সোনিয়া গান্ধির প্রেমের যাত্রায় ভারতে তোলপাড়
সৈয়দ আবদাল আহমদ।


ভারতীয় রাজনীতিতে একটি অলিখিত প্রবাদ চালু ছিল, ‘সোনিয়া গান্ধী বলেন কম, শোনেন বেশি; আর যখন বলেন, তখন দিল্লির মসনদে কম্পন শুরু হয়।’ অবশেষে সেই নীরবতা ভাঙলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার আত্মজীবনী ‘বিলংগিং : অ্যা জার্নি অব লাভ’।
বইটি বাজারে আসার আগেই সোনিয়া গান্ধী বেশ রসিকতা করে বলেছিলেন, ‘বইটা বেরোলে কিছু তামাশা তো হবেই!’ সে কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে। বইয়ের পাতা উল্টাতেই পাঠক থেকে শুরু করে ভারতীয় রাজনীতির রথী-মহারথীরা রীতিমতো নড়েচড়ে বসেছেন। বইয়ের নাম ‘অ্যা জার্নি অব লাভ’ বা ভালোবাসার যাত্রা হলেও, এর ভেতরে বারুদের গন্ধ কম নয়। ইতালির ছোট্ট এক শহর থেকে ক্যামব্রিজের প্রেম, আর সেখান থেকে ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বধূ হয়ে ওঠার গল্প সোনিয়া লিখেছেন অত্যন্ত আবেগঘন ভাষায়। 
পাঠকের বেশি কৌতূহল ছিল ২০০৪ সালের সেই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে। কেন তিনি প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে দেন? নটবর সিং থেকে শুরু করে বহু রাজনৈতিক বিশ্লেষক এতদিন এই প্রশ্নের উত্তর নিজেদের মতো করে দিয়েছেন। সোনিয়া যেন মৃদু হেসে কলমের খোঁচায় সেই সব জল্পনার জবাব দিয়ে বললেন, ‘অন্যরা দশকের পর দশক ধরে আমার গল্প বলেছে, এবার আমার পালা।’ 
বইটি প্রকাশিত হতেই শুরু হয়েছে পাল্টাপাল্টি তীর ছোড়া। এক দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণ নিয়ে সোনিয়ার পর্যবেক্ষণ, অন্য দিকে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে ২০১০ সালের একটি কথোপকথন নিয়ে তার মন্তব্য- সবমিলিয়ে দিল্লির চায়ের কাপে রীতিমতো ঝড় উঠেছে। প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখার্জি যেমন তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তেমনি ক্ষমতাসীন বিজেপি এই বইকে ইতিহাসের ‘হোয়াইটওয়াশিং’ বা অতীত ঢাকার চেষ্টা বলে কটাক্ষ করতে ছাড়েনি। 
সাধারণ পাঠকের কাছে এই বইটির আকর্ষণ কিন্তু অন্য জায়গায়। ভারতে নারী নেত্রীদের আত্মজীবনী লেখার চল খুব একটা নেই। ইন্দিরা গান্ধী বা জয়ললিতা কেউই পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখে যাননি। তাই সোনিয়া গান্ধীর বইটি ব্যতিক্রমী সংযোজন। আবার এটি যেন ভারতীয় রাজনীতির অন্দরমহলের ‘গোপন ডায়েরি’। বইয়ের দোকানে পাঠকের দীর্ঘ লাইন পড়েছে আর চায়ের আড্ডায় চলছে তুমুল তর্ক।

Advertisement

ভারতে ক্ষমতার অলিন্দের অজানা কথা
কংগ্রেস নেতৃত্ব এবং সোনিয়া গান্ধীর সমর্থকরা মনে করেন, দীর্ঘ কয়েক দশক ধরে তাকে নিয়ে যে রাজনৈতিক অপপ্রচার করা হয়েছে, সোনিয়া এই বইটিতে তার জবাব দিয়েছেন। অন্য দিকে বিজেপি এটিকে কংগ্রেসের ‘ইতিহাস বিকৃতির চেষ্টা’ এবং অতীত ‘পাপ আড়ালের কৌশল’ বলে কটাক্ষ করেছে। তারা বিশেষ করে ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থা, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা এবং বাবরি মসজিদ ধ্বংসের ইস্যুতে কংগ্রেসের দায় এড়ানোর চেষ্টার অভিযোগ তুলেছে। 
