বক্তব্য রাখছেন হুইপ দুলু, (ডানে) আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বক্তব্য রাখছেন হুইপ দুলু, (ডানে) আখ মাড়াই মৌসুমের উদ্বোধন। নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে। নাটোরসহ দেশের সব চিনিকল টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে।’

Advertisement

তিনি বলেন, ‘দেশে চিনি উৎপাদন হয় বলেই সাধারণ মানুষ এখনো তুলনামূলক সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে পারছেন। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে। এছাড়া এসব চিনিকলের ওপর নির্ভর করে হাজার হাজার মানুষের জীবিকা। তাই দেশের স্বার্থে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।’

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: আখলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো: শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।

নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: আখলাছুর রহমান জানান, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ দিন মাড়াই কার্যক্রম চালিয়ে ৯০ হাজার মেট্রিক টন আখ থেকে পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ।

পরে প্রধান অতিথি হুইপ দুলু অন্যান্য অতিথিকে সাথে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে আনুষ্ঠানিকভাবে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর পর তিনি আবারো নাটোর চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এর আগে, শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলা শাখার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ির আনন্দ ভবনে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ দুলু।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বাংলাদেশী হিসেবে মিলেমিশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের সাথে আমাদের সবার পরিচয় জড়িয়ে আছে। বাংলাদেশী পরিচয় নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যেতে চাই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলা শাখার সভাপতি তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষ প্রমুখ।