খেলাঘরে ফিরুক শৈশব । মু: শফিকুল ইসলাম
খেলাঘরে ফিরুক শৈশব । মু: শফিকুল ইসলাম।

একসময় স্কুল মানেই শুধু বই-খাতা আর চক-ডাস্টার ছিল না; ছিল মাঠ, উঠোন, দৌড়ঝাঁপ আর দল বেঁধে খেলার অনাবিল উচ্ছ্বাস। ক্লাসের ফাঁকে কিংবা ছুটির ঘণ্টা বাজতেই শিশুরা ছুটে যেত খেলার মাঠে। কেউ গোল্লাছুট, কেউ দাঁড়িয়াবান্ধা, কেউ কুতকুত খেলত; আবার কেউ কেউ নিজেরাই বানিয়ে নিত নতুন কোনো খেলা। খেলতে খেলতেই তৈরি হতো নিবিড় বন্ধুত্ব, শিশুরা শিখত নিয়ম মানা, ধৈর্য ধরে অপেক্ষা করা এবং জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা। ছবির দৃশ্যটি যেন সেই হারিয়ে যেতে বসা শৈশবেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। কয়েকজন স্কুলছাত্রী গোল হয়ে দাঁড়িয়ে খেলায় মেতে উঠেছে। কারো মুখে হাসি, কারো চোখে জয়ের উত্তেজনা- তবে জয়ের চেয়ে যেন আনন্দটাই তাদের কাছে বড়। চার পাশে শ্রেণিকক্ষের চার দেয়াল, অথচ মেঝের ওপর আঁকা বৃত্তগুলোই মুহূর্তের মধ্যে হয়ে উঠেছে তাদের প্রিয় খেলার মাঠ। প্রকৃতপক্ষে, খেলার মাঠ সঙ্কুচিত হলে শৈশবও ছোট হয়ে যায়। আজকের শিশুর হাতে বইয়ের পাশাপাশি উঠেছে স্মার্টফোন, ট্যাব ও নানা ধরনের ডিজিটাল বিনোদন। প্রযুক্তি শিক্ষার নতুন দরজা খুলে দিয়েছে- এ কথা অস্বীকার করার উপায় নেই; কিন্তু অবসর পেলেই যদি শিশুর চোখ আটকে থাকে পর্দায়, আর শরীর-মন থেকে হারিয়ে যায় স্বাভাবিক খেলাধুলার প্রাণচাঞ্চল্য, তবে শৈশবের এক অমূল্য অংশই চিরতরে হারিয়ে যায়।
খেলাধুলা শিশুর শরীরকে সক্রিয় রাখে, মনকে প্রফুল্ল করে এবং সামাজিক দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে। দলগত খেলায় অংশ নিলে শিশুকে অন্যের মতামতকে শ্রদ্ধা করতে হয়, নিজের পালার জন্য অপেক্ষা করতে হয় এবং নিয়ম মানতে হয়। কখনো সে জেতে, কখনো বা হারে। এই জয়-পরাজয়ের মধ্য দিয়েই তার ভেতর গড়ে ওঠে ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতার মানসিকতা।
গ্রামবাংলার শৈশব একসময় ছিল আরো বেশি খেলামুখর। বিকেল নামলেই পাড়ার মাঠে জড়ো হতো শিশুরা। মাটির উঠোন, স্কুলের বারান্দা কিংবা বাড়ির পাশের ফাঁকা জায়গাই হয়ে উঠত খেলার মেলা। এর জন্য দামি কোনো সরঞ্জামের প্রয়োজন হতো না; সামান্য একটু জায়গা, কয়েকজন সমবয়সী বন্ধু আর অদম্য আনন্দই ছিল যথেষ্ট। কিন্তু সেই চিত্র আজ দ্রুত বদলে যাচ্ছে। খেলার মাঠ কমছে, উন্মুক্ত জায়গা সঙ্কুচিত হচ্ছে। কোথাও মাঠ দখল হয়ে গড়ে উঠছে স্থাপনা, কোথাও বা শিশুরা চার দেয়ালের ভেতরেই বন্দী হয়ে থাকছে। তার ওপর ডিজিটাল বিনোদনের সহজলভ্যতা শিশুদের অবসরকে অনেকটাই পর্দানির্ভর করে ফেলেছে। তাই বিদ্যালয়গুলোতে খেলাধুলার জন্য নির্দিষ্ট সময় ও পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বড় মাঠ না থাকলেও শ্রেণিকক্ষের উপযোগী কিছু দলগত খেলা, ছন্দের খেলা কিংবা মনোযোগ ও শারীরিক সমন্বয় বাড়ানোর নানা কার্যক্রম আয়োজন করা সম্ভব। ছবির এই খেলাটিই তার একটি সুন্দর উদাহরণ- সীমিত জায়গাকে বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার করেই শিশুদের আনন্দময় অংশগ্রহণ নিশ্চিত করা যায়। শিশুকে শুধু পরীক্ষার ফলাফলের জন্য প্রস্তুত করলে চলবে না; তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। বই তাকে দেবে প্রাতিষ্ঠানিক জ্ঞান, আর খেলাধুলার অভিজ্ঞতা তাকে শেখাবে সেই জ্ঞান ও জীবনকে আনন্দের সাথে ধারণ করতে। শিশুর হাসি, দৌড়ঝাঁপ, বন্ধুত্ব ও খেলাধুলার মধ্যেই লুকিয়ে থাকে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের বীজ। একটি শিশুর হাতে সবসময় শুধু স্মার্টফোন নয়- কখনো বল, কখনো লাফদড়ি, আবার কখনো চক দিয়ে আঁকা একটি গোলঘরও তুলে দিতে হবে। কারণ শৈশব কেবল বড় হওয়ার প্রস্তুতি নয়; শৈশব নিজেই জীবনের এক অমূল্য অধ্যায়।
আজ যে শিশুরা গোল হয়ে দাঁড়িয়ে হাসছে, তাদের এই নির্ভেজাল হাসি যেন ভবিষ্যতের ব্যস্ত জীবনে হারিয়ে না যায়। স্কুলের মেঝেতে আঁকা সেই সাদা বৃত্তগুলো তাই কেবল খেলার দাগ নয়- ওগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি শিশুর জন্য কিছুটা মুক্ত জায়গা রাখুন; যেন সেখানে তার রঙিন শৈশবটা বেঁচে থাকে চিরকাল। 

Advertisement