বইটিতে সোনিয়া গান্ধী তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ভারতের ক্ষমতার অলিন্দের অনেক অজানা অধ্যায় উন্মোচন করেছেন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের পর সোনিয়া গান্ধী কেন নিশ্চিত প্রধানমন্ত্রীর আসন ছেড়ে দিয়েছিলেন, তা নিয়ে ২২ বছর পর মুখ খুলেছেন। 
সোনিয়া দাবি করেছেন, ২০১০ সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সাথে পি চিদাম্বরমের তীব্র মতবিরোধ তৈরি হলে প্রণব মুখার্জি সোনিয়াকে বলেছিলেন যে ‘এবার শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে’। সোনিয়া একে প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হয়ার দীর্ঘদিনের সুপ্ত আকাক্সক্ষার ইঙ্গিত হিসেবে ধরে নেন এবং কৌশলে আলোচনা এড়িয়ে যান। 
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস (RSS)-এর কড়া সমালোচনা করেছেন সোনিয়া। লিখেছেন, মোদির রাজনৈতিক উত্থান মূলত বিশাল জনসংযোগ মেশিনারির দ্বারা অতিরঞ্জিত। পাশাপাশি গত এক দশকে ভারতের নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস ও ‘ভোট চুরি’র মাধ্যমে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করেন তিনি। 
প্রবীণ সাংবাদিক এন রামের নেয়া সোনিয়ার এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার ও পর্যালোচনায় বলা হয়েছে, এটি কেবল রাজনৈতিক বই নয়, বরং নিখাঁদ ভালোবাসার গল্প, যা ভারতের প্রতি গভীর মমতায় রূপ নিয়েছে। বইটিতে দেয়া রাজনৈতিক বার্তাগুলো আগামী ২০২৯ সালের নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে গণমাধ্যমের ধারণা। দ্য হিন্দু, আনন্দবাজারসহ ভারতের শীর্ষ পত্রিকাগুলো সোনিয়ার ক্যানসার যুদ্ধ এবং প্রণব মুখার্জির সাথে তার মনস্তাত্ত্বিক লড়াইয়ের খবরটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই বইয়ের প্রকাশনা ঘিরে তৈরি বিতর্কও সামনে এনেছে গণমাধ্যম। ‘পেঙ্গুইন হাউজ ইন্ডিয়া’ বই থেকে মোদি ও আরএসএস সংক্রান্ত কিছু অংশ বাদ দিতে বলায় সোনিয়া তা প্রত্যাখ্যান করেন। পরে ‘হার্পারকলিন্স ইন্ডিয়া’ বইটি প্রকাশ করে। 
সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে প্রণব মুখার্জির ‘প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত আকাক্সক্ষা’ নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও পারিবারিক বিতর্ক শুরু হয়েছে। 
সোনিয়া লিখেছেন, ‘হয়তো এবার শীর্ষ নেতৃত্বে (সরকারের শীর্ষে) পরিবর্তনের সময় এসেছে’ প্রণব মুখার্জির এই কথাটি শুনে তিনি চমকে উঠেছিলেন (shocked)। এই প্রস্তাব শোনার পর সোনিয়া গান্ধী কৌশলে আলোচনার প্রসঙ্গ ঘুরিয়ে দেন। তবে তিনি যোগ করেন, প্রণব মুখার্জি ক্ষুব্ধ বা হতাশ হলেও ব্যক্তিগতভাবে তার ওপর কখনো ক্ষোভ পুষে রাখেননি। সোনিয়ার এই দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। তিনি সোনিয়া গান্ধীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন : একজন রাজনীতিবিদের প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাক্সক্ষা থাকা কোনো অপরাধ নয়। তিনি মন্তব্য করেন, তার বাবাকে কেউ রাজবংশের উত্তরাধিকার বা থালায় সাজিয়ে প্রধানমন্ত্রীর পদ এনে দেয়নি, তিনি নিজের যোগ্যতায় তা অর্জন করতে চেয়েছিলেন। 
