সোনারোদের গল্প। ফরিদ আহমদ ফরাজী
সোনারোদের গল্প। ফরিদ আহমদ ফরাজী।


হেমন্ত কি শুধুই একটা ঋতু? না এটি একটি সোনারোদের গল্প। বাংলা সনের হিসেবে বছরে ছয়টি ঋতু। তার মধ্যে চতুর্থ ঋতু হলো হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ- এই দুই মাস তার। শরতের বিদায় আর শীতের আগমনের মাঝখানে হেমন্তের অবস্থান। হেমন্ত বড় লাজুক। তার কোনো হইচই নেই। গ্রীষ্মের মতো সে কাউকে পোড়ায় না, বর্ষার মতো ভেজায় না, শরতের মতো সাজগোজও করে না। সে আসে খুব চুপিচুপি, বিড়ালের মতো পায়ের শব্দ না করে। তাই অনেকেই তাকে খেয়ালই করে না; কিন্তু যে খেয়াল করে, সে তার প্রেমে পড়ে যায়।
ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ঘাসে হাঁটলে দেখা যায় পা ভিজে যাচ্ছে। ঘাসের ডগায়, লাউয়ের মাচায়, কলমি শাকের পাতায় হাজার হাজার শিশিরবিন্দু। রোদ পড়লে মনে হয় হাজারটা হীরা জ্বলছে। 
এই সময়ে ভোরের বাতাসে একটা হিম হিম ভাব থাকে। একটু শীত শীত লাগে। মা তখন বলে, চাদরটা গায়ে দে। এই মিষ্টি শীতই হলো হেমন্তের প্রথম চিঠি। হেমন্তের আসল রূপ দেখতে হলে যেতে হবে মাঠে। দিগন্ত জোড়া ধানক্ষেত। পাকা ধানের রঙে সব সোনালি। বাতাস বইলে সেই সোনালি ঢেউ খেলে যায়। এ দৃশ্য একবার দেখলে আর ভোলা যায় না।
এই সময় কৃষকের ঘরে ঈদ, পূজার আনন্দ। সারা বছরের কষ্ট সার্থক হয়। কাস্তে হাতে দল বেঁধে ধান কাটা শুরু হয়। ছোট ছেলেমেয়েরা পেছন পেছন ধানের ছড়া কুড়ায়। সন্ধ্যায় গরুর গাড়িতে করে ধানের বোঝা ঘরে আসে। গাড়ির চাকার ক্যাঁচক্যাঁচ শব্দ আর কৃষকের গান মিলে এক অদ্ভুত সুর তৈরি হয়।
আর তারপর? তারপর আমাদের প্রিয় উৎসব- নবান্ন। নতুন ধান ঘরে এলে সেই চাল দিয়ে হয় পিঠাপুলি, পায়েস, মুড়ি-মুড়কি আর খই। নতুন চালের ভাতের যে গন্ধ, তা পৃথিবীর কোনো পারফিউমে নেই।
হেমন্তে গাছেরাও বুড়ো হয়। আম, জাম, কাঁঠালগাছের পুরনো পাতা ঝরে যায়। শুকনো পাতা বাতাসে ঘুরতে ঘুরতে পড়ে। সেই পাতার ওপর দিয়ে হাঁটলে মচমচ শব্দ হয়। মনে হয় প্রকৃতি নিজেই গান গাইছে। এই সময় অতিথি পাখিরা আসতে শুরু করে। দূর দেশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসে আমাদের বিলেঝিলে। তাদের কলকাকলিতে ভোরের আকাশ ভরে যায়।
হেমন্তের সন্ধ্যা বড় মায়াবী। সূর্য ডোবার পরই হালকা কুয়াশা নামে। দূরের তালগাছ, মাঠ, বাড়িঘর সব ঝাপসা হয়ে আসে। মনে হয় কেউ যেন পাতলা সাদা আঁচল দিয়ে সব ঢেকে দিয়েছে। আকাশে তখন চাঁদ ওঠে। হেমন্তের চাঁদের আলো বড় নরম, অনেকটা গরম দুধের মতো।
কবি-সাহিত্যিকরা হেমন্তকে খুব ভালোবাসেন। জীবনানন্দ দাশ তার কবিতায় বারবার হেমন্তের বাংলায় ফিরে আসতে চেয়েছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’তে অপু-দুর্গার যে হেমন্তের মাঠে ছুটে বেড়ানো, তা আমরা কখনো ভুলব না। হেমন্ত আমাদের শেখায়- তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরো। ফসল বুনলেই হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়। তারপর একদিন সোনার ফসল ঘরে আসে। আমাদের জীবনটাও তেমন।
তাই এই হেমন্তে আমি একটা কাজ করি। বই-খাতা একটু সরিয়ে রেখে ভোরে উঠি। জানালার পাশে দেখি, শিউলি গাছে এখনো দু-একটা ফুল আছে কি না। কখনোবা একটু শিশির ছুঁয়ে দেখি। আর বুক ভরে নিই নতুন ধানের গন্ধ।  মনটা আপনা-আপনি ভালো হয়ে যায়। কারণ হেমন্ত মানে শুধু ঋতু নয়, হেমন্ত মানে পূর্ণতা, হেমন্ত মানে আমাদের সোনার বাংলার হাসি। 

Advertisement