স্বাধীনতার প্রশ্নে মারাত্মক বাধা হয়ে দাঁড়িয়েছে। ১৯৭২ সালে সংবিধানে এ কর্তৃত্ব সুপ্রিম কোর্টকে দেয়া হয়েছিল। কিন্তু চতুর্থ সংশোধনীতে এ নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে এটি পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হয়নি। এমনকি ১৫তম সংশোধনী ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত হলেও তৎকালীন সংসদ এ বিশেষ সুপ্রিম কোর্টের প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি এড়িয়ে যায়।
চ. বিচারব্যবস্থার স্বাধীনতা মজবুত করতে বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসদার হোসেন মামলা নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে বিচার-ব্যবস্থার স্বাধীনতা কার্যকরের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এমন একটি সচিবালয় প্রতিষ্ঠা বিচারিক সিদ্ধান্ত গ্রহণের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে এবং অধিক স্বায়ত্তশাসিত বিচারিকব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্তব্য করা হয়, ‘বাংলাদেশের বিচার বিভাগ বিচারকদের নিয়োগে রাজনৈতিক প্রভাব, সরকারের নির্বাহী বিভাগের হস্তক্ষেপ, বিচারকদের বিরুদ্ধে দলীয় বিবেচনার শাস্তিমূলক ব্যবস্থার পক্ষপাতদুষ্ট প্রয়োগ এবং পক্ষপাতমূলক বিচারিক সিদ্ধান্তের দ্বারা জর্জরিত হয়েছে। যার সবগুলো বিচারব্যবস্থার স্বাধীনতা ও জবাবদিহিকে খর্ব করেছে। যদিও ২০০০ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন, বিচার বিভাগীয় পরিষেবাগুলোর প্রশাসনিক কার্যক্রম সরকারের নির্বাহী বিভাগের পরিবর্তে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। তবু বিচার বিভাগ এখনো একটি সত্যিকার স্বাধীন প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারেনি। কেননা, অধস্তন আদালত এখনো নির্বাহী বিভাগ নিয়ন্ত্রিত ও প্রভাবিত। বিচার বিভাগের আর্থিক স্বায়ত্তশাসনের ঘাটতি এবং প্রশাসনিক পরিচালন, লজিস্টিক ও অন্যান্য ব্যবহারের জন্য নির্বাহী বিভাগের উপর নির্ভরশীলতা এই পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে।’
অতীতে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সরকারের হাতে ছিল না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকারের হাতে এ ক্ষমতা দেয়া হয়।
আকবর আলী খানের মতে, সরকারের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল না। কিন্তু সম্প্রতি সংবিধান সংশোধন করে সে ক্ষমতা প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদকে দেয়া হয়। তবে পরে সংশোধন করে সিদ্ধান্ত নেয়া হয় যে বিচারপতিদের অপসারণ করতে হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পরিপ্রেরিত অভিযোগ তদন্ত করে যদি কাউন্সিল সুপারিশ করে বিচারপতি গুরুতর অসদাচরণের জন্য দোষী অথবা শারীরিক বা মানসিক কারণে তার দায়িত্ব সঠিকভাবে পালন অযোগ্য তবে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারবেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রধান বিচারপতি ও প্রবীণতম দু’জন বিচারপতি নিয়ে গঠিত হবে। কাজেই সংসদকে বিচারপতি অপসারণের ক্ষমতা দেয়া হয়নি। অতি সম্প্রতি বাংলাদেশ সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এই বিধান সংশোধন করেছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি দেয়া হয়েছে এবং অসদাচরণের জন্য বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদকে দেয়া হয়েছে। এর ফলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। জাতীয় সংসদে অপসারণের হুমকি দেয়া হলে সেটি অবশ্যই বিচারপতিদের প্রভাবিত করবে। সুতরাং পদায়ন অপসারণের নিয়মাবলি পরবর্তীত না করলে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন হতে পারবে না। এখানে উল্লেখ্য, বাংলাদেশ হাইকোর্ট অপসারণ-সংক্রান্ত সংবিধান সংশোধনীকে বেআইনি ঘোষণা করেছেন এবং বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।
জাতীয় ঐকমত্য কমিশন উল্লিখিত বিষয়গুলো বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করে। এর সাথে বেশির ভাগ দল একমত পোষণ করে। নিম্ন্নে তা তুলে ধরা হলো:
প্রধান বিচারপতি নিয়োগ প্রশ্নে সংবিধান এভাবে সংশোধন করা হবে যে, ১. সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। ২. আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করবেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জানায়।
আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ: ‘১. আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন। ২. তবে শর্ত থাকে যে, অসদাচরণ বা অসামর্থ্যরে অভিযোগের কারণে সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়া চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যাবে না।’ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ২৯টি রাজনৈতিক দল এবং জোট এতে সম্মতি জানায়। বিএনপি এ বিষয়ে নোট অব ডিসেন্ট প্রদান করে। দলটি উল্লেখ করে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম দু’জন বিচারপতির মধ্য থেকে যেকোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করবেন মর্মে বিধান সংযোজন করতে পারবে।