শাসক দল বিজেপি সোনিয়া গান্ধীর এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করছে। তাদের দাবি, নেহেরু-গান্ধী পরিবারের বাইরে প্রণব মুখার্জির মতো একজন যোগ্য ও দেশপ্রেমিক বাঙালি নেতাকে কংগ্রেস কিভাবে বারবার বঞ্চিত করেছে সোনিয়ার বই তারই প্রমাণ। প্রণব মুখার্জির পূর্বে প্রকাশিত ডায়েরি ও স্মৃতিকথা এবং সোনিয়া গান্ধীর বর্ণনার মধ্যে কিছুটা তথ্যের বৈপরীত্য বা ব্যাখ্যার পার্থক্য নিয়ে নতুন করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ২০১২ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ (UPA) সরকারের আমলেই প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করা হয়েছিল। তবে সোনিয়া গান্ধীর বইতে এই রাষ্ট্রপতি করার পেছনেও একটি গভীর রাজনৈতিক সমীকরণ এবং মনস্তাত্ত্বিক টানাপড়েনের কথা উঠে এসেছে, যা বর্তমান বিতর্কের মূল কেন্দ্রবিন্দু।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রণব মুখার্জি ভারতের অন্যতম অভিজ্ঞ সংসদ সদস্য ছিলেন। তিনি মনে মনে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা ও আকাক্সক্ষা রাখতেন (বিশেষ করে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর এবং ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর)। কিন্তু সোনিয়া গান্ধী ২০০৪ সালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন।
কংগ্রেসের ভেতরের এবং বাইরের অনেক সমালোচকের মতে, ২০১২ সালে প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করা ছিল এক ঢিলে দুই পাখি মারার কৌশল। দলের জন্য তার অসামান্য অবদান এবং সঙ্কটের সময় ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে ভূমিকার কারণে তাকে রাষ্ট্রপতি পদ দিয়ে পুরস্কৃত করা হয়। 
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী না করে সোনিয়া ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি মুখার্জির ছিল অতিরিক্ত দরদ। ১/১১-র জরুরি সরকার ক্ষমতায় আনা, তাদের দিয়ে শেখ হাসিনাকে কৌশলে ক্ষমতায় নিয়ে আসার অন্যতম ভূমিকা ছিল প্রণব মুখার্জির, যা তিনি তার বইতেই লিখে গেছেন। তার তৎপরতায় বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয় এবং দেশকে অতিমাত্রায় ভারত নির্ভরশীল হয়। প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হতে পারলে বাংলাদেশের কপালে যে আরো কতো দুর্ভোগ নেমে আসত, তা বোঝা যাচ্ছে।

ভালোবাসার যাত্রায় ঝুঁকি ও প্রশান্তি 
সোনিয়া গান্ধীর জন্ম ১৯৪৬ সালে ইতালির ভিসেনজার কাছে লুসিয়ানা নামে একটি ছোট গ্রামে, একটি সাধারণ রোমান ক্যাথলিক পরিবারে। তার পুরো নাম ছিল এদভিজে আন্তোনিয়া আলবিনা মাইনো (সোনিয়া মাইনো)। ১৯৬৫ সালে ১৮ বছর বয়সে ইংরেজি ভাষা শেখার জন্য তিনি ইংল্যান্ডের ক্যামব্রিজে যান। সেখানেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাজীব গান্ধীর সাথে তার পরিচয় হয়। তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে, যা পরে বিয়ের বন্ধনে রূপ নেয়। 
