ডিগ্রি আছে দক্ষতা কই? শুভ কর্মকার
ডিগ্রি আছে দক্ষতা কই? শুভ কর্মকার।


ক্লাস শেষ। করিডোরে দাঁড়িয়ে আড্ডা। কেউ বলছে, এই সেমিস্টারটা কিভাবে যে গেল, টেরই পেলাম না। আরেকজন হেসে বলে, টের পাইছি ভাই; কিন্তু কিছু শিখলাম নাকি? এই কথাগুলো খুব পরিচিত। বাংলাদেশের প্রায় প্রতিটা ক্যাম্পাসেই এমন আলাপ শোনা যায়। বিবিএ কিংবা বিএ পড়াশোনা চলছে নিয়ম মেনেই। ক্লাস, অ্যাসাইনমেন্ট, মিড, ফাইনাল সব আছে; কিন্তু বাস্তবে গিয়ে কাজ করার মতো দক্ষতা? সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। একুশ শতকে দাঁড়িয়ে চাকরির বাজার এখন আর আগের মতো নেই। এখানে শুধু ভালো রেজাল্ট বা সার্টিফিকেট যথেষ্ট নয়। এখন দরকার কাজ জানা মানুষ- যে প্রযুক্তি বোঝে, ডাটা বুঝতে পারে, সমস্যা বিশ্লেষণ করে সমাধান বের করতে জানে। অথচ বাস্তবতা হলো, আমাদের বেশির ভাগ কোর্স এখনো তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ। হাতে-কলমে শেখার সুযোগ খুবই কম। এই বাস্তবতার মাঝেই একটু আলাদা করে চোখে পড়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ। এমআইএস এমন একটা জায়গা, যেখানে শুধু বিজনেস বা শুধু আইটি এই আলাদা আলাদা ভাবনাটা নেই। এখানে শেখানো হয় কিভাবে ব্যবসার সমস্যাকে প্রযুক্তির সাহায্যে সমাধান করা যায়। এক দিকে ম্যানেজমেন্টের ধারণা, অন্য দিকে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যবহার- দুটো মিলিয়েই এমআইএস-এর পড়াশোনা। এই বিভাগে পড়লে বোঝা যায়, কোর্সের একটা বড় অংশই কম্পিউটার রিলেটেড। প্রোগ্রামিং, পাইথন, ডাটাবেজ, সিমুলেশন, ওরাকল, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেলিকমিউনিকেশন- এসব শব্দ শুধু সিলেবাসে লেখা থাকে না, ধীরে ধীরে ব্যবহার করাও শেখা হয়। ফলে শিক্ষার্থীরা পড়াশোনার মাঝেই প্রযুক্তির সাথে বাস্তব পরিচিতি গড়ে তোলে। এখানেই এমআইএস অন্য বিবিএ বিষয়গুলো থেকে আলাদা হয়ে যায়।
বাংলাদেশে এমআইএস নতুন কোনো ধারণা নয়। প্রথমবার এই বিভাগ চালু হয় ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সময়ের সাথে সাথে এর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হতে থাকে। এরপর ২০১৮ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং ২০২১ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে এমআইএস বিভাগ চালু হওয়া প্রমাণ করে- এই বিষয়ের চাহিদা দিন দিন বাড়ছে। এমআইএস-এর বড় শক্তি হলো- এটি শিক্ষার্থীদের শুধু মুখস্থবিদ্যার ওপর নির্ভরশীল করে না। এখানে শেখানো হয় বিশ্লেষণ করতে, ডাটা বুঝতে, সিস্টেম চিনতে এবং বাস্তব সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান বের করতে। ফলে পড়াশোনার সময়েই একটা বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়, যা অন্য অনেক বিষয়ে পরে গিয়ে অর্জন করতে হয়।
এ কারণেই এমআইএস থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের ক্যারিয়ার অপশন তুলনামূলকভাবে বিস্তৃত। কেউ কাজ করছে ডাটা অ্যানালিস্ট হিসেবে, কেউ সিস্টেমস অ্যানালিস্ট বা আইটি কনসালট্যান্ট হিসেবে। কেউ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিজের জায়গা তৈরি করছে। আবার অনেকেই ই-কমার্স, বিজনেস ইন্টেলিজেন্স বা আইটি ম্যানেজমেন্টের সাথে যুক্ত হচ্ছে। তবে এমআইএস-এর সবচেয়ে বড় অর্জন সম্ভবত অন্য জায়গায়। এই বিভাগ শিক্ষার্থীদের একটা আত্মবিশ্বাস দেয়- ‘আমি শুধু পাস করা একজন ছাত্র না, আমি কাজে লাগার মতো দক্ষতা রাখি।’ এই আত্মবিশ্বাসটা হঠাৎ করে আসে না। ক্লাস, ল্যাব, প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল কাজের ভেতর দিয়েই ধীরে ধীরে তৈরি হয়। অনেক শিক্ষার্থীই প্রথমদিকে বিষয়গুলোকে কঠিন মনে করে; কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারে- এই চ্যালেঞ্জটাই তাদের আলাদা করে গড়ে তুলছে।
যারা ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই ভাবতে চায়, যারা শুধু পরীক্ষার রুটিনে আটকে থাকতে চায় না, যারা পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা তৈরি করতে চায়- এমআইএস তাদের জন্য নিঃশব্দে একটা সুযোগ তৈরি করে রাখে। খুব বেশি প্রচার না করে, নিজের কাজ দিয়েই কথা বলার একটা পথ। হয়তো এই কারণেই এখন ধীরে ধীরে আলাদা করে আলোচনায় আসছে। ডিগ্রির ভিড়ে দক্ষতার খোঁজ করা শিক্ষার্থীদের কাছে- এটা আর দশটা বিষয়ের মতো না। 
লেখক : শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

Advertisement