
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা। ভৈরব নদের তীরে দাঁড়িয়ে থাকা এই জনপদ আজো নীরবে বহন করে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি। প্রায় এক শতাব্দী ধরে সেই স্মৃতির অন্যতম দৃশ্যমান সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাটি ও ছনের তৈরি একটি আটচালা ঘর। অথচ এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতীয় কবির স্মৃতিবিজড়িত এই স্থানটি পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত হয়নি। নেই পরিকল্পিত পর্যটন অবকাঠামো, নেই গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপযোগী কোনো কমপ্লেক্স। কবির স্মৃতির সাথে জড়িয়ে থাকা ভৈরব নদের ঘাটটিও পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়।
কার্পাসডাঙ্গার মাটিতে নজরুলের পদচারণার ইতিহাস এক দিনের নয়। ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা অনুযায়ী, ১৯২৬ সালের দিকে কলকাতার আমহার্স্ট স্ট্রিটে অবস্থানকালে কার্পাসডাঙ্গার মহিম সরকার, হর্ষপ্রিয় বিশ্বাস ও বৈদ্যনাথ বাবুর সাথে কবির ঘনিষ্ঠতা তৈরি হয়। তাদের আমন্ত্রণেই কবি সপরিবারে কার্পাসডাঙ্গায় আসেন। বিভিন্ন সূত্রে ১৯২৬ ও ১৯২৭ সালে তার একাধিকবার এখানে আসার কথা উল্লেখ রয়েছে।
স্থানীয় ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, কলকাতা থেকে ট্রেনে দর্শনায় এসে সেখান থেকে গরুর গাড়িতে কার্পাসডাঙ্গায় পৌঁছে ছিলেন কবি। আবার কোনো কোনো সূত্রে নদীপথে আসার কথাও উল্লেখ রয়েছে। তবে পথ যেটিই হোক, কার্পাসডাঙ্গায় এসে নজরুল যে পরিবেশে সময় কাটিয়েছিলেন, তার স্মৃতি আজও বহন করছে এই জনপদ। কবি থাকতেন মিশনপাড়ার হর্ষপ্রিয় বিশ্বাসের বাগানবাড়ির আটচালা ঘরে। হর্ষপ্রিয় বিশ্বাস ছিলেন শিক্ষক, রাজনীতিক এবং তৎকালীন নদীয়া জেলা কংগ্রেসের সাথে যুক্ত নেতা। তার বাড়িটি সে সময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল হিসেবে পরিচিত ছিল।
নজরুলের সাথে ছিলেন স্ত্রী প্রমীলা দেবী, শাশুড়ি গিরিবালা দেবী এবং দুই সন্তান অরিন্দম খালেদ বুলবুল ও কাজী সব্যসাচী। মাটি ও ছনের তৈরি সেই ঘরের গুরুত্ব তাই তার স্থাপত্যে নয়, তার প্রতিটি পরতে জমে থাকা ইতিহাসে। স্থানীয়ভাবে প্রচলিত বর্ণনা অনুযায়ী, কবি এখানে প্রায় দুই মাস অবস্থান করেছিলেন। কোনো কোনো বর্ণনায় ১৯২৬ ও ১৯২৭ সালে দুই দফায় আরো দীর্ঘ সময় অবস্থানের কথাও পাওয়া যায়। এই ঘরেই কবির ব্যবহৃত খাট ও আলমারি সংরক্ষিত রয়েছে। হর্ষপ্রিয় বিশ্বাসের উত্তরসূরিরা নিজেদের উদ্যোগ ও অর্থে দীর্ঘদিন ধরে ঘরটি টিকিয়ে রেখেছেন কোনো রকম করে। অর্থাৎ, এটি নিছক একটি পুরনো কুড়েঘর নয়। একসময় এই ঘর ছিল কবির বিশ্রামের স্থান, অতিথিশালা এবং তৎকালীন রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পরিসর। কার্পাসডাঙ্গায় অবস্থানকালে ভৈরব নদের তীরে বাধানো সিড়ির ঘাট এবং ঝাউ ও দেবদারু গাছের ছায়াঘেরা স্থান ছিল কবির প্রিয় জায়গাগুলোর একটি এমন বর্ণনা স্থানীয় ইতিহাস ও গবেষণায় পাওয়া যায়। সেখানে বসে তিনি প্রকৃতি দেখতেন, গান করতেন এবং সাহিত্যচর্চা করতেন।