১৯৬৮ সালে রাজীব গান্ধীর সাথে বিয়ের পর সোনিয়া ভারতে চলে আসেন। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ও তার শাশুড়ি ইন্দিরা গান্ধীর নয়াদিল্লির বাসভবনে থাকতে শুরু করেন। ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারে প্রবেশ করলেও, সোনিয়া নিজেকে রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন।  
সোনিয়া গান্ধীর জীবনে অসীম ধৈর্যের পরীক্ষা শুরু হয় ১৯৮০-র দশক থেকে। রাজীবের ছোট ভাই সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর রাজীব অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে যোগ দিতে বাধ্য হন, যা সোনিয়া একদমই চাননি। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সকালে নিজের বাসভবনের বাগানেই ইন্দিরা গান্ধী তার দেহরক্ষীদের গুলিতে নিহত হন। সোনিয়া নিজেই প্রথম রক্তাক্ত শাশুড়িকে ধরে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর রাজীব গান্ধী ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হন। সোনিয়া একে একপ্রকার ‘মৃত্যুদণ্ড’ হিসেবে দেখেছিলেন, কারণ তিনি জানতেন রাজীবের জীবনও এখন ঝুঁকিতে। সোনিয়ার আশঙ্কাই সত্যি হয়। রাজীব গান্ধী নিহত হলে মাত্র ৪৫ বছর বয়সে সোনিয়া সম্পূর্ণ একা হয়ে পড়েন এবং দুই সন্তানকে নিয়ে গভীর শোকে নিমজ্জিত হন। স্বামী ও শাশুড়িকে হারানোর পর সোনিয়া দীর্ঘকাল নিজেকে জনসমক্ষ থেকে গুটিয়ে রাখেন। কিন্তু ১৯৯০-এর দশকের শেষের দিকে কংগ্রেস দল যখন চরম সঙ্কটে পড়ে এবং ভাঙনের মুখে দাঁড়ায়, তখন দলের নেতাদের অনুরোধে এবং নেহরু-গান্ধী পরিবারের আদর্শ রক্ষার্থে তিনি অনিচ্ছা সত্ত্বেও ১৯৯৮ সালে কংগ্রেসের সভাপতি হিসেবে হাল ধরেন। 
২০০৪ সালের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে কংগ্রেস জোট (UPA) দুর্দান্ত বিজয় অর্জন করে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এবং দলের শতভাগ সমর্থন থাকার পরও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং ড. মনমোহন সিংকে সেই পদে মনোনীত করেন। তার এই ত্যাগ ভারতীয় রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। বর্তমানে ৭৯ বছর বয়সে এসেও সোনিয়া গান্ধী ভারতের রাজনীতিতে এক পরম অভিভাবকের মতো। তিনি রাজ্যসভার সম্মানিত সদস্য। তার দুই সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র- উভয়ই বর্তমানে ভারতের সংসদ সদস্য। 
ব্যক্তিগত শোক ও রাজনৈতিক ঝড়ঝাপটা সহ্য করেও সোনিয়া গান্ধী যেভাবে ধৈর্য ধরে সন্তানদের বড় করেছেন এবং তাদের দেশের সেবায় নিয়োজিত করেছেন, তা প্রশংসনীয়। বর্তমানে রাজনৈতিক দায়িত্বের বাইরে নাতি-নাতনীদের সাথে সময় কাটানো এবং ভারতের শিল্পকলা ও সাহিত্যচর্চার মধ্যেই তিনি তার শান্ত ও সাদামাটা জীবনের প্রশান্তি খুঁজে নেন। 
লেখক : সিনিয়র সাংবাদিক (বর্তমানে সরকারের প্রধান তথ্য অফিসার)