আপিল বিভাগের বিচারক সংখ্যা : সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, ‘আপিল বিভাগের বিচারক সংখ্যা বৃদ্ধি এবং প্রধান বিচারপতির চাহিদা মোতাবেক, সময়ে সময়ে, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করা যাইবে।’ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৩১টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জ্ঞাপন করে।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ : সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন (জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন-জেএসি) গঠন করা হইবে।’ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ২৯টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জ্ঞাপন করে। বিএনপি এ বিষয়ে নোট অব ডিসেন্ট প্রদান করে উল্লেখ করে, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ-সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়ন করা হবে।’
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন-সংক্রান্ত বিধান : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ কমিশন-সংক্রান্ত বিধানকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ২৮টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জ্ঞাপন করে। বিএনপি এ বিষয়ে নোট অব ডিসেন্ট প্রদান করে উল্লেøখ করে, ‘দলটি উল্লেখ করে যে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনি ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেমতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে’।
বিচার বিভাগের স্বাধীনতা : সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, ‘বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হইবে।’ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৩১টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জানায়।
সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ : ক. রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রধান বিচারপতি, সময়ে সময়ে, যে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারতেন তার পরিবর্তে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে এবং প্রধান বিচারপতি কর্তৃক প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা হবে। খ. উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ করা হবে।’ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জানায়।
বিচারকদের পদের মেয়াদ ও তাদের অপসারণ : সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বর্ণিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা ও তার এখতিয়ার বৃদ্ধি করা হবে। বিএনপি ও এনসিপিসহ ২৯টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জানায়। জামায়াতে ইসলামী ও জমিয়তে ওলামায়ে ইসলাম এর সাথে একমত পোষণ করেনি।
বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ : অধস্তন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার জন্য সংবিধানের অনুচ্ছেদ ১১৬ ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করা হবে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৩১টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জ্ঞাপন করে।
স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা : সংবিধানে এরূপ যুক্ত করা হবে, ‘সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট ও জেলা ইউনিটের সমন্বয়ে একটি স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস গঠন করা হইবে।’ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল ও জোট এতে সম্মতি জানায়।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলোর ক্ষেত্রে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। এছাড়াও বিচারকদের জন্য পালনীয় আচরণবিধি, সাবেক বিচারপতিদের জন্য পালনীয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস প্রতিষ্ঠা, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদফতরে রূপান্তর, বিচারক ও সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ, আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটালাইজ করা, আইনজীবীদের আচরণবিধি, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচন এবং বিচারকদের রাজনৈতিক আনুগত্যকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করার লক্ষ্যে আইন ও বিধিমালা প্রণয়ন বা সংশোধনের সুপারিশ করে। অধিকন্তু কমিশন আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ রহিত করা এবং মেডিয়েশনের বিধান সংবলিত ‘আইনগত সহায়তা ও মধ্যস্থতা সেবা প্রদান অধ্যাদেশ-২০২৫’ জারি করা এবং সালিশ আইন-২০০১ ও সংশ্লষ্ট অন্যান্য আইন সংশোধন করার পদক্ষেপ নেয়ারও সুপারিশ করে।
বিএনপি তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে— ১. আপিল বিভাগের জ্যেষ্ঠতম দু’জন বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রদানের বাধ্যবাধকতা নিশ্চিত কর হবে। ২. রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে প্রধান বিচারপতি প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন। ৩. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অধিকতর শক্তিশালী ও এর এখতিয়ার বৃদ্ধি করা হবে। ৪. অধস্তন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করা হবে। ৫. আইনের মাধ্যমে পর্যায়ক্রমে জেলা পর্যায়ে স্থায়ী প্রসিকিউশন/অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হবে।
দেখা যাচ্ছে যে, বিচার বিভাগ সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো, রাজনৈতিক দলগুলোর মতামত এবং গণভোটে প্রদত্ত রায়ের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য আছে। এখন যেহেতু সংবিধান সংশোধন বা সংস্কারের বিষয়টি একটি বড় ধরনের রাজনৈতিক বিতর্কে ঘুরপাক খাচ্ছে, সুতরাং চূড়ান্ত ফল দেখতে সবাইকে অপেক্ষা করতে হবে।
লেখক : গবেষক ও সাবেক সচিব
ayubmiah@gmail.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