এই বাড়ির সাথে নজরুলের সাহিত্য ও সঙ্গীতচর্চার নানা স্মৃতিও জড়িয়ে আছে। কার্পাসডাঙ্গার সাথে ‘লিচু চোর’ ‘পদ্মগোখরো’সহ কিছু রচনা ও গানের স্মৃতি রয়েছে। মহিম সরকারের দুই মেয়ে আভা রানী সরকার ও শিউলী রানী সরকার নজরুলের কাছে গান শিখতেন, এমন তথ্যও স্থানীয় ইতিহাসভিত্তিক বর্ণনায় পাওয়া যায়। হর্ষপ্রিয় বিশ্বাসের বাড়িটি শুধু কবির থাকার জায়গা ছিল না; তৎকালীন স্বদেশী আন্দোলনের নেতাকর্মীদের বৈঠক ও বিশ্রামের স্থান হিসেবেও এটি ব্যবহৃত হতো বলে জানা যায়। ফলে এই আটচালা ঘর ও আশপাশের এলাকা নজরুলের সাহিত্যিক স্মৃতির পাশাপাশি সে সময়কার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসেরও সাক্ষী; কিন্তু সময় বদলেছে। বদলায়নি শুধু স্মৃতির ভার। প্রায় এক শতাব্দী পরও কার্পাসডাঙ্গায় নজরুলের স্মৃতিবিজড়িত স্থানে মূলত একটি আটচালা ঘর, একটি নামফলক এবং জরাজীর্ণ ও পরিত্যক্ত একটি ঘাটলা রয়েছে। যে ঘাটের ধাপে বসে কবি প্রকৃতি দেখতেন, গান, কবিতা রচনা, বিভিন্ন উপন্যাস লিখেছেন, যে পরিবেশ তার সৃষ্টিশীলতার স্মৃতি বহন করে, সেই ঘাটই আজ সংস্কারের অপেক্ষায়। সবচেয়ে বেদনাদায়ক বিষয়, এতদিন আটচালা ঘরটি টিকে আছে মূলত হর্ষপ্রিয় বিশ্বাসের উত্তরসূরিদের ব্যক্তিগত উদ্যোগে। খড় সংগ্রহ করে ছাউনি দেয়া থেকে শুরু করে ঘরটির দেখভাল, অনেকটাই তাদের নিজেদের অর্থ ও শ্রমের ওপর নির্ভরশীল। ২০১৫ সালে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে নজরুলের স্মৃতিফলক নির্মাণ করা হয়; কিন্তু একটি স্মৃতিফলক দিয়ে কি একজন জাতীয় কবির স্মৃতিকে ধারণ করা সম্ভব?
স্থানীয় নজরুলপ্রেমীদের দাবি, শুধু একটি ঘর সংরক্ষণ নয়, কার্পাসডাঙ্গাকে একটি পূর্ণাঙ্গ নজরুল স্মৃতি ও গবেষণাকেন্দ্রে রূপ দেয়া হোক। গড়ে তোলা হোক গবেষণা ইনস্টিটিউট, পাঠাগার, সাংস্কৃতিক কেন্দ্র ও পর্যটন সুবিধা। সংরক্ষণ করা হোক কবির স্মৃতিবিজড়িত ঘর, ঘাট ও আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলো। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন জানান, কার্পাসডাঙ্গায় কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থান ঘিরে ‘নজরুল স্মৃতি কমপ্লেক্স’ নির্মাণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি জানান, ভৈরব নদের তীরে কবি নজরুলের কবিতা রচনার ঐতিহাসিক ঘাটলাটি সংস্কারের পাশাপাশি সেখানে একটি দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। সংযোগ সড়ক উন্নয়ন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এবং পানি উন্নয়ন বোর্ডকেও চিঠি দেয়া হয়েছে। একটি শতবর্ষী ঘর হয়তো পুরো নজরুলকে ধারণ করতে পারে না; কিন্তু সেই ঘরের খাট, আলমারি, উঠোন, ভৈরবের ঘাটে বসে কবিতা গান, উপন্যাস লেখা, আর চার পাশের প্রকৃতি মিলিয়ে এখানে আজো যেন খুঁজে পাওয়া যায় এক তরুণ কবির পদচিহ্ন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








